ইপিবি

রপ্তানিতে আবার গতি ফিরেছে

চলতি অর্থবছরে এখন পর্যন্ত তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা এবং প্লাস্টিক পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধি আছে।

ডলার-সংকটের এই সময়ে গত এপ্রিলে পণ্য রপ্তানি ও প্রবাসী আয়—দুটোই কমে যায়। এক মাসের ব্যবধানে প্রবাসী আয়ে সুখবর না থাকলেও পণ্য রপ্তানি বেড়েছে ২৬ দশমিক ৬১ শতাংশ। গত মে মাসে ৪৮৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা দেশীয় মুদ্রায় ৫১ হাজার ৮৯৫ কোটি টাকা। গত বছরের মে মাসে ৩৮৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

রপ্তানি আয়ের এই হালনাগাদ তথ্য গতকাল রোববার প্রকাশ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এতে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ৫ হাজার ৫২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১১ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৪ হাজার ৭১৭ কোটি ডলারের পণ্য।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত মে মাসে প্রবাসী আয় এসেছে ১৬৯ কোটি ১৬ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ২৭ শতাংশ কম। সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১ হাজার ৯৪১ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৯১৯ কোটি ডলার।

ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি অর্থবছরে এখন পর্যন্ত তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা এবং প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে। তবে পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য ও প্রকৌশল পণ্যের রপ্তানি কমে গেছে।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ৪ হাজার ২৬৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬৭ শতাংশ বেশি। তবে শুধু মে মাসে ৪০৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের মে মাসের তুলনায় ২৮ শতাংশ বেশি।

গত এপ্রিলে পোশাক রপ্তানি সাড়ে ১৫ শতাংশ কমে গিয়েছিল। মে মাসে তৈরি পোশাকের রপ্তানি আবার ঘুরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, এপ্রিল মাসে পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে অনেক কারখানা পণ্য প্রস্তুত থাকার পরও রপ্তানি করতে পারেনি।

সেসব পণ্য গত মাসে রপ্তানি হয়েছে। আবার গত বছরের মে মাসে ঈদের ছুটির কারণে রপ্তানি কম হয়েছিল। ফলে গত মাসের রপ্তানিতে বড় প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, ক্রয়াদেশের অভাবে অনেক কারখানা বর্তমানে ৫০ শতাংশ সক্ষমতায় চলছে। পণ্য রপ্তানিতে তার প্রভাব আগামী মাসগুলোতে দেখা যেতে পারে।

বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ১১২ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি দশমিক ৪২ শতাংশ।

অন্যদিকে তৃতীয় সর্বোচ্চ ১০২ কোটি ডলারের হোম টেক্সটাইল পণ্য রপ্তানি হয়েছে। তবে এ খাতের রপ্তানি কমেছে ৩০ শতাংশ। আর চতুর্থ সর্বোচ্চ ৮৫ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এ খাতের রপ্তানিও কমেছে সাড়ে ১৯ শতাংশ।

এ ছাড়া চলতি অর্থবছর এখন পর্যন্ত ৮০ কোটি ডলারের কৃষি প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৮ শতাংশ কম। হিমায়িত খাদ্যের রপ্তানি কমে গেছে প্রায় ১৯ শতাংশ। রপ্তানি হয়েছে ৪০ কোটি ডলারের হিমায়িত খাদ্য।

আগামী অর্থবছরের বাজেটে তৈরি পোশাক, হিমায়িত খাদ্যসহ বেশ কয়েকটি রপ্তানি খাতের ব্যবসায়িক সংগঠন উৎসে কর ১ শতাংশের পরিবর্তে দশমিক ৫০ শতাংশ করার দাবি করে। তবে প্রস্তাবিত বাজেটে সেটি বিবেচনায় নেননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুধু উৎসে কর নয়, বাজেট উপস্থাপনের আগে রপ্তানিকারকদের জানানো অধিকাংশ দাবির বাজেটে বাস্তবায়িত হয়নি।

বাজেটে রপ্তানি খাত মোটাদাগে কিছু না পেলেও চলতি মাস থেকেই রপ্তানিকারকেরা রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম পাচ্ছেন ১০৭ টাকা, আগে যা ছিল ১০৬ টাকা। তাতে আগের চেয়ে বর্তমানে প্রতি ডলারের বিপরীতে ১ টাকা বেশি পাচ্ছেন।