নেতৃত্ব বদলে আবারও গতি ফিরতে শুরু করেছে শেয়ারবাজারে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুরোনো বিনিয়োগকারীরা আবারও বাজারে সক্রিয় হতে শুরু করেছেন। তাতে আজ রোববার ঢাকার বাজারে লেনদেন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকা। সূচকও বেড়েছে। বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় কম্পিউটারের মনিটরে শেয়ারের দাম পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা। রাজধানীর কারওয়ান বাজারের একটি ব্রোকারেজ হাউসে
নেতৃত্ব বদলে আবারও গতি ফিরতে শুরু করেছে শেয়ারবাজারে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুরোনো বিনিয়োগকারীরা আবারও বাজারে সক্রিয় হতে শুরু করেছেন। তাতে আজ রোববার ঢাকার বাজারে লেনদেন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকা। সূচকও বেড়েছে। বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় কম্পিউটারের মনিটরে শেয়ারের দাম পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা। রাজধানীর কারওয়ান বাজারের একটি ব্রোকারেজ হাউসে

শেয়ারবাজারে নেতৃত্ব বদল, লেনদেন ও সূচকে গতি

* নতুন চেয়ারম্যান যেসব কোম্পানিতে ছিলেন, সেগুলোর দাম বেড়েছে বেশি।

* সবচেয়ে বেশি বেড়েছে ক্রাউন সিমেন্টের শেয়ারের দাম।

* খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বিমা খাত।

* সবচেয়ে বেশি লেনদেন ডমিনেজ স্টিলের।

শেয়ারবাজারে নেতৃত্ব বদলের সঙ্গে সঙ্গে লেনদেনেও বড় উত্থান হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত প্রায় ২২ মাসের মধ্যেই এটিই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের ১১ আগস্ট ঢাকার বাজারে সর্বোচ্চ ২ হাজার ১০ কোটি টাকার লেনদেন হয়েছিল।

গত বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পুনর্গঠন করা হয়। ওই দিন সকালে পদত্যাগ করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োগ পাওয়া রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। আর দুপুরের পর বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বহুজাতিক কোম্পানির শীর্ষ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করা মাসুদ খান। বহুজাতিক বিভিন্ন কোম্পানির শীর্ষ পদে দায়িত্ব পালনের পাশাপাশি বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি দেশীয় কোম্পানি ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী ছিলেন। চেয়ারম্যানের পাশাপাশি নতুন তিনজন কমিশনারও নিয়োগ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে বদল আনে বিএনপি সরকার। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এই নেতৃত্ব বদলকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন। নতুন নেতৃত্ব প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আবারও আশার সঞ্চার করেছে। যার প্রতিফলন আজ সূচক ও লেনদেনে দেখা গেছে।

বৃহস্পতিবার বিএসইসির নতুন নেতৃত্ব যখন দায়িত্ব গ্রহণ করে, ততক্ষণে ওই দিনের লেনদেন শেষ হয়ে যায়। সেই হিসাবে নতুন নেতৃত্বের অধীনে আজই ছিল প্রথম কার্যদিবস। আর এই দিনই ঢাকার বাজারের লেনদেন হয়েছে ১ হাজার ৫২৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৭৭ কোটি টাকা বা ১৩ শতাংশ বেশি। লেনদেনের পাশাপাশি এদিন বাজারে সূচকও বেড়েছে। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৪১ পয়েন্ট বেড়ে আবারও সাড়ে ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। আজ দিন শেষে ডিএসইএক্স সূচকটি বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫১৬ পয়েন্টে। তিন মাসের মধ্যে এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ২ মার্চ ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ৫৩৪ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।

কয়েক দিন ধরে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। একসময় যাঁরা বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তাঁদের অনেকে আবার নতুন টাকা বিনিয়োগ করতে শুরু করেছেন।
—শাকিল রিজভী, সাবেক পরিচালক, ডিএসই

বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকার বাজারে আজ মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল ক্রাউন সিমেন্ট। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বা ৫ টাকা ২০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ টাকায়। বিএসইসিতে যোগদানের আগে মাসুদ খান কোম্পানিটির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এ কারণে আজ কোম্পানিটির শেয়ারের প্রতি ছিল বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ। এ ছাড়া ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের শেয়ারের দামও এদিন প্রায় ৩৭ টাকা বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৪ টাকা। দীর্ঘদিন এই কোম্পানিরও চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন মাসুদ খান। এ ছাড়া বেড়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বার্জার পেইন্টস, গ্রামীণফোন, লিনডে বাংলাদেশ, লাফার্জহোলসিম সিমেন্ট, ম্যারিকো এবং রেকিট বেনকিজারের মতো বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম। একসময় মাসুদ খান লাফার্জহোলসিমের শীর্ষ পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পাশাপাশি তালিকাভুক্ত বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক হিসেবেও তিনি বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ফলে শেয়ারবাজারের শীর্ষ পদে মাসুদ খানের নিয়োগকে কেন্দ্র করে তিনি যেসব কোম্পানির দায়িত্বে ছিলেন, সেসব কোম্পানির শেয়ারের বড় ধরনের উত্থান দেখা গেছে আজ।

ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১২ টাকা বা প্রায় ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২২ টাকা। তাতে ডিএসইএক্স সূচকটি বেড়েছে প্রায় ৭ পয়েন্ট। সূচকের উত্থানে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। এদিন কোম্পানিটির শেয়ারের ২ টাকা মূল্যবৃদ্ধিতে ডিএসইএক্স সূচকটি ৪ পয়েন্টের বেশি বেড়েছে। এ ছাড়া সূচকের উত্থানে বড় ভূমিকা ছিল যথাক্রমে ওয়ালটন, রেনাটা, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, ক্রাউন সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিপিএইচ ইস্পাত ও প্রিমিয়ার সিমেন্ট। এসব শেয়ারের মূল্যবৃদ্ধিতে ডিএসইএক্স সূচকটি প্রায় ১৫ পয়েন্ট বেড়েছে।

শেয়ারবাজারের নেতৃত্ব বদলে সূচক ও লেনদেন বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে ডিএসইর সাবেক পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে শেয়ারবাজারে নেতৃত্ব বদল নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। অবশেষে এই প্রত্যাশা পূরণ হওয়ায় বাজারে তার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। কয়েক দিন ধরে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। একসময় যাঁরা বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তাঁদের অনেকে আবার নতুন টাকা বিনিয়োগ করতে শুরু করেছেন। তাই আশা করছি নেতৃত্ব বদলকে ঘিরে যে ইতিবাচক ধারা তৈরি হয়েছে, তা অব্যাহত থাকবে।’

লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে আজ খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল সাধারণ বিমা খাত। এ খাতের লেনদেন হওয়া কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২৪০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৬ শতাংশ। লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। এ খাতের কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২১২ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৪ শতাংশ। অর্থাৎ ঢাকার বাজারের আজ মোট লেনদেনের প্রায় এক-তৃতীয়াংশই ছিল এই দুই খাতের।

সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ডিএসইতে ৩৯৩ প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে ১৮৪টির দাম বেড়েছে, দাম কমেছে ১৬০টির আর অপরিবর্তিত ছিল ৪৯টির দাম। ঢাকার বাজারে এদিন লেনদেনের শীর্ষে ছিল প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল। কোম্পানিটির মালিকানা বদলকে কেন্দ্র করে কিছুদিন ধরে এটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।