বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী বলেছেন, করোনাকালে ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হওয়ার কারণে প্রতিটি কারখানার গুদামে সুতার মজুতের পাহাড় জমেছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দার আশঙ্কায় ক্রয়াদেশ কম থাকায় আবারও কারখানায় সুতার মজুত বাড়ছে। বর্তমানে বস্ত্রকলগুলোতে ৩০০ কোটি টাকার অবিক্রীত সুতা রয়েছে। এ কারণে সুতার দামও ব্যাপকভাবে পড়ে গেছে।
রাজধানীর পান্থপথে বিটিএমএর কার্যালয়ে গতকাল সোমবার রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে অনেক ক্রেতাপ্রতিষ্ঠানের কাছ থেকে অনুসন্ধান আসতে শুরু করেছে।
ইডিএফ তহবিলের বিষয়ে বিটিএমএর সভাপতি বলেন, ১৯৮৮ সালে ৩০ কোটি ডলার দিয়ে ইডিএফ গঠন করে বাংলাদেশ ব্যাংক। পর্যায়ক্রমে এ তহবিলের আকার বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিটি মিলের অনুকূলে ইডিএফ থেকে আড়াই কোটি ডলার বরাদ্দ রয়েছে। সাধারণ কাঁচা তুলা, কৃত্রিম আঁশসহ রাসায়নিক আমদানি করতে মিলগুলো এই তহবিলের অর্থ ব্যবহার করে থাকে। রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক ও বস্ত্র খাতের আজকের যে অবস্থান, তার পেছনে ইডিএফের অসামান্য অবদান রয়েছে।
বিটিএমএর সভাপতি আরও বলেন, ‘আমরা মনে করি, অনৈতিক পন্থা অবলম্বনের মাধ্যমে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে কোনো প্রতিষ্ঠান ঋণ নিতে পারে না। কারণ, রপ্তানিমুখী কারখানাগুলো কেবল কাঁচামাল আমদানিতে ঋণসুবিধা নিয়ে থাকে। অথচ এই তহবিলের অর্থ আত্মসাৎ হয়েছে বলে অপপ্রচার করছে একটি মহল। তারা এই তহবিল বন্ধ করার তৎপরতাও চালাচ্ছে। এমন নেতিবাচক প্রচারণায় আমরা খুবই উদ্বিগ্ন।’ তৈরি পোশাক ও বস্ত্র খাতের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে ইডিএফ তহবিল থেকে ঋণ প্রদান অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
কয়েক মাস ধরে বস্ত্রকলগুলো গ্যাস-সংকটে ভুগছে। তাতে উৎপাদন ব্যাহত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে গ্যাস-সংকট কিছুটা কমেছে বলে জানান বিটিএমএর সভাপতি। তিনি বলেন, গাজীপুরে গ্যাস পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।