
করোনার কারণে বিশ্বব্যাপী স্বয়ংক্রিয় ও রোবোটিকস কাজের দ্রুত সম্প্রসারণ হওয়ায় বিশ্বব্যাপী বেড়ে গেছে কম্পিউটার চিপের সংকট।। করোনা মহামারিতে চীনের বিভিন্ন কারখানায় চিপের উৎপাদন কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়। পাশাপাশি চীন-তাইওয়ানের উত্তেজনার কারণে ভবিষ্যতে তাইওয়ানের সরবরাহব্যবস্থাও সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার গত আগস্ট মাসে নতুন আইন করেছে। ‘ক্রিয়েটিং হেল্পফুল ইনসেনটিভ টু প্রডিউস সেমিকন্ডাক্টর অ্যান্ড সায়েন্স অ্যাক্ট (সিএইচআইপিএসএস)’-এর আওতায় যুক্তরাষ্ট্র এই খাতে ২৮০ বিলিয়ন (প্রতি বিলিয়নে ১০০ কোটি) ডলার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলার রাখা হয়েছে যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টরের উৎপাদন ও গবেষণার ভর্তুকি হিসেবে।
সেমিকন্ডাক্টরশিল্পের তিনটি ধাপ রয়েছে। প্রাক্–ফ্যাব্রিকেশন পর্যায়ে রয়েছে নকশা প্রণয়ন, সিমুলেশনের মাধ্যমে টেস্টিং ও প্রোটোটাইপ নির্মাণ। এরপরই তৈরি হয় আসল চিপ, যা ফ্যাব্রিকেশন নামে পরিচিত। তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও যুক্তরাষ্ট্রে বিশ্বের অধিকাংশ চিপ তৈরি হয়। এর মধ্যে তাইওয়ান একাই ৫০ শতাংশ চিপ তৈরি করে। চিপ তৈরি হওয়ার পর সেগুলোকে সংযোজন, টেস্টিং ও প্যাকেজিং করা হয়ে থাকে (ফ্যাব্রিকেশনোত্তর বা পোস্ট ফ্যাব)। বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান বর্তমানে প্রাক্ফ্যাব্রিকেশন পর্যায়ে খুবই ছোট আকারে কাজ করছে। অন্যদিকে মালয়েশিয়ার মতো দেশ প্যাকেজিং ও সংযোজন খাতে যথেষ্ট উন্নতি করেছে। ২০২১ সালে এ খাত থেকে মালয়েশিয়া ৬৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় করেছে।
দেশে সেমিকন্ডাক্টরশিল্পের বিকাশের জন্য মালয়েশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার উদ্যোগ নিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। এ ব্যাপারে বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, সেমিকন্ডাক্টরকে বলা হচ্ছে ‘একুশ শতকের তেল’। এ খাতে মালয়েশিয়ার রয়েছে ৫০ বছরের অভিজ্ঞতা। অন্যদিকে বাংলাদেশ মাত্র দেড় দশক ধরে এই শিল্পে যুক্ত হয়েছে। আমাদের রয়েছে তরুণ ও দক্ষ জনগোষ্ঠী এবং ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার। তাই মালয়েশিয়ার সহায়তায় বাংলাদেশের সেমিকন্ডাক্টরশিল্পের বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে।
সম্প্রতি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীরের নেতৃত্বে একটি দল মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে এক যৌথ সভায় অংশ নেয়। মালয়েশিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওং সিউ হাই, স্কাই চিপের প্রতিষ্ঠাতা সুই কিয়াং ফং, তেসলভ সেমিকন্ডাক্টরের ভাইস প্রেসিডেন্ট জয়াসিলান ভেঙ্কটরমন প্রমুখ এ সভায় অংশ নেন। সভায় উভয় পক্ষ পারস্পরিক সহায়তার জন্য কয়েকটি বিষয় চিহ্নিত করে।
মালয়েশিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওং সিউ হাই প্রথম আলোকে ই-মেইলে জানান, আগামী পাঁচ বছরে বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে বার্ষিক ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে নতুন করে ফ্যাব্রিকেশন কারখানা প্রতিষ্ঠার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এতে বিশ্বে টেস্টিং সুবিধা ও সংযোজন কারখানার চাহিদা বাড়বে। ‘বাংলাদেশ দ্রুত সংযোজন সুবিধা চালু করে এই কাতারে যুক্ত হতে পারে’। তিনি মনে করেন, মালয়েশিয়া বাংলাদেশের প্রকৌশলীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তাদের মাধ্যমে ইন্টিগ্রেটেড সার্কিট ও এমবেডেড সিস্টেম ডিজাইনে যৌথভাবে কাজ করতে পারে।
বাংলাদেশের সেমিকন্ডাক্টরশিল্পের প্রতিষ্ঠান নিউরাল সেমিকন্ডাক্টরের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতে দ্রুত অগ্রগতির জন্য দরকার শিল্পবান্ধব ইকোসিস্টেম। এ শিল্প খাতটি অন্যান্য শিল্পের চেয়ে একটু আলাদা। এই খাতে দীর্ঘ মেয়াদে সফল হওয়ার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করতে হবে। এ জন্য সেমিকন্ডাক্টরশিল্পের জন্য আলাদা অ্যাসোসিয়েশন করা দরকার।’
এ ব্যাপারে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ নাদিম চৌধুরী। তিনি শিক্ষকতার পাশাপাশি এমআইটির ইইসিএস বিভাগে গবেষণা সহযোগী ও মিতসুবিশি ইলেকট্রিক, ফিনওয়েভ ইনকরপোরেট, নিউরাল সেমিকন্ডাক্টর ও গ্লোবাল ফাউন্ড্রির পরামর্শক হিসেবেও কাজ করছেন। তিনি মনে করেন, মালয়েশিয়ার সহায়তা নিয়ে বাংলাদেশ সেমিকন্ডাক্টর প্রক্রিয়াজাতকরণ প্যাকেজিং এবং টেস্টিং খাতে অবস্থান সুসংহত করে এগিয়ে যেতে পারবে। দেশের প্রকৌশলীরা মালয়েশিয়ার জন্য ভিএলএসই ডিজাইন, অ্যানালগ মিক্সড সিগন্যাল, সিমস-আরএফ, ফটো মাস্ক ডিজাইন ইত্যাদি সেবা সরবরাহ করতে পারে। এ ছাড়া মালয়েশিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে দক্ষ কর্মী ও গবেষণার পরিবেশ ও সুযোগ সৃষ্টি হবে।
এদিকে আগামী নভেম্বর মাসে বাংলাদেশি উদ্যোক্তাদের মালয়েশিয়ার সেমিকন্ডাক্টরশিল্প পরিদর্শনের মাধ্যমে উদ্যোগটিকে পরবর্তী পর্যায়ে উন্নীত করা যাবে বলে মনে করেন ডেপুটি হাইকমিশনার খোরশেদ এ খাস্তগীর।