মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

অন্য দেশগুলো পারলেও বাংলাদেশ কেন পারছে না

উচ্চ মূল্যস্ফীতির চাপে নাকাল মানুষ। গত মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ উঠেছে, যা গত এক যুগের মধ্যে সর্বোচ্চ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে শুরু করে উন্নত ও উন্নয়নশীলনির্বিশেষে বিশ্বের অনেক দেশ উচ্চ মূল্যস্ফীতির কবলে পড়ে। বাদ পড়েনি বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোও (এলডিসি)। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ নীতি সুদহার বাড়ানোর পাশাপাশি বিলাসপণ্যের আমদানি নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনায় জোর দেয়।

এসব ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্র, ভারত, জার্মানিসহ বিভিন্ন দেশে মূল্যস্ফীতি কমে আসতে শুরু করে। এমনকি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলঙ্কাও পাঁচ মাসের ব্যবধানে মূল্যস্ফীতি অর্ধেকে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। কিন্তু বাংলাদেশে মূল্যস্ফীতি না কমে উল্টো বেড়েছে। গত মাসে (মে) মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৯৪ শতাংশ। এই হার প্রায় এক যুগের মধ্যে সর্বোচ্চ। এই উচ্চ মূল্যস্ফীতির চাপে নাকাল দেশের সাধারণ মানুষ।

২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর মাস পাঁচেকের মাথায় জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশ অতিক্রম করে, যা দেশটিতে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে গত মাসে দেশটির মূল্যস্ফীতি কমে ৪ দশমিক ০৫ শতাংশে নেমে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেশ কীভাবে ১১ মাসের মধ্যে মূল্যস্ফীতিকে অর্ধেকের নিচে নামিয়ে আনল? এ জন্য কোনো জাদুমন্ত্র নয়, নীতি সুদহারকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।

বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী ২০২২ সালের মার্চ থেকে গত মে মাস পর্যন্ত ফেড বা ফেডারেল রিজার্ভ ধারাবাহিকভাবে মোট ১০ বার নীতি সুদহার বাড়িয়েছে। বদৌলতে দেশটিতে বর্তমানে নীতি সুদহার দাঁড়িয়েছে ৫ শতাংশে, যা গত বছরের জানুয়ারিতে ছিল প্রায় শূন্যের কাছাকাছি। নীতি সুদহার বাড়ানোর কারণে গত মার্চে যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক ধসে পড়ে। তারপরও ফেডারেল রিজার্ভ এই হাতিয়ার ব্যবহারে নমনীয় হয়নি।

‘‘মূল্যস্ফীতি কমানোর জন্য এক বছরে আমরা কিছুই করিনি। আমরা সুযোগ হারিয়েছি। গত বাজেটের সময় মূল্যস্ফীতি বেশি থাকলেও বড় ঘাটতির বাজেট করা হয়েছে। ফলে ব্যাংক থেকে বিশাল অঙ্কের ঋণ নিতে হয়েছে। সুদের হার বাড়াবেন কি না, তা নিয়ে আমাদের নীতিনির্ধারকেরা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন।’’
মোহাম্মদ আবদুর রাজ্জাক, চেয়ারম্যান, র‌্যাপিড।

যুক্তরাষ্ট্রের মতো অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন মূল্যস্ফীতি বাগে আনতে নীতি সুদহার বাড়ানোর পথে হেঁটেছে, তখন বাংলাদেশ ব্যাংক হাত গুটিয়ে ছিল। ডলার-সংকট প্রকট হলে বিলাস পণ্য আমদানিতে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়। ডলারের দাম ধারাবাহিকভাবে বাড়ছে, সংকট কাটেনি। মূল্যস্ফীতিও বেড়েছে। বর্তমানে পরিস্থিতি এমন যে বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমলেও দেশে সুফল মিলছে না।

এক বছর ধরে দেশের অর্থনীতিবিদেরা উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বৃদ্ধি, ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া, বিলাসী পণ্য আমদানিতে পুরোপুরি নিয়ন্ত্রণের মতো ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন। তাতে কান দেয়নি বাংলাদেশ ব্যাংক। তবে শুনেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কথা। এ বছরের গোড়ার দিকে বাংলাদেশের জন্য আইএমএফ ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে। এই ঋণের অন্যতম শর্ত ছিল, সুদহারের সীমা প্রত্যাহার ও ডলারের একক দাম নির্ধারণ। অবশেষে সেই ছক মেনেই বাংলাদেশ ব্যাংক গত রোববার আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে।

নতুন মুদ্রানীতিতে ঋণের সুদহারের সীমা তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। যদিও এই সীমা নিয়ন্ত্রিত। এর ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে  নেওয়া ঋণের সুদের হার কিছুটা বাড়ছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নিতে গেলে ব্যাংকগুলোকেও বেশি খরচ করতে হবে। এ জন্য নীতি সুদহার বাড়ানো হয়েছে। আর বাংলাদেশ ব্যাংক আগামী ১ জুলাই থেকে ব্যাংকের দামে ডলার বিক্রি করবে। অর্থাৎ ওই দিন থেকে ডলার কেনা ও বেচায় এক দাম চালু হবে।

জানা যায়, ২০১২ সালের জুনের শেষে দেশে ১ ডলারের বিনিময় মূল্য ছিল ৮১ দশমিক ৮৭ টাকা। ২০২১ সালের জুনের শেষে তা বৃদ্ধি পেয়ে হয় ৮৪ দশমিক ৮০ টাকা। ওই ৯ বছরে টাকার অবমূল্যায়ন হয় মাত্র ৩ দশমিক ৫৮ শতাংশ। অথচ গত এক বছরে টাকার মান কমেছে ২৫ দশমিক ৫০ শতাংশ। ফলে প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৬ দশমিক ৪৫ টাকা থেকে বেড়ে ১০৮ টাকা ৫০ পয়সা হয়েছে।

অর্থনীতিবিদেরা বলছেন, দীর্ঘদিন ধরে টাকার মান কৃত্রিমভাবে ধরে রাখা হয়েছে। ধীরে ধীরে সমন্বয় করা হলে সাধারণ মানুষের কষ্ট কম হতো। এখন হঠাৎ করে কয়েক মাসের মধ্যে বড় ধরনের সমন্বয় করা হলো। এতে মূল্যস্ফীতি বেড়েছে।

দেশে দেশে কমছে মূল্যস্ফীতি

বাংলাদেশে গত বছরের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। পরের মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৫২ শতাংশে ওঠে। এর পরের ছয় মাস একটু একটু করে কমে। তবে চলতি বছরের মার্চে আবারও মূল্যস্ফীতি বৃদ্ধি পায়। এপ্রিলে সামান্য একটু কমলেও গত মাসে (মে) তা বেড়ে ৯ দশমিক ৯৪ শতাংশে দাঁড়ায়।

বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত, ভুটান, মালদ্বীপ প্রভৃতি দেশ পেরেছে। এর মধ্যে যুক্তরাজ্যে গত অক্টোবরে মূল্যস্ফীতি ১১ দশমিক ১ শতাংশে উঠেছিল, যা দেশটিতে ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ। সে জন্য ব্যাংক অব ইংল্যান্ড মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে টানা ১২ বার নীতি সুদহার বাড়ায়। গত দুই মাসে দেশটিতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৭ শতাংশে আটকে ছিল। সে কারণে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক আবারও নীতি সুদহার বাড়িয়েছে।

এমনকি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নেপালও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মোটামুটি সাফল্য দেখিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে দেশটিতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৪ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে তা কমে ৭ দশমিক ২৬ শতাংশে নামে। ফেব্রুয়ারিতে অবশ্য ৮ শতাংশের ঘরে ওঠে। তবে গত মাসে তা আবার কমে ৭ দশমিক ৪১ শতাংশে নেমে এসেছে।

মূল্যস্ফীতি বাড়ছে এমন দেশও আছে। যেমন আর্জেন্টিনা। গত জানুয়ারিতে দেশটিতে মূল্যস্ফীতি ছিল ৯৮ দশমিক ৮ শতাংশ। গত মাসে সেটি বেড়ে ১০৮ দশমিক ৮ শতাংশে দাঁড়ায়। এ ছাড়া মিসরের মূল্যস্ফীতিও বাড়ছে। গত জানুয়ারিতে দেশটিতে মূল্যস্ফীতি ছিল ২৫ দশমিক ৮ শতাংশ। আর মে মাস শেষে তা বেড়ে হয়েছে ৩২ দশমিক ৭ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে থাকলেও বাংলাদেশের মতো তুরস্ক নীতি সুদহারে হাত দেয়নি। গত মাসে দেশটির মূল্যস্ফীতি ছিল প্রায় ৪০ শতাংশ। তৃতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েই কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নতুন গভর্নর হাফিজে গায়ে এরকান দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার সাড়ে ৮ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছেন।

ভারত ও শ্রীলঙ্কা কীভাবে সফল

ভারতে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ১১ শতাংশ। তবে দেশটিতে পাঁচ মাস ধরে মূল্যস্ফীতি টানা কমছে। গত মে মাসে মূল্যস্ফীতির হার ৪ দশমিক ২৫ শতাংশে নেমে গেছে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। যেমন কয়েক দফা নীতি সুদহার বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। সর্বশেষ চলতি মাসের গোড়ার দিকে আরবিআই ব্যাংকের রেপো রেট আরও ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে। ফলে নতুন রেপো রেট বেড়ে দাঁড়াল ৪ দশমিক ৯ শতাংশ। রিজার্ভ ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি ঋণ দেয়, সেটাকে রেপো রেট না, নীতি সুদহার বলা হয়।

এ ছাড়া ভারত গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয়। রাশিয়া থেকে সস্তায় জ্বালানি আমদানিও দেশটিকে সুবিধাজনক অবস্থায় রাখে। রিজার্ভের ওপর চাপ না থাকায় ভারতের পণ্য আমদানিতে সমস্যা হয়নি। সব মিলিয়ে মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় নিয়ে আসতে পেরেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কাও বেশ সফল। গত বছরের মে মাসে ভারত মহাসাগরের এই দ্বীপদেশটি সার্বভৌম ঋণ পরিশোধে খেলাপি হয়ে পড়ে। এক গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্দশার মধ্যে পড়ে যায়। গত সেপ্টেম্বরে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে ৬৭ শতাংশে পৌঁছায়। রিজার্ভ তলানিতে চলে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সামুদ্রিক খাবার, ইলেকট্রনিকস, বাদ্যযন্ত্রসহ ৩ হাজার ২০০টির বেশি পণ্যের আমদানি সীমিত করে দেয়। আইএমএফ থেকেও ২৯০ কোটি ডলারের ঋণ পায় দেশটি। এ রকম নানামুখী পদক্ষেপের ফলে গত জানুয়ারিতে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি কমে ৫১ দশমিক ৭ শতাংশে নামে। পরের দুই মাস তা আরও কিছুটা কমে। সর্বশেষ গত মাসে মূল্যস্ফীতি ২৫ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে দেশটির রিজার্ভ একটু একটু করে বাড়ছে। অর্থনৈতিক সংকট থেকেও বেরিয়ে আসতে শুরু করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

পণ্যের দাম কমছে, সুফল নেই দেশে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত বছর বিশ্ববাজারে কিছু কিছু নিত্যপণ্যের দাম যে হারে বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে বাংলাদেশের বাজারে। আবার চলতি বছর বিশ্ববাজারে কিছু পণ্যের দাম যে হারে কমেছে, দেশের বাজারে সে হারে কমেনি। দু-একটি পণ্যের ক্ষেত্রে বিশ্ববাজারে দাম কমলেও দেশে বাড়তিই রয়ে গেছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, আন্তর্জাতিক বাজারে এক বছরে গমের দাম প্রতি টনে কমেছে ৩৫ শতাংশ। অথচ দেশের বাজারে প্রতি কেজি প্যাকেটজাত আটার দাম ২৫ শতাংশ এবং খোলা আটার দাম ১৩ শতাংশ বেড়েছে। পেঁয়াজের ক্ষেত্রেও চিত্রটি একই। মসুর ডালের দাম বিশ্ববাজারের চেয়ে কম হারে কমেছে এ দেশে।

অপরিশোধিত চিনির দাম বিশ্ববাজারে বেড়েছে ৩৩ শতাংশ। কিন্তু দেশের বাজারে বাড়ার হার দ্বিগুণের কাছাকাছি—৫৮ শতাংশ। আদার দাম বিশ্ববাজারে ১৭২ শতাংশ বাড়লেও দেশের বাজারে বেড়েছে ২২২ থেকে ২৪৫ শতাংশ পর্যন্ত।

ভোজ্যতেলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম ৪৪ শতাংশ কমলেও দেশের বাজারে খোলা তেলের দর কমেছে মাত্র ২ শতাংশ। আর পাম তেলের দাম বিশ্ববাজারে ৪৯ শতাংশ কমার বিপরীতে দেশে কমেছে ২০ শতাংশ। বর্তমানে প্রতি লিটার সয়াবিন ১৮৯ ও পাম তেল ১৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ঋণপত্র (এলসি) খোলার সময় আমদানিকারকেরা চাহিদা অনুযায়ী ডলার পাননি। আবার সংকটের কারণে সরকারের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার কিনতে হয়। ফলে বেড়ে যাচ্ছে তাঁদের উৎপাদন ব্যয়। শতভাগ এলসি মার্জিনের (ঋণপত্র খোলার সময় টাকা জমার হার) কারণেও খরচ বেড়ে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশে পণ্যবাজার ব্যবস্থাপনায় কাঠামোগত ও নীতিগত দুর্বলতা রয়েছে। জনবলের ঘাটতি থাকায় দেশব্যাপী তদারক কার্যক্রম জোরদার করতে পারছে না ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া বাজারে রয়েছে যথাযথ প্রতিযোগিতার ঘাটতি।  

করণীয় কী

বিভিন্ন দেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারলেও বাংলাদেশ কেন পারছে না, এমন প্রশ্নের জবাবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘মূল্যস্ফীতি কমানোর জন্য এক বছরে আমরা কিছুই করিনি। আমরা সুযোগ হারিয়েছি। গত বাজেটের সময় মূল্যস্ফীতি বেশি থাকলেও বড় ঘাটতির বাজেট করা হয়েছে। ফলে ব্যাংক থেকে বিশাল অঙ্কের ঋণ নিতে হয়েছে। সুদের হার বাড়াবেন কি না, তা নিয়ে আমাদের নীতিনির্ধারকেরা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। অন্যদিকে রিজার্ভের ওপর চাপ থাকায় ডলারের বিপরীতে টাকার মানে বড় ধরনের অবমূল্যায়ন করতে হয়েছে। এতে করে মূল্যস্ফীতি বেড়ে গেছে।’

নতুন মুদ্রানীতি কী মূল্যস্ফীতি কমাতে পারবে? এ প্রশ্নের জবাবে মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, অবশেষে সুদের হারের সীমা তুলে দেওয়া হয়েছে। যদিও কিছুটা নিয়ন্ত্রণ রাখা হয়েছে। তবে মূল্যস্ফীতির তুলনায় সুদের হার সামান্য কিছু বেশি হলে তা খুব বেশি কার্যকর হবে না। অন্যদিকে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিলে মূল্যস্ফীতি কমবে না, উল্টো বাড়বে। তিনি আরও বলেন, মূল্যস্ফীতির বছরে সরকারকে কম ঋণ নিতে হবে। সরকারের ব্যয় কমাতে হবে। আর ব্যাংকঋণের সুদহার বাজারব্যবস্থার ওপর ছাড়াটাও গুরুত্বপূর্ণ।