বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

মজুরি বৃদ্ধির আন্দোলন

শ্রমিকদের বিক্ষোভ কমছে, কারখানায় উৎপাদন শুরু

চার সপ্তাহের বেশি সময় ধরা চলা পোশাকশ্রমিকদের আন্দোলনের পর তৈরি পোশাকশিল্পের পরিস্থিতির উন্নতি হচ্ছে। গতকাল শনিবার রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভার এলাকার বেশির ভাগ পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন হয়। তবে বন্ধ থাকা অর্ধশতাধিক কারখানা পুরোদমে উৎপাদনে ফেরেনি ওই দিন। আজ রোববার পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে। তাতে বন্ধ থাকা কারখানার সংখ্যা কমে এসেছে।

কারখানা খুলতে পারায় ঢাকার মিরপুর, গাজীপুর ও সাভার–আশুলিয়ার পোশাকশিল্পের মালিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। যদিও কারখানাভেদে তিন সপ্তাহ পর্যন্ত উৎপাদন ব্যাহত হয়েছে এসব এলাকার কিছু কিছু কারখানায়। উৎপাদন বন্ধের সেই ক্ষতি কীভাবে সমন্বয় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন এসব কারখানার মালিকেরা। একাধিক শিল্পমালিক বলেন, বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানগুলো সময়মতো পণ্য চাইছে। কোনো কোনো প্রতিষ্ঠান সময় দিলেও তা পর্যাপ্ত নয়। ফলে উৎপাদন ও পণ্য জাহাজীকরণে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে।

শিল্প পুলিশ ও তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যানুযায়ী, শনিবার ঢাকার মিরপুর, গাজীপুর ও সাভার–আশুলিয়ার ৩৭টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। তার বাইরে ১২টি কারখানা ছুটি দিতে বাধ্য হয়। আর আজ ৩৪টি পোশাক কারখানা বন্ধ ছিল। তার মধ্যে রয়েছে মিরপুরে ১টি, গাজীপুরে ২২টি ও সাভার–আশুলিয়ায় ১১টি কারখানা। তার বাইরে সাভারের আশুলিয়ার ১টি কারখানা ছুটি দিয়ে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর একজন কর্মকর্তা জানান, বন্ধ থাকা কারখানাগুলোর অধিকাংশ আজ সোমবার খুলবে।

পরিস্থিতির উন্নতি হচ্ছে। পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক–দুই দিন সময় লাগবে। যারা শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ করেছিল, তারা ধাপে ধাপে কারখানা খুলছে।
—মাহমুদ হাসান খান, সভাপতি, বিজিএমইএ

গত মাসের শেষ সপ্তাহে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন বাড়তে থাকে। আন্দোলনের মুখে ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রথম সভা হয়। তারপরও আন্দোলন চলতে থাকে। তাতে মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়ায় প্রতিদিনই কয়েক শ কারখানার উৎপাদন ব্যাহত হতে থাকে। ১২ নভেম্বর থেকে শ্রম আইনের ১৩(১) ধারা ও অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করতে থাকেন পোশাকশিল্পের মালিকেরা। তার এক দিন পর বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা যৌথভাবে ঘোষণা দেন, শ্রমিকেরা কাজ না করলে কারখানা বন্ধ রাখতে পারেন মালিকেরা।

২৪ নভেম্বর গভীর রাতে বোর্ডের চতুর্থ সভায় ভোটের মাধ্যমে পোশাকশ্রমিকদের ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। চারটি গ্রেডে মজুরি বৃদ্ধি হয় ৩৬–৪৩ শতাংশ। পরদিন বুধবার শ্রমিকদের আন্দোলন তীব্র হলেও বৃহস্পতিবার কিছুটা কমে। গত শনিবার থেকে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দেখা যায় আন্দোলন চলা এলাকায়।

চলতি মাসে শ্রমিক আন্দোলনের কারণে আশুলিয়ার আল্পস অ্যাপারেলস গ্রুপের দুটি কারখানা ফ্যাশন ডট কম ও আল্পস অ্যাপারেলসের উৎপাদন যথাক্রমে ১৯ ও ১৭ দিন ব্যাহত হয়েছে। এতে ফ্যাশন ডট কম কারখানায় ৩ লাখ ৪২ হাজার পিস পোশাক উৎপাদন হয়নি। আর আল্পস অ্যাপারেলসের ক্ষেত্রে সংখ্যাটি প্রায় সাড়ে ৭ লাখ।

জানতে চাইলে আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান মনিরুল আলম আজ রোববার \Iপ্রথম আলো\Iকে বলেন, ‘দিনের পর দিন উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্রেতাপ্রতিষ্ঠানের কাছে বাড়তি সময় চেয়েছি। তারা সম্মতি দিলেও খুব কম সময়সীমা দিচ্ছে। ফলে সেটি মেনে পণ্য পাঠানো চ্যালেঞ্জিং।’

শ্রমিক আন্দোলনে গাজীপুরের বোর্ডবাজার এলাকার মোটেক্স ফ্যাশনের উৎপাদন বন্ধ ছিল পাঁচ দিন। তিন দিন আধা বেলা কাজ করে বের হয়ে যান শ্রমিকেরা। এতে করে প্রতিদিন চার হাজার থেকে সাড়ে চার হাজার পোশাক উৎপাদন ব্যাহত হয় কারখানাটির।

জানতে চাইলে মোটেক্স ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মাসুদ কবীর প্রথম আলোকে বলেন, ‘শ্রমিক আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ায় আমরা দুই সপ্তাহ পিছিয়ে গেছি। সময়মতো ক্রেতাপ্রতিষ্ঠানের পণ্য জাহাজীকরণ করতে পারিনি। এখন ক্রেতাপ্রতিষ্ঠান মূল্যছাড় বা উড়োজাহাজে পণ্য পাঠাতে বলছে। বিষয়টি নিয়ে এখন দর–কষাকষি করছি আমরা।’

শ্রমিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানার ওপর একটি জরিপ করেছে বিজিএমইএ। তাতে উঠে আসে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার (এফওবি মূল্যমান)। এ ছাড়া অস্থিরতার কারণে ২৫ কোটি ৪০ লাখ ডলারের সমপরিমাণ ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৫ টাকা) ৩ হাজার ১৭৫ টাকার সমান।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান \Iপ্রথম আলো\Iকে বলেন, ‘পরিস্থিতির উন্নতি হচ্ছে। পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক–দুই দিন সময় লাগবে। যারা শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ করেছিল, তারা ধাপে ধাপে কারখানা খুলছে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আমরা সরকারের প্রতিনিধিসহ বৈঠক করব। বাংলাদেশের ওপর আস্থা রাখতে ক্রেতাদের প্রতি আমরা আহ্বান জানাব।’