বিশ্ববাজারে সোনার দাম আজ বাড়ল
বিশ্ববাজারে সোনার দাম আজ বাড়ল

আজ বাড়ল সোনার দাম, ভরিতে ২,২১৬ টাকা

আজ বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে রুপার দাম। ২২ ক্যারেটের, অর্থাৎ ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে।

বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে গত সোম ও মঙ্গলবার—এ দুই দিনে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছিল ৬ হাজার ৫৯০ টাকা।

নতুন দাম অনুযায়ী, আজ ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ভরিপ্রতি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

আজ মূল্যবৃদ্ধির আগপর্যন্ত সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা; ১৮ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরির দাম প্রায় ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এদিকে আজ রুপার দামও বেড়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে ৪ হাজার ৭৮২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।

এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাটের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।