
চাহিদা বৃদ্ধি পাওয়ায় জ্বালানি তেলচালিত ইঞ্জিনের গাড়ির সঙ্গে দিন দিন প্রতিযোগিতা বাড়াচ্ছে বিদ্যুৎ–চালিত গাড়ি বা ইভি। গত এক বছরে সারা বিশ্বে ১ কোটির (১০ মিলিয়ন) বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। ২০২১ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ৫৫ শতাংশ বেশি। বিদ্যমান পরিস্থিতিতে যে হারে ইভির চাহিদা বাড়ছে, তাতে ২০৩০ সাল নাগাদ বিশ্বে মোট বিক্রি হওয়া গাড়ির ৩৫ শতাংশই হবে বৈদ্যুতিক ধরনের। ফলে ওই সময় সড়ক পরিবহন খাতে দিনে অন্তত ৫০ লাখ ব্যারেল তেলের ব্যবহার কমবে।
প্যারিসভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) গত বুধবার ২০২৩ সালের বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ি (ইভি) আউটলুক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
আইইএ তাদের প্রতিবেদনে বলেছে, গত বছর বিশ্বের সড়কগুলোতে ২ কোটি ৬০ লাখের (২৬ মিলিয়ন) বেশি ইভি চলাচল করেছে। এই পরিমাণ ২০২১ সালের তুলনায় ৬০ শতাংশ বেশি।
ইভি আউটলুকে চলতি বছর কী পরিমাণে বৈদ্যুতিক গাড়ি বিক্রি হতে পারে, তারও একটি আভাস দিয়েছে আইইএ। সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে ২৩ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। এভাবে চলতে থাকলে চলতি বছর শেষে বিশ্বব্যাপী ইভি বিক্রির সংখ্যা ১ কোটি ৪০ লাখ ছাড়াতে পারে।
আইইএ বলছে, পরিবেশবান্ধব খাত হিসেবে বিভিন্ন বড় অর্থনীতির দেশ বৈদ্যুতিক গাড়ি তৈরি ও বিক্রির ক্ষেত্রে নীতিগত সহায়তা ও প্রণোদনা দিচ্ছে। এ কারণে সামগ্রিক গাড়ির বাজারে একধরনের বড় পরিবর্তন আসছে। কারণ, ২০২০ সালে ইভির বাজার ছিল মাত্র ৪ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে ১৪ শতাংশ হয়েছে। চলতি বছর তা ১৮ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে।
বাজারের দখল চীনের কাছে
বৈদ্যুতিক গাড়ি বিক্রির দিক থেকে সবার চেয়ে এগিয়ে রয়েছে চীন। বর্তমানে সারা বিশ্বের সড়কগুলোতে যে পরিমাণ ইভি চলাচল করছে, তার প্রায় ৫০ শতাংশই চীনের কোম্পানিগুলোর তৈরি। ইভির দ্বিতীয় বৃহত্তম বাজার হলো ইউরোপ। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান।
২০২২ সালে ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আইইএ বলছে, গত বছর ইউরোপে বিক্রি হওয়া প্রতি পাঁচটি গাড়ির মধ্যে অন্তত একটি ছিল বৈদ্যুতিক গাড়ি। এ ছাড়া গত বছরে যুক্তরাষ্ট্রের ইভি বিক্রির পরিমাণ ৫৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে বর্তমান নীতি সহায়তা অব্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ বিশ্বে মোট বিক্রির ৩৫ শতাংশ হবে বৈদ্যুতিক গাড়ি। তখন ইভির বাজারে চীনের ৪০ শতাংশ, ইইউর ২৫ শতাংশ ও যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ অংশীদারত্ব থাকবে। এ ছাড়া প্রত্যাশিত সংখ্যায় ইভির ব্যবহার বৃদ্ধি পেলে চলতি দশক শেষে দৈনিক ৫০ লাখ ব্যারেল জ্বালানি তেলের ব্যবহার কমবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
আইইএ বৈদ্যুতিক গাড়ি বিক্রির হিসাবে শুধু ব্যাটারিচালিত বৈদ্যুতিক যান (বিইভি) ও প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক যান (পিএইচইভি)—এই দুই ধরনের গাড়িকেই বিবেচনা করা হয়েছে। হাইব্রিড ধরনের ইভিতে একটি অভ্যন্তরীণ জ্বলন (কমবাস্টন) ইঞ্জিনের পাশাপাশি একটি ব্যাটারিচালিত বৈদ্যুতিক মোটর থাকে। এ কারণে অনেক পরিবেশবাদী সংস্থা হাইব্রিড ধরনের এসব ইভির বিষয়ে ভিন্ন (নেতিবাচক) দৃষ্টিভঙ্গি রাখে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আইইএ।
ইভির বাজারে ভারত, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো কিছু দেশ ভালো করছে বলে জানিয়েছে আইইএ। ২০২২ সালে এই তিন দেশ সম্মিলিতভাবে ৮০ হাজার ইভি বিক্রি করেছে, যা ২০২১ সালের তুলনায় তিন গুণ বেশি। আইইএ বলেছে, ভারত সরকার বৈদ্যুতিক গাড়ি নির্মাণ খাতে ৩২০ কোটি মার্কিন ডলার প্রণোদনা দিয়েছে। এর ফলে দেশটিতে ইভি নির্মাণ খাতে বিনিয়োগ হয়েছে প্রায় ৮৩০ কোটি মার্কিন ডলার।
প্রতিবেদন প্রকাশের পরে আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল এক বিবৃতিতে বলেছেন, নতুন বৈশ্বিক জ্বালানি অর্থনীতিতে বৈদ্যুতিক গাড়ি অন্যতম চালিকা শক্তি হিসেবে সামনে এসেছে এবং এই খাতের প্রবৃদ্ধি দ্রুত বাড়ছে। পাশাপাশি এই ধরনের গাড়ি বিশ্বব্যাপী সামগ্রিক গাড়ি উৎপাদন শিল্পেও একটি ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আসছে।
ফাতিহ বিরল বলেন, বৈদ্যুতিক গাড়ি বিক্রি বৃদ্ধির যে প্রবণতা আমরা প্রত্যক্ষ করছি, তা বৈশ্বিক তেলের চাহিদা কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব রাখছে। গত এক শতাব্দীর বেশি সময় ধরে গাড়ির তেলচালিত ইঞ্জিন অপ্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে। কিন্তু বৈদ্যুতিক গাড়ি এই অবস্থায় পরিবর্তন আনছে। আগামী ২০৩০ সালের মধ্যে দৈনিক অন্তত ৫০ লাখ ব্যারেল জ্বালানি তেলের ব্যবহার এড়ানো সম্ভব হবে এর মাধ্যমে। আপাতত বৈদ্যুতিক ব্যক্তিগত গাড়ি বিক্রি শুরু হয়েছে। এরপর বৈদ্যুতিক বাস ও ট্রাকের চাহিদা বাড়লে পরিস্থিতির দ্রুতই পরিবর্তন হবে।
বাংলাদেশের অবস্থান কোথায়
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তাদের প্রতিবেদনে বলেছে, দূষণ কমাতে বাংলাদেশসহ বিশ্বের ২৭টি দেশ বৈদ্যুতিক গাড়ি ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। যদিও বাংলাদেশে এখনো এ গাড়ির ব্যবহার খুবই কম। তবে সরকার ইভির ব্যবহার বাড়াতে চায়। এ কারণে গত মাসে ‘ইলেকট্রিক মোটরযান নিবন্ধন ও চলাচলসংক্রান্ত নীতিমালা’ তৈরি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
অন্যদিকে গ্রাহকদের কাছে সাশ্রয়ী দামে ইভি বিক্রি করতে চান দেশের গাড়ি আমদানিকারকেরা। এ জন্য বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারবিডা) সম্প্রতি বৈদ্যুতিক গাড়ি আমদানিতে প্রযোজ্য ২০ শতাংশ সম্পূরক শুল্কসহ সব ধরনের শুল্ক-কর তুলে দেওয়ার দাবি জানিয়েছে।
জানতে চাইলে বারবিডার সভাপতি হাবিবউল্লাহ ডন প্রথম আলোকে বলেন, ‘গত ৪ বছরে দেশে ১২ থেকে ১৪টার মতো বৈদ্যুতিক গাড়ি এসেছে। বেশি আসেনি তার কারণ, ইভি নিয়ে কোনো নীতিমালা না থাকায় কেউ নিবন্ধন করতে পারছিল না। গত মাসে নীতিমালা হয়েছে। এখন আশা করছি ইভি আমদানি বাড়বে।’
তবে দেশে ইভির বাজার বাড়াতে শুল্কছাড়সহ কিছু অবকাঠামো সুবিধা প্রয়োজন বলে জানিয়েছেন হাবিবউল্লাহ ডন। তিনি বলেন, ‘এ ধরনের গাড়ির ব্যবহার বাড়াতে হলে দাম গ্রাহকের সাধ্যের মধ্যে রাখতে হবে। এ জন্য আমরা আমদানিতে প্রযোজ্য সম্পূরক শুল্ককর প্রত্যাহারের দাবি জানিয়েছি।’
চ্যালেঞ্জও রয়েছে
গত কয়েক বছরে দেখা গেছে, বড় অর্থনীতির বেশ কয়েকটি দেশ তাদের সড়কগুলোতে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে। উদাহরণ হিসেবে যুক্তরাজ্যের কথা বলা যায়। দেশটি ২০৩০ সালের মধ্যে ডিজেল ও পেট্রল ইঞ্জিনচালিত নতুন গাড়ি বিক্রি বন্ধ করতে চায়। ইউরোপীয় ইউনিয়নও সড়কে যানবাহন থেকে কার্বন নির্গমন কমাতে চাইছে। আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়া আগামী ২০৩৫ সালের মধ্যে নতুন পেট্রলচালিত যানবাহন বিক্রি নিষিদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছে।
তবে আইইএ তাদের প্রতিবেদনে বলেছে, কম কিংবা শূন্য কার্বন নিঃসরণকারী গাড়ি নিয়ে অনেক উত্তেজনা থাকলেও জীবাশ্ম জ্বালানি দ্বারা চালিত গাড়ি থেকে দূরে সরে যাওয়া খুব একটা সহজ হবে না। ইভির বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে উদ্বেগও রয়েছে। যেমন ইভির ইঞ্জিনে শব্দ অনেক কম হয়। এটি দৃষ্টিশক্তির সমস্যাযুক্ত লোকদের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। এ ছাড়া সবার জন্য গাড়ি চার্জিং পরিষেবা নিশ্চিত করাও আরেকটি চ্যালেঞ্জ।
এ বিষয়ে বারবিডা সভাপতি হাবিবউল্লাহ ডন বলেন, ইভির জন্য এখনই দেশের সব বিভাগীয় ও জেলা শহরে চার্জিং পোর্ট বসানোর উদ্যোগ নেওয়া উচিত। বিশেষ করে নতুন কোনো ভবন হলে সেখানে এই ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।