মেট্রো চেম্বারের মতবিনিময়

রাজনৈতিক স্থিতিশীলতা চান ব্যবসায়ী নেতারা

ব্যবসার স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার (এমসিসিআই) সভাপতি মো. সাইফুল ইসলাম।

এই ব্যবসায়ী নেতা বলেন, রাজনীতি সব সময়ই ব্যবসা-বাণিজ্যকে প্রভাবিত করে। করোনাকালে গত আড়াই বছরে পৃথিবীর অনেক দেশে আন্দোলন-সংগ্রাম হলেও বাংলাদেশ ছিল ব্যতিক্রম। সামাজিক বা রাজনৈতিক কোনো অস্থিরতা ছিল না দেশে। সামনে জাতীয় নির্বাচন আসছে। অতীতের মতো এবারও জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে কিছু অস্থিরতা দেখা যাচ্ছে। এটি স্বাভাবিক প্রবণতা। তবে আমরা প্রত্যাশা করব, আগামী দিনেও করোনাকালের মতোই শান্তি–শৃঙ্খলা বজায় থাকবে। রাজনীতিবিদেরাও সেদিকে নজর দেবেন।

অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে বৈশ্বিক করোনা পরিস্থিতি, ভূরাজনীতি ও জলবায়ু পরিবর্তন সহনীয় মাত্রায় থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়বে বলে মন্তব্য করেন এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম।

রাজধানীর মতিঝিলে এমসিসিআই কার্যালয়ে গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এমসিসিআই সভাপতি। এ সময় তিনি ব্যবসা সহজ করাসহ অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সভায় আরও উপস্থিত ছিলেন এমসিসিআইয়ের সহসভাপতি হাবিবুল্লাহ এন করিম, পরিচালক গোলাম মঈনুদ্দিন ও আদিব এইচ খান প্রমুখ।

মতবিনিময়ের শুরুতে এমসিসিআই সভাপতি ব্যবসা সহজীকরণ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘প্রতিবছর ট্রেড লাইসেন্স বা ব্যবসার সনদ নবায়নে প্রচুর সময় ও অর্থ ব্যয় করতে হয়। সে জন্য আমরা মাশুল না কমিয়ে তিন থেকে পাঁচ বছরের জন্য ব্যবসার সনদ নবায়ন করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানিয়েছি। সম্প্রতি এক বৈঠকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে প্রস্তাবটি দিলে তিনি তাৎক্ষণিক রাজি হন। তার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ বিষয়ে চিঠি দিই। তবে এখনো চিঠির উত্তর মেলেনি।’

ব্যবসা সহজীকরণের পাশাপাশি পণ্য সরবরাহ ব্যবস্থার উন্নতির ওপর জোর দেয় এমসিসিআই নেতারা। তাঁরা বলেন, লিড টাইমের (ক্রয়াদেশ প্রাপ্তি থেকে পণ্য জাহাজীকরণের সময়) কারণে আমরা প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে ফেলছি। বিশ্বব্যাংকের এক সমীক্ষায় বলা হয়েছে, সরবরাহ ব্যবস্থার সক্ষমতা যদি ১৭ শতাংশ বৃদ্ধি করা যায়, তাহলে ব্যবসা বাড়বে ৭ শতাংশ।