আয়কর রিটার্ন
আয়কর রিটার্ন

আয়কর রিটার্ন জমা নিয়ে ১০টি জরুরি প্রশ্ন ও উত্তর

আয়কর নিয়ে অনেক করদাতাসহ সাধারণ নাগরিকের নানা প্রশ্ন থাকে। আয়কর নিয়ে হয়রানি–ভয়ের পাশাপাশি পর্যাপ্ত জ্ঞানের অভাব আছে অনেকের। তাই করদাতাদের বছর শেষে রিটার্ন দেওয়ার আগে কিছু বিষয় জানা প্রয়োজন।

আয়কর নিয়ে সচরাচর যেসব প্রশ্ন মনে জাগে, এমন ১০টি প্রশ্ন নিয়ে আজকের প্রতিবেদন—

১. আমি আগে একটি প্রতিষ্ঠানে চাকরি করতাম। বর্তমানে সেই চাকরি পরিবর্তন করে নতুন একটি চাকরিতে যোগদান করেছি। আমি আয় বিবরণীতে কোন চাকরির আয় প্রদর্শন করব?

একই আয়বর্ষে একাধিক প্রতিষ্ঠানে চাকরি করলে প্রতিটি চাকরির বেতন ও ভাতাদি আয় বিবরণীতে উল্লেখ করতে হবে।

২. আমি ২০১৭ সালে অনলাইনে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছি। কিন্তু কোনো রিটার্ন জমা দিইনি, এ ক্ষেত্রে রিটার্ন দাখিল করার জন্য আবার টিআইএন নেওয়ার প্রয়োজন আছে কি?

একবার টিআইএন নিলে আবার নতুন করে টিআইএন নেওয়ার প্রয়োজন নেই।

৩. ব্যাংকের এফডিআর এবং সঞ্চয়ী হিসাবে সুদ আয় খুবই কম, তাই তা রিটার্নে প্রদর্শন না করলে কোনো সমস্যা হবে কি?

আয়ের পরিমাণ কম হলেও আয়কর আইন অনুযায়ী তা রিটার্নে প্রদর্শন করতে হবে।

৪. মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) হিসাবের স্থিতি কীভাবে প্রদর্শন করব?

মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) হিসাবের ৩০ জুন তারিখের স্থিতি হাতে নগদ হিসেবে প্রদর্শন করতে হবে।

৫. একটি ব্যাংক হিসাবে যৌথভাবে নাম আছে, এ ক্ষেত্রে করণীয় কী?

যৌথ হিসাবেও করদাতার অংশীদারত্ব থাকলে করদাতার অংশ অনুযায়ী তথ্য প্রদর্শন করতে হবে।

৬. আমি চাকরির পাশাপাশি টিউশনি করি, কিন্তু সেই আয় উল্লেখ করিনি। কী করব?

করবর্ষে অর্জিত সব আয়ের তথ্য রিটার্নে প্রদর্শন করতে হবে।

৭. আমি একজন সরকারি চাকরিজীবী, আমি বিনিয়োগজনিত কর রেয়াত নেওয়ার জন্য ২০২৫-২৬ আয়বর্ষের জিপিএফে কেটে রাখা অঙ্ক রিটার্নের রেয়াতযোগ্য বিনিয়োগ অংশে প্রদর্শন করেছিল। কিন্তু জিপিএফের ব্যালেন্স ও জিপিএফের সুদ প্রদর্শন করিনি। কী হবে?

জিপিএফের সুদ করমুক্ত হলেও আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে। একইভাবে জিপিএফের ক্রমযোজিত ব্যালেন্স সম্পত্তি ও দায় বিবরণীতে প্রদর্শন করতে হবে।

৮. আমি ২০১৮ সালে ৫০ হাজার টাকা দিয়ে জমি কিনি, যার বর্তমান বাজারমূল্য ৩ লাখ টাকা। আমি ২০২৬ সালের ১৫ জানুয়ারি করদাতা হিসেবে নিবন্ধিত হই। ২০২৬-২৭ করবর্ষে আমি নতুন করদাতা হিসেবে প্রথমবার আয়কর রিটার্ন দাখিল করব। এ ক্ষেত্রে আমি আয়কর রিটার্নে জমির কোন মূল্য আয়কর রিটার্নে প্রদর্শন করব?

আয়কর রিটার্নে ওই জমির মূল্য ৫০ হাজার প্রদর্শন করতে হবে। বর্তমান বাজারমূল্য কম বা বেশি যা–ই হোক না কেন, সব ক্ষেত্রে সম্পদের অর্জনমূল্য বা ক্রয়মূল্য আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে।

৯. আমি উত্তরাধিকার সূত্রে ১০ একর কৃষিজমি পেয়েছি। এ ক্ষেত্রে আমি ওই সম্পদের মূল্য আয়কর রিটার্নে কীভাবে এবং কোথায় প্রদর্শন করব?

ওই ১০ একর জমি অর্জনের তারিখের ন্যায্য বাজারমূল্য অনুযায়ী মূল্য আয়কর রিটার্নের কৃষি সম্পত্তি খাতে প্রদর্শন করতে হবে।

১০. আমি প্রথমবার আয়কর রিটার্ন জমা দিয়েছি। কিন্তু আমি ভুল করে আমার ব্যক্তিগত সম্পদ প্রদর্শন করিনি, এ ক্ষেত্রে করণীয় কী?

আয়কর রিটার্নে কোনো ভুল হলে রিটার্ন দাখিল করার ১৮০ দিনের মধ্যে ভুল সংশোধন করে আবার রিটার্ন দাখিল করতে হবে।

সূত্র– এনবিআরের আয়কর নির্দেশিকা ২০২৬