নব্বইয়ের দশকে দেশে প্রথম টাইলস কারখানা গড়ে ওঠে। ২০০০ সালের পর টাইলস উৎপাদনে নতুন নতুন কারখানা স্থাপিত হয়। ফলে আমদানিনির্ভর টাইলসের বাজার ধীরে ধীরে দেশীয় কোম্পানির হাতে আসতে থাকে। বর্তমানে সিরামিক খাতের ৭০টি কোম্পানির মধ্যে ৩২টি টাইলসের।
প্রায় চার দশক আগে মুন্নু সিরামিকের হাত ধরে দেশে প্রথম সিরামিক পণ্য রপ্তানি শুরু হয়। তারপর একে একে অন্যান্য প্রতিষ্ঠানও এই তালিকায় যুক্ত হয়। রপ্তানি হওয়া সিরামিক পণ্যের মধ্যে টেবিলওয়্যার বা তৈজসপত্রই ৯৬ শতাংশ।
নব্বইয়ের দশকে দেশে প্রথম টাইলস কারখানা গড়ে ওঠে। ২০০০ সালের পর টাইলস উৎপাদনে নতুন নতুন কারখানা স্থাপিত হয়। ফলে আমদানিনির্ভর টাইলসের বাজার ধীরে ধীরে দেশীয় কোম্পানির হাতে আসতে থাকে। বর্তমানে সিরামিক খাতের ৭০টি কোম্পানির মধ্যে ৩২টি টাইলসের। এসব কারখানায় বিনিয়োগের পরিমাণ ১০ হাজার কোটি টাকার বেশি। তাদের বার্ষিক উৎপাদনক্ষমতা ২১ কোটি ৩৯ লাখ বর্গমিটার।
টাইলস রপ্তানিতে হাতেখড়ি হলেও পোক্ত জায়গা করতে পারেনি বাংলাদেশের কোম্পানিগুলো। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত ২০২১-২২ অর্থবছরে দেশ থেকে ৩২১ কোটি টাকার সিরামিক পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে তৈজসপত্রের হিস্যা ছিল ৩০৯ কোটি টাকা। আর টাইলস রপ্তানি হয়েছে মাত্র ৮ কোটি ৬৩ লাখ টাকার। তার আগের ২০২০-২১ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৮ কোটি ৮ লাখ টাকার টাইলস পণ্য। অবশ্য করোনার আগে ২০১৮-১৯ অর্থবছরে টাইলস পণ্যের রপ্তানি ছিল ১ কোটি টাকার নিচে।
টাইলস রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে থাকলেও পণ্যটির বৈশ্বিক বাজার কিন্তু অনেক বড়। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠানের প্রতিবেদন থেকে টাইলসের বিশ্ববাজার সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। সে রকমই একটি প্রতিষ্ঠান হলো মার্কেটস অ্যান্ড মার্কেটস। এই গবেষণাপ্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, ২০২২ সালে টাইলসের বৈশ্বিক বাজারের আকার ছিল ২২৮ বিলিয়ন বা ২২ হাজার ৮০০ কোটি ডলার। এই বাজার আগামী ২০২৭ সালে বেড়ে ৩২০ বিলিয়ন বা ৩২ হাজার কোটি ডলারে দাঁড়াবে। এর মধ্যে এশিয়া–প্যাসিফিকের বাজারই বড়।
টাইলস রপ্তানির জন্য দেশীয় কোম্পানিগুলো ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। তাদের মধ্যে অন্যতম একটি হলো গ্রেটওয়াল সিরামিকস। প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলার শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ২৫ একর জমিতে রপ্তানিমুখী একটি কারখানা করার উদ্যোগ নিয়েছে। দিনে ৪০ হাজার বর্গফুট আয়তনের টাইলস উৎপাদন সক্ষমতার এই কারখানা আগামী বছর উৎপাদনে আসবে।
জানতে চাইলে গ্রেটওয়াল সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমরা গত বছর যুক্তরাষ্ট্রে টাইলস রপ্তানি করেছি। বর্তমানে আমরা দুটি দেশের ক্রেতাদের সঙ্গে আলোচনা করছি। শিগগিরই হয়তো রপ্তানি শুরু হবে। আপাতত আমাদের গাজীপুরের কারখানা থেকেই আমরা টাইলস রপ্তানি করব। পরে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের নতুন কারখানা থেকে টাইলস রপ্তানি হবে।’ তিনি আরও বলেন, ‘ধীরে ধীরে আমাদের টাইলস রপ্তানিতে যেতে হবে।’
জানতে চাইলে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা প্রথম আলোকে বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক মানের টাইলস উৎপাদন করে। সেই টাইলস যেকোনো দেশে রপ্তানি হতে পারে। গ্যাসসংকটের কারণে দেশীয় চাহিদা পূরণ করতেই কোম্পানিগুলো হিমশিম খাচ্ছে। এই জায়গায় উন্নতি করতে পারলে বাংলাদেশ থেকে টাইলস রপ্তানি বাড়বে।
সিরাজুল ইসলাম মোল্লা আরও বলেন, ‘প্রতিযোগী অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে শ্রমিক সস্তা। গ্যাসের দামও পার্শ্ববর্তী দেশের তুলনায় কম। রপ্তানি বাড়াতে হলে আমাদের উৎপাদন ব্যয় কমাতে হবে।’