খাবার

জনপ্রিয় হচ্ছে হিমায়িত খাদ্যপণ্য

এক দশক আগেও হিমায়িত খাদ্যপণ্যের বাজার ছিল ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক। এখন জেলা ও উপজেলা পর্যায়েও জনপ্রিয় হয়ে উঠছে।

দোকান থেকে কিনে শুধু গরম তেলে ভেজেই খাওয়া যাচ্ছে শিঙাড়া, সমুচা, চিকেন নাগেট, সসেজ, মিটবলের মতো অনেক মজাদার খাবার
ছবি: প্রথম আলো

নাগরিক জীবনে ব্যস্ততা বাড়ছে। হালকা নাশতা তৈরির জন্য রান্নাঘরে সময় দেওয়া অনেকের জন্যই কঠিন। সেই কঠিন কাজকেই সহজ করেছে মোড়কজাত হিমায়িত খাদ্য। দোকান থেকে কিনে শুধু গরম তেলে ভেজেই খাওয়া যাচ্ছে শিঙাড়া, সমুচা, চিকেন নাগেট, সসেজ, মিটবলের মতো অনেক মজাদার খাবার।

এক দশক আগেও হিমায়িত খাদ্যপণ্যের বাজার ছিল ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিভাগীয় ও জেলা শহর, এমনকি উপজেলা পর্যায়েও জনপ্রিয় হয়ে উঠছে হিমায়িত খাদ্য। তাতে পণ্যটির বাজার ধীরে ধীরে বড় হচ্ছে। সেই বাজার ধরতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎপাদনসক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগও করছে।

হিমায়িত খাদ্যের ব্যবসায়ীরা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় হিমায়িত খাদ্যের দাম বেড়েছে ৮-১০ শতাংশ। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমেছে। সে জন্য হিমায়িত খাদ্যের ভোক্তার সংখ্যা কমেছে। তবে দেশের সমাজব্যবস্থায় পরিবর্তন হচ্ছে। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে। অনেক পরিবারেই এখন স্বামী-স্ত্রী দুজনেই কর্মজীবী। ফলে আগামী দিনে হিমায়িত খাদ্যের ব্যবসা বাড়বেই।

‘করোনার পর আমাদের প্রত্যাশা ছিল হিমায়িত খাদ্যের বাজার দারুণভাবে ঘুরে দাঁড়াবে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ময়দা, ব্রয়লার মুরগিসহ বিভিন্ন কাঁচামালের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। দামের অস্থিরতার কারণে দেখা যাচ্ছে, অনেক পণ্যের বিক্রয়মূল্যের চেয়ে খরচ বেশি হয়ে যাচ্ছে। ফলে বর্তমানে হিমায়িত খাদ্যের ব্যবসা বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।’
শাকের শামীম, গোল্ডেন হারভেস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা

বর্তমানে দেশে হিমায়িত খাদ্যপণ্যের বাজার ৪৫০-৫০০ কোটি টাকার। প্রতিবছর এই বাজারের আকার কমপক্ষে ১৫ শতাংশ হারে বাড়ছে। বর্তমানে এই বাজারে গোল্ডেন হার্ভেস্ট, কাজী ফুড, এজি অ্যাগ্রো ফুড, প্রাণ, বেঙ্গল মিট, ইয়নসহ গোটা বিশেক প্রতিষ্ঠান রয়েছে। তারা দেশের পাশাপাশি বিদেশের বাজারেও পণ্য সরবরাহ করছে।

দেশে সবচেয়ে বেশি বিক্রীত হিমায়িত খাদ্যের মধ্যে রয়েছে পরোটা, সমুচা, শিঙাড়া, চিকেন সসেজ, চিকেন নাগেট ও মিটবল। আর যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইতালি, জাপান, সৌদি আরবসহ বিভিন্ন দেশে ময়দা ও সবজি দিয়ে তৈরি পরোটা, শিঙাড়া, আলুপুরি, ডালপুরি, স্প্রিং রোল সবচেয়ে বেশি রপ্তানি হয়ে থাকে।

ব্যবসায়ীরা জানান, কারখানায় কোনো একটি খাবার তৈরির পর প্রথমে ঠান্ডা করা হয়। তারপর তা ব্লাস্ট ফ্রিজারে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আড়াই থেকে তিন ঘণ্টা রেখে দেওয়া হয়। সেখান থেকে বের করে কোল্ড স্টোরেজ বা হিমাগারে মাইনাস ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। এই হিমাগার থেকেই চাহিদা অনুযায়ী পণ্য ফ্রিজার ভ্যানে করে দোকানে বা রেস্তোরাঁয় পাঠানো হয়।

হিমায়িত খাদ্যের ব্যবসায় অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড গোল্ডেন হারভেস্ট। বর্তমানে তারা পরোটা, সমুচা, শিঙাড়া, চিকেন সসেজ, চিকেন নাগেট, মিটবল, ফিশ বলসহ ৮২ ধরনের খাবার তৈরি করে। গত বছর তারা ১২০ কোটি ডলারের হিমায়িত খাদ্য বিক্রি করেছে। তার মধ্যে ৮ লাখ ডলারের হিমায়িত খাবার যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে রপ্তানি করেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কাঁচামালের দাম ৬০-৭০ শতাংশ বেড়ে গেছে। ফলে অনেক কোম্পানির পক্ষে মুনাফা করে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে চ্যালেঞ্জিং সময় পার করলেও হিমায়িত খাদ্যপণ্যের ভবিষ্যৎ খুবই ভালো।
তানভীর হায়দার চৌধুরী প্রথম, কাজী ফুড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)

জানতে চাইলে গোল্ডেন হারভেস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাকের শামীম প্রথম আলোকে বলেন, ‘করোনার পর আমাদের প্রত্যাশা ছিল হিমায়িত খাদ্যের বাজার দারুণভাবে ঘুরে দাঁড়াবে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ময়দা, ব্রয়লার মুরগিসহ বিভিন্ন কাঁচামালের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। দামের অস্থিরতার কারণে দেখা যাচ্ছে, অনেক পণ্যের বিক্রয়মূল্যের চেয়ে খরচ বেশি হয়ে যাচ্ছে। ফলে বর্তমানে হিমায়িত খাদ্যের ব্যবসা বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।’

চ্যালেঞ্জ থাকলেও ভবিষ্যতে ভালো সম্ভাবনা থাকায় গোল্ডেন হারভেস্ট গাজীপুরে বর্তমান কারখানার সম্প্রসারণ করছে। নতুন আরেকটি কারখানার জন্য ময়মনসিংহের ভালুকায় চার একর জমি কিনেছে। সিলেটে পোলট্রি ফার্ম করারও পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে শাকের শামীম বলেন, ‘ঢাকার বনানী ও সিলেটে ফ্র্যাঞ্চাইজি আউটলেট করেছি। চলতি বছরের মধ্যে এমন ৫০ ফ্র্যাঞ্চাইজি করার পরিকল্পনা হয়েছে। তাই বাড়তি চাহিদা মেটাতে আমরা বিনিয়োগ করছি।’

হিমায়িত খাদ্যের আরেক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রি। দেশের বাজারে তাদের কাজী ফার্মস কিচেন ব্র্যান্ডের ১৭০টি ফ্র্যাঞ্চাইজি আছে। সেখানে সমুচা, শিঙাড়া, আলুপুরি, ডালপুরি, চিকেন নাগেট, চিকেন সসেজ, মিটবল, চিকেন কাটলেট, ভেজিটেবল স্প্রিং রোলসহ বিভিন্ন ধরনের হিমায়িত খাদ্য পাওয়া যায়।

দেশের বাজারে তাদের ব্যবসা ২০-২২ শতাংশ হারে বাড়ছে। পাশাপাশি ১৩ দেশে হিমায়িত খাদ্য রপ্তানি করে প্রতিষ্ঠানটি। গত বছর তাদের রপ্তানির পরিমাণ ছিল ২০ লাখ মার্কিন ডলার।

কাজী ফুড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কাঁচামালের দাম ৬০-৭০ শতাংশ বেড়ে গেছে। ফলে অনেক কোম্পানির পক্ষে মুনাফা করে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে চ্যালেঞ্জিং সময় পার করলেও হিমায়িত খাদ্যপণ্যের ভবিষ্যৎ খুবই ভালো। কারণ, সমাজ বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবারের একাধিক সদস্য উপার্জন করছেন। তরুণেরা এই খাবার পছন্দ করছে। আগে শুধু ঢাকা ও চট্টগ্রামের মানুষ হিমায়িত খাদ্য কিনলেও এখন দেশের সর্বত্র ভালো সাড়া পাওয়া যাচ্ছে।