সোনা
সোনা

টানা চার দিন বৃদ্ধির পর আজ কমল সোনার দাম, ভরিতে ৯,২১৪ টাকা

টানা চার দিন বৃদ্ধির পর আজ দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। আজ দাম কমেছে ৯ হাজার ২১৪ টাকা। সেই সঙ্গে কমেছে রুপার দাম।

চলতি সপ্তাহের শনিবার দুই দফা দাম বাড়ানো হয়। দ্বিতীয় দফায় যে দাম বাড়ানো হয়, তা কার্যকর হয় রোববার থেকে। এরপর সোম ও মঙ্গলবার বাড়ানো হয় সোনার দাম। এই টানা চার দিন বৃদ্ধির পর আজ আবার কমল সোনার দাম।

এর আগে গত সপ্তাহে দুবার সোনার দাম বাড়ানো হয়। সেবার দুই দফায় সোনার দাম বাড়ানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। চলতি সপ্তাহে টানা চার দিনে সোনার দাম বেড়েছিল ভরিপ্রতি ১২ হাজার ১৩ টাকা। এরপর আজ ৯ হাজার ২১৪ টাকা কমল। ফলে সামগ্রিকভাবে এই সপ্তাহে সোনার দাম বেড়েছে ২ হাজার ৭৯৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ মঙ্গলবার সকালে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে; সে কারণে সোনার দাম বাড়ানো হয়েছে। যদিও মূল কারণ হলো বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া।

আজ ভালো মানের রুপার দাম ভরিপ্রতি ৬৪১ টাকা কমেছে। গতকাল ভালো মানের রুপার দাম ছিল ভরিপ্রতি ৭ হাজার ১৭৩ টাকা। আজ দাম কমে হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা; ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। এদিকে সোনার দামের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।

গত জানুয়ারি মাসের শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। এমনও হয়েছে, সকালে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে রাতে আবার কমানো হয়েছে। গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।

মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। মাঝের কিছুদিন সোনার দাম কমার পর গত দুই সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। এরপর দাম আবার কমছে।

যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার লেনদেনের শুরু পর্যন্ত সোনার দাম আউন্সপ্রতি ৯৫ ডলার কমেছে। ফলে সোনার দাম এখন আউন্সপ্রতি প্রায় ৫ হাজার ১৫৮ ডলার।

গত বছর থেকেই বিশ্ববাজারে সোনার দাম বাড়তি। গত ৩০ দিনে সোনার দাম বেড়েছে প্রায় ২০৪ ডলার। গত ছয় মাসে সোনার দাম বেড়েছে ১ হাজার ৫২৫ ডলার।