মুনাফা ধরে সব হিসাব করার পর সরকার কেজিতে ১৬ টাকা বাড়িয়ে যে দাম নির্ধারণ করেছে, বাজারে তার চেয়েও ১৫ টাকা বেশি এখন।

চিনি নিয়ে যেন সত্যিকার অর্থেই ছিনিমিনি চলছে। ঋণপত্র (এলসি), খরচ ও মুনাফাসহ হিসাব করে প্রতি কেজি চিনির যে দর হওয়া উচিত বলে সরকার সুপারিশ করেছে, ব্যবসায়ীরা তা মানছেন না।
দফায় দফায় বৈঠক করেও কোনো সুরাহা না হওয়ায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, নির্ধারিত মূল্যে বাজারে চিনি বিক্রি করা হচ্ছে কি না, তা যাচাই করতে আগামী সপ্তাহ থেকে তদারক করা হবে।
জানা গেছে, খুচরা বাজারে চিনি কত টাকা কেজি দরে বিক্রি হবে, এ ব্যাপারে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সুপারিশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মানছে না বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।
ব্যবসায়ীদের বোঝাতে সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘চিনির বাজার স্থিতিশীল রাখা এবং মজুত পরিস্থিতি’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), শিল্প মন্ত্রণালয়, বিটিটিসি, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা, অপরাধ তদন্ত বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের প্রতিনিধিসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিটিটিসি গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছিল খুচরা বাজারে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হতে পারে বড়জোর ১২০ টাকা দরে, আর প্যাকেটজাত চিনি ১২৫ টাকা। বিটিটিসির এ সুপারিশ কার্যকর করতে একই দিন অ্যাসোসিয়েশনকে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিলেও তারা তা কার্যকর করেনি।
এ বৈঠকের বিষয়ে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, ‘সুপারিশ মানতে আমরা ব্যবসায়ীদের বারবার বলেছি। চট্টগ্রাম বন্দরে এসে চিনি খালাসের অপেক্ষায় পড়ে থাকছে এবং এ কারণে তাঁরা লোকসানের মুখে পড়ছেন বলে জানান। লোকসানের প্রমাণ দেখাতে পারলে পরের বার যখন মূল্য সমন্বয় করা হবে, তখন তা বিবেচনায় নেওয়া হবে।’
বিটিটিসির প্রতিবারের সুপারিশের পর অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তি দিলেও এবার তিন দিন পরও তা দিচ্ছে না-এ তথ্য জানালে বাণিজ্যসচিব বলেন, ‘হ্যাঁ, এবার এখনো দেয়নি। তাঁরা মানছেন না, আমরা অনুরোধ করেছি।’
বিটিটিসি গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছিল খুচরা বাজারে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হতে পারে বড়জোর ১২০ টাকা দরে, আর প্যাকেটজাত চিনি ১২৫ টাকা। বিটিটিসির এ সুপারিশ কার্যকর করতে একই দিন অ্যাসোসিয়েশনকে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিলেও তারা তা কার্যকর করেনি।
বিটিটিসির সুপারিশ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে খোলা চিনির খুচরা মূল্য ১২০ টাকা, পরিবেশক মূল্য ১১৭ টাকা এবং মিলগেট মূল্য ১১৫ টাকা নির্ধারণের কথা উল্লেখ করা হয়। আর প্যাকেটজাত চিনির দরের কথা বলা হয় খুচরা মূল্য ১২৫ টাকা, পরিবেশক মূল্য ১২১ টাকা এবং মিলগেট মূল্য ১১৯ টাকা।
তবে বাজারের চিত্র ভিন্ন। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যই বলছে, বাজারে চিনি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি দরে।
বিটিটিসির সুপারিশ অনুযায়ী এর আগে অ্যাসোসিয়েশন যখন খোলা ১০৪ ও প্যাকেটজাত ১০৯ টাকা কেজি দরে চিনি বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছিল, বাস্তবে তা–ও কার্যকর হয়নি। বিজ্ঞপ্তির পর থেকে প্রতি কেজি চিনি ৩০ টাকা বেশি দিয়ে কিনে আসছেন ভোক্তারা।
এদিকে সচিবালয়ে গতকাল বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, ভোক্তাদের কাছে নির্ধারিত দরে চিনি বিক্রি করতে ব্যবসায়ীদের জানানো হয়েছে। তারা এ মূল্যে বাজারে বিক্রি করছে কি না, তা দেখার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে।