
বাদ পড়ছে যে তিন কোম্পানি—কোহিনূর কেমিক্যাল, ইউনিক হোটেল ও লিনডে বাংলাদেশ।
নতুন করে যুক্ত হচ্ছে বিএসআরএম, এক্মি ল্যাবরেটরিজ ও সরকারি কোম্পানি পাওয়ার গ্রিড।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি থেকে বাছাই করা ভালো মানের ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস–৩০ সূচকে নতুন করে যুক্ত হচ্ছে তিন কোম্পানি। তার বিপরীতে এই সূচক থেকে বাদ পড়ছে তিনটি কোম্পানি। অর্ধবার্ষিক লেনদেন পর্যালোচনা করে ডিস–৩০ সূচকে এই পরিবর্তন আনা হচ্ছে। ডিএসইর পক্ষ থেকে আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএসই জানিয়েছে, ডিএস–৩০ সূচকে নতুন করে যে তিন কোম্পানি যুক্ত হচ্ছে, সেগুলো হলো বাংলাদেশ স্টিল রি–রোলিং মিলস (বিএসআরএম), এক্মি ল্যাবরেটরিজ ও সরকারি কোম্পানি পাওয়ার গ্রিড। এই তিন কোম্পানি যুক্ত হওয়ায় সূচকটি থেকে বাদ পড়ছে কোহিনূর কেমিক্যাল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ও বহুজাতিক কোম্পানি লিনডে বাংলাদেশ। ১৯ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ডিএসই জানিয়েছে, সূচক সমন্বয় পদ্ধতি অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর লেনদেন–সংক্রান্ত অর্ধবার্ষিক কার্যক্রম পর্যালোচনা করে ডিএস–৩০ সূচকের এই সংযোজন–বিয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকার শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে থেকে সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ব্লুচিপস ৩০ কোম্পানির সমন্বয়ে ডিএস–৩০ সূচকটি গঠিত। বর্তমানে এই সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বীকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বিএসআরএম স্টিলস, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ফাইন ফুডস, গ্রামীণফোন, আইডিএলসি, যমুনা অয়েল, কোহিনূর কেমিক্যাল, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, লিনডে বাংলাদেশ, লাভেলো আইসক্রিম, মবিল–যমুনা লুব্রিকেন্টস, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রেনাটা, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।
ঢাকার বাজারের ব্লুচিপস কোম্পানির সূচক হিসেবে পরিচিত ডিএস–৩০ সূচকটি আজ ২৩ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০১ পয়েন্টে। গত তিন বছরের মধ্যে এটি ডিএস–৩০ সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ ২০২৩ সালের ১৬ জুলাই এই সূচক ২ হাজার ২০২ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল। আজ ডিএস–৩০ সূচকে অন্তর্ভুক্ত ৩০ কোম্পানির মধ্যে ২৫টিরই দাম বেড়েছে, কমেছে ৪টির আর অপরিবর্তিত ছিল ১টির দাম।