
বঙ্গবাজার কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ বিপণিবিতানের ৫ হাজার দোকানের ১৫ হাজার কর্মচারীর বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।
দাবি আদায়ে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের নেতা–কর্মীরা। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম। আরও বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক, ইউনিবিএলসির সমন্বয়কারী মোস্তফা কামাল, শ্রমিকনেতা কামরুল হাসান, হযরত আলী মোল্লা, মেহজাবীন মিতালী, দিদার হোসেন, কুলসুম আক্তার প্রমুখ। জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
শ্রমিকনেতারা বক্তব্যে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বঙ্গবাজারের ব্যবসায়ীরা সবকিছু হারিয়ে দিশাহারা। ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীকে জরুরি সহায়তার জন্য সরকার ও দেশি–বিদেশি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
এ ছাড়া ঈদের আগে সারা দেশের ৬০ লাখ দোকান কর্মচারীর বোনাস ও বেতন পরিশোধের জন্য বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রতি দাবি জানায় জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এ ছাড়া সারা দেশে দোকান কর্মচারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে দোকানের মালিক ও সকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা।
গত মঙ্গলবার সকালে বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বিপণিবিতানে। সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও বুধবার এনেক্সকো টাওয়ারে থেমে থেমে ধোঁয়া ও আগুন জ্বলে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবাজার কমপ্লেক্সের কিছু জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ফলে আগের দুই দিনের মতো গতকালও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেন। আজ ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে।