
নিজের একটি বাড়ি আর গাড়ি যেন সব মধ্যবিত্তের স্বপ্ন। কিন্তু মধ্যবিত্ত জীবনের এই স্বপ্নগুলো যেন স্বপ্নই থেকে যায়। একদিকে উচ্চমূল্যের কারণে একবারে কেনাও সম্ভব নয়, আবার ঋণে কেনা হলে দীর্ঘমেয়াদি সুদের চাপ—সব মিলিয়ে অনেকেই সিদ্ধান্ত নিতে দ্বিধায় থাকেন।
কিন্তু শরিয়াহ্সম্মত কাঠামোতে পরিচালিত ইসলামী ব্যাংকিং এই স্বপ্নপূরণের পথে একটি বিকল্প ও স্বস্তিদায়ক সমাধান তুলে ধরছে। বাংলাদেশে শরিয়াহ্ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে একাধিক বাণিজ্যিক ব্যাংক। এর মধ্যে অন্যতম হলো প্রাইম ব্যাংক পিএলসি। সুদভিত্তিক ঋণের পরিবর্তে এখানে ব্যবহার করা হয় মুরাবাহা, এইচপিএসএম, ইজারা কিংবা মুশারাকার মতো কাঠামো, যেখানে সম্পদভিত্তিক লেনদেন ও স্বচ্ছ চুক্তি প্রাধান্য পায়।
ইসলামী ব্যাংকিংয়ে সাধারণত ব্যাংক প্রথমে গ্রাহকের পছন্দের সম্পত্তি ক্রয় করে, তারপর নির্ধারিত মুনাফাসহ কিস্তিতে গ্রাহকের কাছে বিক্রি করে। এভাবে সম্পদটি বাস্তব লেনদেনের মাধ্যমে হস্তান্তরিত হয়। এতে সুদের অনিশ্চয়তা থাকে না। শুরুতেই মোট পরিশোধযোগ্য অর্থ নির্ধারিত থাকে। মধ্যবিত্ত ক্রেতাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। কারণ, তাঁরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে মাসিক কিস্তি ঠিক করে নিতে পারেন। অনেক ক্ষেত্রে ১০ থেকে ২০ বছর পর্যন্ত সময়সীমা থাকে, যা পারিবারিক আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক চাপ কমায়। পাশাপাশি সম্পদের ওপর যৌথ মালিকানার ভিত্তিতে ধীরে ধীরে পূর্ণ মালিকানা অর্জনের ব্যবস্থাও থাকে।
বাংলাদেশের আবাসন খাতে ইসলামী ব্যাংকিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটি শুধু ব্যক্তিপর্যায়ে ফ্ল্যাট বা বাড়ি কেনায় সহায়তা করছে না, বরং রিয়েল এস্টেট খাতেও স্থিতিশীল বিনিয়োগপ্রবাহ নিশ্চিত করছে। যেহেতু প্রতিটি লেনদেন সম্পদনির্ভর, তাই এখানে ঝুঁকি তুলনামূলক কম থাকে। দীর্ঘমেয়াদি নিরাপত্তার দিক থেকেও এই কাঠামো স্বচ্ছ। গ্রাহক জানেন কত কিস্তি, কত সময়, কত মূল্য। কোনো ভাসমান সুদের হার বা হঠাৎ বেড়ে যাওয়া আর্থিক বোঝা নেই। ফলে পারিবারিক বাজেট পরিকল্পনা সহজ হয়।
শুধু আবাসন নয়, ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক ব্যবহারের জন্য নতুন ও রিকন্ডিশন্ড গাড়ি কেনাতেও ইসলামী ব্যাংকিং কার্যকর ভূমিকা রাখছে। এখানে ব্যাংক গাড়ি ক্রয় করে গ্রাহকের কাছে কিস্তিতে হস্তান্তর করে। ব্যক্তিগত ব্যবহার কিংবা ব্যবসা—সব ক্ষেত্রেই আলাদা বিনিয়োগ পরিকল্পনা পাওয়া যায়। বাণিজ্যিক ক্ষেত্রে এই সুবিধা উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে সহায়ক। পরিবহন, ডেলিভারি সার্ভিস বা ক্ষুদ্র ব্যবসায় গাড়ি অত্যন্ত প্রয়োজনীয়। সুদবিহীন কাঠামোয় নির্ধারিত মুনাফার ভিত্তিতে কিস্তি পরিশোধ ব্যবসার নগদ প্রবাহের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা যায়।
ইসলামী ব্যাংকিংয়ের অন্যতম সুবিধা হলো নমনীয়তা। গ্রাহকের আয়, পেশা ও প্রয়োজন অনুযায়ী কিস্তির সময়সীমা ও পরিশোধের পদ্ধতি নির্ধারণ করা যায়। আগাম পরিশোধের ক্ষেত্রেও অনেক সময় বিশেষ সুবিধা থাকে।
এ প্রসঙ্গে প্রাইম ব্যাংক প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন ইসলামী ব্যাংকিং কর্মকর্তা মো. শহীদ উল্যাহ্ প্রথম আলোকে বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়ি ও গাড়ি বিনিয়োগে ঝুঁকি কমাতে আমরা প্রথম গ্রাহকের আয়ের উৎস, ব্যয়ের ধারা ও ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা বিস্তারিতভাবে মূল্যায়ন করি। ইসলামী ব্যাংকিং কাঠামোতে আমরা সুদভিত্তিক ঋণের পরিবর্তে মুরাবাহা, ইজারা কিংবা মুশারাকার মতো শরিয়াহ্সম্মত চুক্তি ব্যবহার করি, যেখানে সম্পদভিত্তিক লেনদেন এবং স্বচ্ছ শর্তাবলি প্রাধান্য পায়। গ্রাহকের ঋণ-আয় অনুপাত বিশ্লেষণ করে নিশ্চিত করা হয় যে মাসিক কিস্তি তাদের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। পাশাপাশি আমরা গ্রাহককে পরামর্শ দিই, যেন তাঁরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেন, যাতে ভবিষ্যতে অযথা ঝুঁকির মুখে না পড়েন।’
মো. শহীদ উল্যাহ্ আরও বলেন, ‘দীর্ঘমেয়াদি কিস্তি চলাকালে গ্রাহকের আর্থিক চাপে পরিবর্তন এলে আমরা পুনর্গঠন ও সহায়তার ব্যবস্থা রাখি। প্রয়োজনে কিস্তি পুনঃ তফসিলকরণ করা হয়, অর্থাৎ মাসিক কিস্তি কমিয়ে সময়সীমা বাড়ানো হয়। সাময়িক সংকটে গ্রেস পিরিয়ড বা স্থগিত সুবিধা দেওয়া হয়, যাতে গ্রাহক কিছু সময়ের জন্য আর্থিক চাপ থেকে মুক্ত থাকতে পারেন। আবার অনেক ক্ষেত্রে ঋণ পুনঃ অর্থায়ন করে নতুন শর্তে চাপ কমানো হয়। আমাদের বিশেষায়িত পরামর্শ কেন্দ্র গ্রাহককে বাজেট ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেয়। সব মিলিয়ে আমরা চাই গ্রাহক যেন শরিয়াহ্সম্মত ও স্বচ্ছ কাঠামোয় তাঁদের স্বপ্নের বাড়ি বা প্রয়োজনের গাড়ি কেনার পথে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে পারেন।’
স্বপ্নের বাড়ি বা প্রয়োজনের গাড়ি—উভয়ই জীবনের একটি বড় সিদ্ধান্ত। শরিয়াহ্সম্মত ও স্বচ্ছ কাঠামোয় পরিকল্পিত বিনিয়োগ সেই সিদ্ধান্তকে আরও নিরাপদ ও স্থিতিশীল করে তুলতে পারে। ইসলামী ব্যাংকিং তাই শুধু একটি বিকল্প নয়, বরং অনেকের জন্য এটি একটি আত্মবিশ্বাসী আর্থিক পথচলার মাধ্যমও বটে।