সাগরে বড় জাহাজ থেকে পণ্য ছোট বা লাইটার জাহাজে স্থানান্তর করে তা অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে সারা দেশে নেওয়া হয়
সাগরে বড় জাহাজ থেকে পণ্য ছোট বা লাইটার জাহাজে স্থানান্তর করে তা অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে সারা দেশে নেওয়া হয়

লাইটার জাহাজশ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর লাইটার জাহাজের শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এরপরই চট্টগ্রাম থেকে নৌপথে পণ্য পরিবহন শুরু হয়েছে। আজ শুক্রবার বন্দর ভবনে সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় নৌযান শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

পাঁচ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার এই ধর্মঘটের ডাক দেন শ্রমিকেরা। ‘সর্বস্তরের নৌযান শ্রমিকবৃন্দ’-এর ব্যানারে নগরের বাংলাবাজার এলাকায় এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। আজ সকাল ছয়টায় ধর্মঘট শুরু হয়।

পাঁচ দফা দাবি হলেও শ্রমিকদের মূল দাবি মূলত লাইটার জাহাজের শ্রমিকদের ওঠা-নামায় ব্যবহৃত চরপাড়া ঘাটের ইজারা বাতিল করা।

বৈঠক শেষে লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, শ্রমিকদের মূল দাবি ছিল চরপাড়া ঘাটের ইজারা বাতিল করা। এই দাবি মেনে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তাই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

নৌযানের শ্রমিকদের এই ধর্মঘট নদীপথে পণ্য পরিবহনে বড় ধরনের প্রভাব ফেলে। কারণ, প্রতিদিন গড়ে দেড় লাখ টনের বেশি আমদানি পণ্য বহির্নোঙর থেকে লাইটার জাহাজে করে সারা দেশের নানা ঘাটে নেওয়া হয়। ধর্মঘটের আগের দিন বন্দরে ১১ লাখ ৪১ হাজার টন পণ্য আটকা পড়ে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বন্দর কর্তৃপক্ষ শুক্রবার বিকেলে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে।

বৈঠকে স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে বন্দরসচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, শ্রমিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক ফলপ্রসূ হয়েছে। এরপরই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকেরা। এখন বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তর ও লাইটার জাহাজে পণ্য পরিবহনের কাজ শুরু হয়েছে।