পাঁচ ধরনের সার কেনা হচ্ছে ১,১০২ কোটি টাকায়

সার
ফাইল ছবি

ইউরিয়া, ডিএপি, টিএসপি, মিউরেট-অব-পটাশ (এমওপি) ও ফসফরিক অ্যাসিড—এই পাঁচ ধরনের সার কেনা হচ্ছে ১ হাজার ১০২ কোটি টাকায়। বাংলাদেশি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) পাশাপাশি এসব সার কেনা হবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মরক্কো ও কানাডার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার বিভিন্ন প্রস্তাব অনুমোদিত হয়। প্রস্তাবগুলো ছিল শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

সংযুক্ত আরব আমিরাতের সান ইন্টারন্যাশনাল এফজেডই থেকে ৬০ কোটি ৯৬ লাখ টাকায় কেনা হচ্ছে ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড। দেশটির স্থানীয় এজেন্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট। চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড এ ফসফরিক অ্যাসিড কাজে লাগাবে।

আর কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে ১২০ কোটি ৪ লাখ টাকায় এবং সৌদি আরবের সাবিক অ্যাগ্রি নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে ১০৬ কোটি ২৫ লাখ টাকায়।  

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা’আদেন থেকে ৪০ হাজার টন ডিএপি সার ২২৯ কোটি ৩৩ লাখ টাকায় কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ ছাড়া মরক্কোর ওসিপিএসএ থেকে ১২৬ কোটি ৫৮ লাখ টাকায় ৩০ হাজার টন টিএসপি এবং ২৩৩ কোটি ৪৩ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

এদিকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৫০ হাজার টন এমওপি সার কেনা হচ্ছে ২২৫ কোটি ২৪ লাখ টাকায়।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে রাসায়নিক সারের বার্ষিক চাহিদা প্রায় ৫৭ লাখ ৫০ হাজার টন। এর মধ্যে ইউরিয়ার চাহিদা ২৬ লাখ টন, টিএসপির সাড়ে ৭ লাখ টন, এমওপি সাড়ে ৭ লাখ টন ও ডিএপির ১৬ লাখ ৫০ হাজার টন।