ঘরে বসে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা, জানা যাবে অগ্রগতিও

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

ভোক্তাদের অভিযোগ দায়েরের পদ্ধতি আরও সহজ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরকারি সংস্থাটি এবার নতুন ওয়েব পোর্টাল নিয়ে এসেছে, যার মাধ্যমে ঘরে বসে আগের চেয়ে দ্রুত অভিযোগ করা যাবে। শুধু তা-ই নয়, অভিযোগ কোন পর্যায়ে আছে, তা যাচাই করে দেখতে পারবেন অভিযোগকারীরা।

আজ বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ‘কনজ্যুমার কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিসিএমএস) বা ‘ভোক্তা অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক এই ওয়েব পোর্টাল ও সফটওয়্যার উদ্বোধন করেন। নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে ভোক্তারা এখন থেকে অভিযোগ করতে পারবেন।

মহাপরিচালক সফিকুজ্জামান বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভোক্তারা যেন সহজে অভিযোগ করতে পারেন এবং দ্রুত সেই সব অভিযোগ নিষ্পত্তি করা যায়, সে লক্ষ্যে ‘সিসিএমএস’ শীর্ষক এই ওয়েব পোর্টাল ও সফটওয়্যার তৈরি করা হয়েছে। বর্তমানে অধিদপ্তরে ৩ হাজার ৭৪৮টি অভিযোগ অনিষ্পন্ন অবস্থায় আছে, যা বিদ্যমান পদ্ধতিতে নিষ্পন্ন করা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। এই সফটওয়্যার ব্যবহার করে অনিষ্পন্ন অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করা যাবে। এতে ভোক্তারা আগের চেয়ে দ্রুত কাঙ্ক্ষিত সেবা পাবেন। এ সময় তিনি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ভোক্তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে সচেষ্ট হওয়ার তাগিদ দেন।

ভোক্তাদেরও নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে বলে মত দেন শফিকুজ্জামান। বলেন, সরাসরি অভিযোগ করার পরিবর্তে এখন এই পোর্টালের মাধ্যমে অভিযোগ করতে হবে। তাতে অধিদপ্তরের কাজ সহজ হবে। ভোক্তাদের কাছে সফটওয়্যারের কার্যকারিতা তুলে ধরার লক্ষ্যে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা আশা করেন তিনি।

অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, অভিযোগের ক্ষেত্রে অনেক কাগজপত্রের প্রয়োজন হয়। এ কারণে কাজ অনেক বেড়ে যায়। শুনানির জন্য তারিখ জানানো থেকে শুরু করে সবকিছু এখন অনলাইনের মাধ্যমে করা যাবে। সুতরাং মামলা কোন অবস্থায় আছে, তা যেকোনো সময় দেখতে পারবেন ভোক্তারা। এতে কাজের সমন্বয় সহজ হওয়ার পাশাপাশি দ্রুত মামলা নিষ্পত্তি হবে।

ভোক্তা অধিদপ্তরে সরাসরি এসে অভিযোগ করা যায়। হটলাইন নম্বরের মাধ্যমে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া দেয় তারা। এ ছাড়া ভোক্তাদের অভিযোগ গ্রহণে mygov.bd ওয়েবসাইটে একটি পাতা আছে। এটি সরকারি সব সংস্থার অভিযোগ করার পাতা। এই পাতাও থাকবে। ভোক্তা অধিদপ্তর এখন সরকারি এই পাতার সঙ্গে নতুন ওয়েবসাইটের সমন্বয় ঘটানোর চেষ্টা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা।