ছয় মাসে আইপিডিসির নিট মুনাফা ২০ কোটি ৭০ লাখ টাকা, বেড়েছে ৩৮%

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ২০ কোটি ৭০ লাখ টাকা নিট মুনাফা করেছে। গত বছরের একই সময়ের চেয়ে তা ৩৭ দশমিক ৬ শতাংশ বেশি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিডিসি এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, চলতি বছরে ৩০ জুন পর্যন্ত আইপিডিসির বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৭ কোটি টাকা। একই সময়ে মোট আমানত ৭ দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ৬ হাজার ৭১৬ কোটি টাকা। এই ছয় মাসে প্রতিষ্ঠানটির মোট পরিচালন আয়ের প্রায় ৬০ শতাংশ মূল অর্থায়ন কার্যক্রম থেকে এসেছে। পাশাপাশি সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য বিনিয়োগ বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানের বিনিয়োগ ১ হাজার ৫৩৪ কোটি টাকায় পৌঁছেছে।

চলতি ২০২৬ সালের প্রথমার্ধে আইপিডিসি ফাইন্যান্সের মোট সুদ আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪৮৮ কোটি টাকা হয়েছে। একই সময়ে নিট সুদ আয় ২২ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিবাচক প্রবৃদ্ধির ফলে আইপিডিসির মোট পরিচালন আয় ২৮ দশমিক ৯ শতাংশ বেড়ে ২০৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে পরিচালন আয় ছিল ১১২ কোটি ২০ লাখ টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ শতাংশ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ৮ দশমিক ১২ টাকা থেকে বেড়ে ১২ দশমিক শূন্য ২ টাকায় উন্নীত হয়েছে। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৫ পয়সা থেকে বেড়ে ৪৮ পয়সায় দাঁড়িয়েছে।

আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘গ্রাহকদের আস্থাই আমাদের প্রধান শক্তি। আর সেই আস্থা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।’

আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের এ আর্থিক ফলাফল কোম্পানির শক্তিশালী ব্যবসায়িক ভিত্তি এবং সঠিক ব্যবসায়িক পরিকল্পনারই ফল।’