২০২২ সালে ৪ হাজার ৫০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা বৈশ্বিক পোশাক রপ্তানির ৭.৯%। এর আগের বছর ছিল ৬.৪ %।

করোনা শেষে ঘুরে দাঁড়ানোর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চ্যালেঞ্জ, তারপরও বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অবস্থান শক্তিশালী হয়েছে। এতে বৈশ্বিক পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রাখার পাশাপাশি বাজার হিস্যা ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। এমনকি প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের চেয়েও বেশ এগিয়ে গেছে বাংলাদেশ।
গত বছর অর্থাৎ ২০২২ সালে ৪ হাজার ৫০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা বৈশ্বিক পোশাক রপ্তানির ৭ দশমিক ৯ শতাংশ। এর আগের বছর এই বাজার হিস্যা ছিল ৬ দশমিক ৪ শতাংশ।
অন্যদিকে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম গত বছর ৩ হাজার ৫০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। তাদের বাজার হিস্যা ৬ দশমিক ১ শতাংশ। ২০২১ সালে দেশটির বাজার হিস্যা ছিল ৫ দশমিক ৮ শতাংশ। ওই বছর ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের পোশাক রপ্তানি ৩০০ কোটি ডলার বেশি ছিল। গত বছর সেটি বেড়ে ১ হাজার কোটি ডলার হয়েছে।
‘বৈশ্বিক বাজারে হিস্যা বৃদ্ধি আমাদের তৈরি পোশাকশিল্পের শক্তিমত্তার পরিচয়। চীন এক নম্বর রপ্তানিকারক দেশ হলেও বৈশ্বিক রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাদের হিস্যা কমছে। তার প্রত্যক্ষ প্রভাব ভিয়েতনামেও পড়েছে। দেশ দুটির হারানো ক্রয়াদেশ বাংলাদেশে আসছে। সে কারণেই আমাদের বাজার হিস্যা বেড়েছে। বর্তমান বৈশ্বিক সমস্যার কারণে আমাদের রপ্তানি কমলে বাকি দেশগুলোরও কমবে। বৈশ্বিক রপ্তানি বাড়লে আমাদেরও বাড়বে নিঃসন্দেহে।’ফজলুল হক, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৩’ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ৩১ জুলাই প্রতিবেদনটি প্রকাশ করে ডব্লিউটিও।
জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে বৈশ্বিক বাজারে আমাদের পোশাক রপ্তানি ৬ শতাংশের ঘরে আটকে ছিল। বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও অবশেষে আমাদের বাজার হিস্যা বেড়েছে। এটি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য খুবই ইতিবাচক সংবাদ।’
প্রতিবেদন অনুযায়ী, বরাবরের মতো বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষ স্থানে রয়েছে চীন। দ্বিতীয় অবস্থানে আছে সম্মিলিতভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউভুক্ত দেশগুলো ১৫ হাজার ৬০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। যদিও একক দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক। আর তৃতীয় ভিয়েতনাম।
চীন, ইইউ, বাংলাদেশ, ভিয়েতনামসহ শীর্ষ ১০ রপ্তানিকারক দেশ গত বছর ৪৯ হাজার ২০০ কোটি বা ৪৯২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। অন্যদিকে ইইউ, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, চীন, কানাডা, কোরিয়া, রাশিয়াসহ শীর্ষ ১০ আমদানিকারক দেশ ৪৪ হাজার ২০০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে।
ডব্লিউটিওর তথ্যানুযায়ী, চীন গত বছর ১৮ হাজার ২০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এর আগের বছর তাদের রপ্তানি ছিল ১৭ হাজার ৬০০ কোটি ডলার। সেই হিসাবে গত বছর দেশটির রপ্তানি ৬০০ কোটি ডলার বেড়েছে। কিন্তু তাদের হিস্যা ১ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমে ৩১ দশমিক ৭ শতাংশ হয়েছে। তার কারণ, গত বছর শীর্ষ ১০ দেশের রপ্তানি ৩ হাজার ২০০ কোটি ডলার বেড়েছে। সেই হিসাবে চীনের রপ্তানি বৃদ্ধির হার তুলনামূলক কম।
বিশ্বে তৃতীয় ও চতুর্থ শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে তুরস্ক ও ভারত। তাদের মধ্যে তুরস্ক গত বছর ২ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। দেশটির হিস্যা সাড়ে ৩ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ভারত রপ্তানি করেছে ১ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক। তাদের বাজার হিস্যা ৩ দশমিক ১ শতাংশ।
আবার ফেরা যাক বাংলাদেশ প্রসঙ্গে। ২০২০ সালে করোনাকালে বাংলাদেশকে টপকে দ্বিতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক হয়ে যায় ভিয়েতনাম। এর কয়েক বছর আগে থেকেই বাংলাদেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতা চলছে। যদিও এক বছরের ব্যবধানে ২০২১ সালে তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামকে পেছনে ফেলে বাংলাদেশ।
বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে ৪ হাজার ৬৯৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয় ১০ দশমিক ২৭ শতাংশ। সেই ধারাবাহিকতায় চলতি অর্থবছরের প্রথম মাসে ৩৯৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের জুলাই থেকে সাড়ে ১৭ শতাংশ বেশি।
জানতে চাইলে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘বৈশ্বিক বাজারে হিস্যা বৃদ্ধি আমাদের তৈরি পোশাকশিল্পের শক্তিমত্তার পরিচয়। চীন এক নম্বর রপ্তানিকারক দেশ হলেও বৈশ্বিক রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাদের হিস্যা কমছে। তার প্রত্যক্ষ প্রভাব ভিয়েতনামেও পড়েছে। দেশ দুটির হারানো ক্রয়াদেশ বাংলাদেশে আসছে। সে কারণেই আমাদের বাজার হিস্যা বেড়েছে। বর্তমান বৈশ্বিক সমস্যার কারণে আমাদের রপ্তানি কমলে বাকি দেশগুলোরও কমবে। বৈশ্বিক রপ্তানি বাড়লে আমাদেরও বাড়বে নিঃসন্দেহে।’