
তুরস্কে যে চিনির কেজি ৮৩ টাকা, সেটিই বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা দরে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আজ বুধবার এ তথ্য তুলে ধরা হয়েছে।
বৈঠকে তুরস্ক থেকে ১২ হাজার ৫০০ টন চিনি কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। তুরস্ক থেকে আমদানি করে সাশ্রয়ী দামে নিম্ন আয়ের ভোক্তাদের কাছে এ চিনি বিক্রি করবে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি)। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তুরস্কের স্মার্টেক ইনফরমেশন টেকনোলজি থেকে ১২ হাজার ৫০০ টন চিনি কেনা হবে। এতে ব্যয় হবে ৬৪ কোটি ২০ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৮২ দশমিক ৮৯ টাকা।
তিন সপ্তাহ আগে গত ১২ এপ্রিল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মালয়েশিয়া থেকেও ১২ হাজার ৫০০ টন করে ২৫ হাজার টন চিনি কেনার দুটি প্রস্তাব অনুমোদিত হয়েছিল। তখন এক প্রস্তাবের বিপরীতে প্রতি কেজি চিনির দাম বলা হয়েছিল ৮৯ টাকা ৫০ পয়সা, আরেকটির বিপরীতে ৮৮ টাকা ৭৪ পয়সা কেজি। সাঈদ মাহবুব খান আজ বলেন, আগের চেয়ে কেজিতে ছয় টাকা কমে চিনি কেনা হচ্ছে।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ক্রয় কমিটিতে চিনির যত প্রস্তাব পাস হয়েছে, এর কোনোটিতেই দর ৯০ টাকার বেশি ছিল না। আর তুরস্ক থেকে যে চিনি আমদানি করা হচ্ছে, তার মান বাংলাদেশি চিনির চেয়েও ভালো।
এমনকি গত ১১ জানুয়ারি ভারতের কলকাতার শ্রীনোভা ইস্পাত প্রাইভেট লিমিটেড থেকে ১২ হাজার ৫০০ টন চিনি কেনায় যে খরচ হয়েছিল, তাতে প্রতি কেজি চিনির দাম পড়েছিল ৫৬ টাকা ২২ পয়সা।
চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের মতে, চিনি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক, ভ্যাট ও জাহাজভাড়া ইত্যাদি বিবেচনায় নিয়ে হিসাব করলে দেশের বাজারে প্রতি কেজিতে দাম আরও ৩০ টাকার বেশি বাড়বে।
অ্যাসোসিয়েশনের মহাসচিব ও দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘তুরস্ক অন্যতম চিনি রপ্তানিকারক দেশ নয়। দেশটিতে চিনির দাম এতো কম কেন সেটি আমার জানা নেই।’
দেশবন্ধু, আবদুল মোনেম, এস আলম, মেঘনা ও সিটি—এসব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোই দেশে চিনির প্রধান সরবরাহকারী।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) হিসাবে, দেশে বছরে চিনির চাহিদা ১৮ থেকে ২০ লাখ টন। এ চিনির প্রায় পুরোটা বিদেশ থেকে আমদানি করে পরিশোধন করা হয়। এর বাইরে শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) উৎপাদন করে ৬০ থেকে ৭০ হাজার টন চিনি।
এদিকে সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বলেছে, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি টন অপরিশোধিত চিনির দাম ৬৭৫ মার্কিন ডলার। অথচ এক মাস আগেও তা ছিল ৫২০ ডলার। এই বাস্তবতায় চিনি আমদানির ঋণপত্র খুলতে ‘ভীতির সম্মুখীন’ হচ্ছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। কারণ, বর্তমান দামে চিনি আমদানি করলে তাতে প্রতি কেজিতে সব মিলিয়ে খরচ পড়বে ১৩১ টাকা।
টিসিবির বাজারদর অনুযায়ী আজ খোলা চিনি বেচাকেনা হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি। গত ১০ দিনের ব্যবধানে খোলা চিনির দাম কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। প্যাকেটজাত চিনি বলতে গেলে মিলছেই না বাজারে।
অ্যাসোসিয়েশনের বক্তব্য কতটা সত্য, তা যাচাই করতে আজ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে বিটিটিসির সদস্য শীষ হায়দার চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আজ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আজই একটি প্রতিবেদন পাঠানো হবে বাণিজ্য মন্ত্রণালয়ে। আর এখন থেকে নিয়মিতভাবে তাঁদের সঙ্গে বৈঠক করা হবে।’