পিডব্লিউসির লোগো
পিডব্লিউসির লোগো

পিডব্লিউসি ৫,৩১০ কোটি ডলার আয় করেছে

বিশ্বের শীর্ষস্থানীয় পেশাজীবী প্রতিষ্ঠান পিডব্লিউসি গত জুনে শেষ হওয়া ২০২২-২৩ অর্থবছরে ৫ হাজার ৩১০ কোটি মার্কিন ডলার আয় করেছে। এই আয় এর আগের অর্থবছরের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি।

পিডব্লিউসির বাংলাদেশ কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাশিয়ায় ব্যবসা গুটিয়ে নেওয়া এবং ২০২১-২২ অর্থবছরের শেষ প্রান্তিকে গ্লোবাল মোবিলিটি বিক্রি সত্ত্বেও সারা বছর ধরে রাজস্ব বেড়েছে।

পিডব্লিউসির গ্লোবাল চেয়ারম্যান বব মরিটজ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের অংশীজনদের উন্নতি এবং ভবিষ্যতের জন্য তাঁদের প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করতে যে মানসম্পন্ন পরিষেবা জোগান দেওয়া দরকার, সেগুলোকে গুরুত্ব প্রদান আমাদের জন্য আরও একটি সফল বছর অতিক্রম করতে সহায়তা করেছে। আমরা ১৭৫ তম বার্ষিকীতে এসেছি। আমরা আমাদের বিনিয়োগ চালিয়ে যাচ্ছি, কৌশলগত অধিগ্রহণ করছি। আমাদের কর্মশক্তি প্রসারিত হচ্ছে এবং একটি বিস্তৃত ও বৈচিত্র্যময় পরিসরে প্রতিভাবানদের আকর্ষিত করতে পেরেছি।’

বব মরিটজ আরও বলেন, ‘বিশ্বজুড়ে গ্রাহকদের সর্বোত্তম মানের পরিষেবা সরবরাহ এবং আমাদের সব সহকর্মীর ওপর গুরুত্ব প্রদানই আমাদের সাফল্যের ভিত্তি। গত অর্থবছরে আমাদের সহকর্মীরা যে কঠোর পরিশ্রম ও নিষ্ঠা দেখিয়েছেন, তার জন্য আমি গর্বিত।’