শতকোটিপতি হিন্দুজা পরিবারে যে লড়াই আরও জোরদার হয়েছে

পারিবারিক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে অনেক দিন ধরেই দ্বন্দ্ব চলছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ হিন্দুজা পরিবারে। চার ধনকুবের ভাইয়ের লড়াই আদালতেও গড়িয়েছে বছরখানেক হলো। মধ্যে মোটামুটি সমঝোতাও হয়েছিল তাঁদের মধ্যে।

কিন্তু লন্ডনের এক আদালতকে হিন্দুজা পরিবারের সবচেয়ে জ্যেষ্ঠ ভাই শ্রীচাঁদ হিন্দুজার আইনজীবী জানিয়েছেন, গোপীচাঁদ হিন্দুজার সঙ্গে ভাতিজা-ভাতিজিদের দ্বন্দ্বের নিরসন হয়নি। লড়াই এখনো চলছে। গত বছর হিন্দুজা পরিবার মামলা-মোকদ্দমায় ক্ষান্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শ্রীচাঁদের আইনজীবী জানান, পরিবারে এখনো ব্যবসা পরিচালনা ও উত্তরাধিকার নির্ধারণ নিয়ে বাদ-বিসংবাদ আছে। খবর ইকোনমিক টাইমসের
লন্ডন আদালতের বিচারক অ্যান্থনি হেইডেন বলেছেন, গত বছর মনে হয়েছিল, পরিবারের যুদ্ধরত সদস্যদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, অর্থাৎ যুদ্ধ এক রকম শেষ হয়েছে। তখন এ নিয়ে আনন্দ-উল্লাসও হয়েছে। তবে এটা যে ঠিক চুক্তি ছিল না, তা প্রমাণিত হওয়া বিস্ময়কর কিছু নয়।

হিন্দুজা গ্রুপের বিভিন্ন কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার। সেই সম্পদ ভাগাভাগি নিয়েই দ্বন্দ্ব চার ভাইয়ের মধ্যে শ্রীচাঁদ, গোপীচাঁদ, প্রকাশ ও অশোকের। হিন্দুজা ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে বছরখানেক আগেই আদালতে আবেদন জানিয়েছেন বড় ভাই শ্রীচাঁদ।

পরমানন্দ হিন্দুজা প্রতিষ্ঠিত হিন্দুজা শিল্পগোষ্ঠীর বয়স ১০৭ বছর। শিল্পগোষ্ঠীর গোড়াপত্তনকারী পরমানন্দ হিন্দুজার মৃত্যুর পর থেকে যৌথভাবেই পারিবারিক ব্যবসা চালিয়েছেন চার ভাই। গাড়ি, ব্যাংকিং, গ্যাস, তেল, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে ৩৮টি দেশে হিন্দুজাদের ব্যবসায়িক সাম্রাজ্যের বিস্তার। প্রায় প্রতিবছরই দেখা যায়, হিন্দুজা ভাইয়েরা ‘নিয়ম করে’ ব্রিটেনের সেরা ধনীদের তালিকায় ঠাঁই পান। কিন্তু সেই পরিবারে এখন বিচ্ছেদের সুর।

৮৭ বছরের শ্রীচাঁদ গুরুতর অসুস্থ। স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন। তাঁর হয়ে আইনি লড়াইয়ের দায়িত্ব পালন করছেন দুই মেয়ে বিনু ও শানু।

২০১৪ সালের এক যৌথ ঘোষণাপত্র নিয়ে হিন্দুজা পরিবারের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। চার হিন্দুজা ভাইয়ের সই করা ওই ঘোষণাপত্রে বলা হয়েছিল, কোনো এক ভাইয়ের হাতে থাকা সম্পত্তি আদতে চার ভাইয়েরই সম্পদ, কারও একার নয়। যেকোনো ভাই সেই সম্পত্তির তদারকিতে অন্য ভাইদের নিয়োগ করতে পারবেন। কিন্তু বাদ সাধেন শ্রীচাঁদ ও তাঁর কন্যারা।

তাঁদের দাবি, সেই যৌথ ঘোষণাপত্রের আইনি বৈধতা নেই। তাই শ্রীচাঁদের নামে থাকা ব্রিটেন ও সুইজারল্যান্ডের হিন্দুজা ব্যাংক তাঁর নিজস্ব সম্পত্তি। গোপীচাঁদ, প্রকাশ ও অশোক অবশ্য সেই যুক্তি মানতে নারাজ। তাঁরা এখনো ‘অখণ্ড হিন্দুজা সাম্রাজ্য’-এর তত্ত্বেই অনড়।

লন্ডনে বাকিংহাম প্যালেসের কাছেই হিন্দুজাদের প্রাসাদসম বাড়ি। সেই বাড়ির নৈশভোজের টেবিলও রাজকীয়। শ্রীচাঁদ বিশ্বাস করেন, সবাই একসঙ্গে বসে খাবার খেলে পরিবারের ঐক্য অটুট থাকে। ৩২ জন একসঙ্গে বসে খেতে পারেন সেই টেবিলে।

ইংরেজিতে তেমন একটি প্রবাদও আছে—ফ্যামিলি দ্যাট ইটস টুগেদার স্টে টুগেদার; অর্থাৎ যে পরিবার একসঙ্গে খায়, একসঙ্গে থাকেও। কিন্তু হিন্দুজাদের নৈশ আহারের ৩২ আসনের সেই টেবিল অক্ষত থাকলেও সেখানে তাঁদের আর একসঙ্গে বসে খাওয়া হয় না বলেই জানা গেছে।