২০২৩–২৪ অর্থবছর

গ্যাস-বিদ্যুতের ভরসায় বড় লক্ষ্যমাত্রা

নতুন এই অর্থবছরের জন্য ৬ হাজার ২০০ কোটি ডলারের পণ্য ও এক হাজার কোটি ডলারের সেবা পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ।

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে—এমন ভরসার কথা মাথায় রেখে সরকার চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে পণ্য খাতে ৬ হাজার ২০০ কোটি ও সেবা খাতে ১ হাজার কোটি ডলার আয়ের আশা করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী নিজেই বলেছেন, এটা একটা উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা। আবার এ–ও বললেন, রপ্তানিকারকেরা জানিয়েছেন তা অর্জন করা সম্ভব, যদি গ্যাস-বিদ্যুতের নিশ্চয়তা পাওয়া যায়।

সচিবালয়ে গতকাল বুধবার চলতি ২০২৩-২৪ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিভিন্ন সংগঠনের নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিদেশি ক্রেতারা চীন ও ভিয়েতনাম থেকে সরে বাংলাদেশ আসতে চাইছেন। রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে। তবে এর বিপরীতে অনেক ‘যদি’ ও ‘কিন্তু’ রয়েছে। আমরা কি নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ পাব? এখন কিন্তু পাচ্ছি না।
মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি, বিকেএমইএ

বাণিজ্যমন্ত্রী জানান, বিদায়ী ২০২২–২৩ অর্থবছরের জন্য ৫ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আর সেবা খাতের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৯০০ কোটি ডলার। পণ্য ও সেবা মিলে দুই খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৭০০ কোটি ডলার। তবে এর বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৬ হাজার ৪৫৬ কোটি ডলার, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৩ দশমিক ৬৪ শতাংশ কম। তবে ২০২২-২৩ অর্থবছরের অর্জন তার আগের ২০২১-২২ অর্থবছরের ৬ হাজার ৯৭ কোটি ডলারের আয়ের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ বেশি।

টিপু মুনশি বলেন, ‘চলতি অর্থবছরে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা সম্ভব বলে ব্যবসায়ীরা একমত পোষণ করেছেন। তাঁরা অবশ্য রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে গ্যাস-বিদ্যুৎ-জ্বালানিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আমরা তাঁদের কথা শুনেছি এবং তাঁদের দাবি পূরণে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছি।’

পণ্য ও সেবা মিলে কেন এবার ৭ হাজার ২০০ কোটি ডলারের বড় রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার একটা ব্যাখ্যা দেন বাণিজ্যমন্ত্রী। বলেন, লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে গত দুই অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা এবং লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের হার বিবেচনায় নেওয়া হয়েছে।

এ ছাড়া সাম্প্রতিক অর্থবছরগুলোয় রপ্তানি খাতে অর্জিত প্রবৃদ্ধির গতিধারা, পণ্য ও বাজার সম্প্রসারণ ও বহুমুখীকরণে সরকারের নেওয়া আর্থিক ও অ-আর্থিক প্রণোদনা, বিশ্ববাণিজ্যের সাম্প্রতিক গতিধারা, দেশীয় ও বৈশ্বিক অর্থনীতিতে ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং রপ্তানি সম্ভাবনাময় নতুন পণ্য ও সেবা খাতের বিকাশ এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করে এবং সংবিধান অনুযায়ী। নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো কিছুই বন্ধ থাকবে না। অফিস-আদালত, ব্যাংক-বিমা, ব্যবসা-বাণিজ্য সবকিছুই স্বাভাবিকভাবেই চলবে। ফলে নির্বাচনের বছর উপলক্ষে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে কোনো বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা নেই।

টিপু মুনশি জানান, চলতি ২০২৩ সালের শেষ পর্যায়ে দক্ষিণ এশিয়ার বেশির ভাগ অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধি ঘটবে বলে বিভিন্ন সংস্থা পূর্বাভাস দিয়েছে। এই পূর্বাভাস ঠিক থাকলে এ সময়ে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা এখন পর্যন্ত যেসব পূর্বাভাস দিয়েছে, সেগুলো বিবেচনায় নিলে চলতি বছরের শেষ দিকে মন্দা অবস্থা কাটতে শুরু করবে এবং আগামী বছরে বিশ্ব অর্থনীতি আবার ভালো প্রবৃদ্ধির ধারায় ফিরবে।

বাণিজ্যমন্ত্রী জানান, ২০২২-২৩ অর্থবছরে পণ্য খাতে ৫ হাজার ৮০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে ৫ হাজার ৫৫৬ কোটি ডলার অর্জিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ দশমিক ৮ শতাংশ।

এ হার আগের ২০২১-২২ অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ বেশি। আর পণ্য ও সেবা খাত মিলে ৬ হাজার ৭০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ হাজার ৪৫৫ কোটি ডলার অর্জিত হয়েছে। তা লক্ষ্যমাত্রার প্রায় ৯৬ দশমিক ৩ শতাংশ এবং আগের ২০২১-২২ অর্থবছরের তুলনায় ৫ দশমিক ৮৮ শতাংশ বেশি।

বৈঠকের পর বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বলেন, ‘নিট পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি ভালো। বিদেশি ক্রেতারা চীন ও ভিয়েতনাম থেকে সরে বাংলাদেশে আসতে চাইছেন। রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে। তবে এর বিপরীতে অনেক ‘‘যদি’’ ও ‘‘কিন্তু’’ রয়েছে।’ তাঁর প্রশ্ন, ‘আমরা কি নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ পাব? এখন কিন্তু পাচ্ছি না।’

পোশাক খাতে নগদ সহায়তার জটিল পদ্ধতি বিভিন্ন পক্ষকে দুর্নীতিগ্রস্ত করে ফেলছে বলে দাবি করেন জনাব হাতেম। তিনি বলেন, মাঝে মাঝে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অপ্রয়োজনীয়ভাবে পণ্য আটকে রাখে।

আবার এক কারখানা থেকে আরেক কারখানায় পণ্য নিতে গেলে ভ্যাট নিয়ে জ্বালাতন হয়। পাঁচ বছরের ব্যালান্স শিট ধরেও এখন টাকা চাইছে এনবিআর।

তখন এনবিআরের সঙ্গে দেনদরকার করতে হয় কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু তো করতেই হয়।’