
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। তারপর ২ আগস্ট সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি এবং ছয় সহসভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। এফবিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, সাধারণ পরিষদ সদস্যের নাম ফেডারেশনে পাঠানোর সর্বশেষ তারিখ ৩ জুন। নির্বাচন পরিচালনা বোর্ড ১১ জুন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করবে। অভিযোগ যাচাই–বাছাই ও প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২১ জুন।
নির্বাচনে পরিচালক পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১ জুলাই। তারপর ১৫ জুলাই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর প্রার্থিতা বাতিলের শেষ দিন ১৮ জুলাই। ওই দিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এফবিসিসিআইয়ের এবারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি এ মতিন চৌধুরী। কমিটির অন্য দুই সদস্য হলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. শামছুল আলম এবং অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক।
এফবিসিসিআইয়ের সর্বশেষ নির্বাচন হয় ২০২১ সালের মে মাসে। সভাপতি হন মো. জসিম উদ্দিন। তবে পরিচালক থেকে শুরু করে সভাপতি ও সাত সহসভাপতি পদের নির্বাচনের কোনো পর্যায়েই ভোট হয়নি। সমঝোতার ভিত্তিতে পদগুলোতে বসেছেন প্রভাবশালী ব্যবসায়ীরা। শীর্ষ পদ বাগাতে এক জেলার ব্যবসায়ী আরেক জেলা চেম্বার থেকে ভোটার হয়ে প্রথমে পরিচালক, পরে সহসভাপতি হওয়ার ঘটনাও ঘটেছে।
তার আগে ২০১৯ সালে নির্বাচন ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেডারেশনের নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এফবিসিসিআইয়ে সর্বশেষ ভোট হয় ২০১৭ সালে, তা–ও আংশিক। ওই সময় সভাপতি হন শফিউল ইসলাম মহিউদ্দিন। পরিচালক পদেও চেম্বার অংশে ভোট ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। তবে পণ্যভিত্তিক সংগঠন বা অ্যাসোসিয়েশন অংশে তখন ভোট হয়েছিল।