দেশের বাজারে আজ শনিবার সোনার দাম কমানো হয়েছে। আজ সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ৬৯১ টাকা। নতুন দর সকাল ১০টায় কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যহ্রাসের বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। যদিও মূল বিষয় হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া। একই সঙ্গে আজ রুপার দাম কমানো হয়েছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ একই হারে বাড়ানো হয়।
দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা; ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
আজ মূল্যহ্রাসের আগপর্যন্ত সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম প্রতিভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। প্রতি ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ২৯১ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪১ টাকা।
দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে এসেছিল। তারপর আবার বেড়ে যায়। সব মিলিয়ে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে সোনার বাজার।
গতকাল শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম অবশ্য বেড়েছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, গতকাল সোনার দাম আউন্সপ্রতি ২২ ডলার বেড়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সোনার দামে বেশ ওঠানামা লক্ষ করা গেছে। সামগ্রিকভাবে গত ৩০ দিনে সোনার দাম ৩৪৭ ডলার কমেছে।
সাধারণত অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বেড়ে যায়, কিন্তু এবার ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর সোনার দাম উল্টো কমেছে। গত ছয় মাসে বিশ্ববাজারে সোনার দাম কমেছে প্রায় ১২০ ডলার। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি স্পটমার্কেটে সোনার দাম প্রতি আউন্স সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ ডলারে উঠেছিল।