নভোএয়ার
নভোএয়ার

আপনার টাকা

৬ মাসের কিস্তিতে পাওয়া যাবে নভোএয়ারের টিকিট

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের টিকিট কেনা যাবে কিস্তিতে। মাসিক সর্বনিম্ন ১ হাজার ৫৬৭ টাকা কিস্তিতে ফিরতি টিকিট ক্রয়ের সুযোগ পাবেন যাত্রীরা। বেসরকারি বিমান পরিবহন সংস্থাটি সম্প্রতি এই সুবিধা চালু করেছে। নভোএয়ারের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু ফিরতি যাত্রার টিকিট নয়, সর্বনিম্ন ৫ হাজার টাকার এককযাত্রার টিকিটেও যাত্রীরা এই কিস্তি সুবিধা পাবেন। এসব কিস্তি পরিশোধের ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না।

নভোএয়ার জানিয়েছে, এই সুবিধা পেতে যাত্রীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় অফিসে গিয়ে টিকিট ক্রয় করতে হবে। এই সুবিধার আওতায় ছয় মাসের কিস্তিতে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন যাত্রীরা। এই সুবিধা দিতে দেশের শীর্ষ ব্যাংকগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে নভোএয়ার।

এ বিষয়ে নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ পথে যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই যাত্রীরা তাঁদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করার লক্ষ্যে নভোএয়ার নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা চালু করছে। তারই অংশ হিসেবে টিকিটের এই কিস্তি সুবিধা চালু করা হয়েছে।

নভোএয়ারের পক্ষ থেকে আরও জানানো হয়, সর্বনিম্ন ১ হাজার ৮১৮ টাকার মাসিক কিস্তি পরিশোধের মাধ্যমে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজও গ্রহণ করতে পারবেন যাত্রীরা। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার বিমান টিকিট (সব ধরনের করসহ) হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া–আসা ও সাহ্‌রি অথবা ইফতার সুবিধা থাকবে। এই সুবিধা উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুজনের জন্য প্যাকেজটি কিনতে হবে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর পথে উড্ডয়ন পরিচালনা করছে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ১৩৬০৩ নম্বরে। এ ছাড়া নভোএয়ারের ওয়েবসাইটেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।