সিএমজেএফের সেমিনার

‘এখন আর এআইটি নেওয়ার দরকার নেই’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান লভ্যাংশে দ্বৈত কর থাকাও উচিত নয় বলে মনে করেন। তিনি বলেন, এটি কেন হবে, একজন মানুষ তো একবারই কর দেবে। বিষয়টি গভীরে গিয়ে দেখা উচিত।

এখন আর অগ্রিম আয়কর (এআইটি) নেওয়ার দরকার নেই বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, এটি প্রত্যাহার করে নেওয়া যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে এটি প্রত্যাহার করে দিতে পারে। শেয়ারবাজারে দ্বৈত কর থাকাও উচিত নয় বলে মনে করেন তিনি।

‘বাজেট ২০২৩-২৪: পরিপ্রেক্ষিত পুঁজিবাজার’ শীর্ষক সেমিনারে আজ রোববার প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) যৌথ আয়োজনে ঢাকার পল্টনে সিএমজেএফ কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু আলী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ব্রোকারেজ হাউসগুলোর এআইটি নিয়ে প্রশ্ন তোলাটা আগেও শুনেছি। হয়তো চাপিয়ে দেওয়া হয়েছে। এ কথা আমি সঠিক জায়গায় পাঠিয়ে দেব।’

এম এ মান্নান আরও বলেন, ‘আমরা এখন যে পর্যায়ে পৌঁছেছি, আমাদের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগের তুলনায় অনেক দক্ষ। আগের চেয়ে ভালো প্রযুক্তি, ভালো ব্যবসায়ী সম্প্রদায় রয়েছে। ফলে লভ্যাংশে দ্বৈত কর থাকা উচিত নয়। এটি কেন হবে, একজন মানুষ তো একবারই কর দেবে। বিষয়টি গভীরে গিয়ে দেখা উচিত।’

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মো. হাসান বলেন, ‘বিশ্বের সব দেশ শেয়ারবাজার দিয়ে কাঁপিয়ে তুলছে। আর আমাদের কেন যেন সেই জায়গাটা দমিয়ে রাখার চেষ্টা করছে। বিশ্বের বড় দেশগুলোতে শেয়ারবাজারকে অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। সেখানে আমাদের দেশে এটাকে রাখা হচ্ছে কোণঠাসা করে। তবে আমি বিশ্বাস করি, শেয়ারবাজারের মধ্যে অর্থনীতির ভবিষ্যৎ লুকিয়ে আছে।’

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগের জায়গা শেয়ারবাজারের মাধ্যমে তৈরি না হলে দেশের অর্থনীতিকে স্থিতিশীল অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব নয়। দেশের শিল্পায়নে এখন পর্যন্ত যে বিনিয়োগ হয়েছে, তার সিংহভাগই ব্যাংকের মাধ্যমে হয়েছে, যা শেয়ারবাজারের মাধ্যমে হওয়া উচিত ছিল।

লভ্যাংশে দ্বৈত কর প্রত্যাহারের দাবি জানিয়ে বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান বলেন, মার্চেন্ট ব্যাংক ব্যাংকিং কার্যক্রম করে না। কিন্তু মার্চেন্ট ব্যাংক নাম হওয়ায় ব্যাংকের মতো ৩৭ দশমিক ৫ শতাংশ কর দিতে হয়, এর সমাধান চাই।

ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সভাপতি রিচার্ড ডি রোজারিও বলেন, ‘আগামী বাজেটে আমরা নতুন কিছুই পেলাম না। এটা হতাশাজনক।’