রপ্তানি ট্রফির সোনার ওজন ও মান উভয়ই কমছে

ট্রফি তৈরিতে সোনা-রুপার পরিমাণ আগের চেয়ে কম দেওয়া হবে। তবে ট্রফি পেতে কিছু খাতে রপ্তানি বাড়িয়ে দুই থেকে তিন গুণ করতে হবে।

জাতীয় রপ্তানি ট্রফিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের ওজন কমছে। সেই সঙ্গে কমছে এসব ধাতুর পরিমাণও। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালায় এমনটাই বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় গত ২৯ মার্চ এই নীতিমালা জারি করেছে। এতে বলা হয়েছে, রপ্তানি বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশি-বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানকে প্রতি অর্থবছরেই রাষ্ট্রীয়ভাবে জাতীয় ট্রফি ও সনদ দেওয়া হবে।

নতুন নীতিমালায় ট্রফির জন্য স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের পরিমাণ এবং মান কমানো হয়েছে। ট্রফি তৈরিতে আগে এক তোলা পরিমাণ ২২ ক্যারেটের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ থাকার বাধ্যবাধকতা ছিল। এখন নিম্নমানের অর্থাৎ ১৮ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ থাকার কথা বলা হয়েছে। এক তোলা সমান ১১ দশমিক ৬৬ গ্রাম। সেই হিসাবে ট্রফি তৈরিতে এখন ১ দশমিক ৬৬ গ্রাম কম লাগবে।

জাতীয় রপ্তানি ট্রফিতে দেওয়া সোনা-রুপার মান ও পরিমাণ কমানো নিয়ে যোগাযোগ করলে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, প্রশ্নটি আলোচনায় এসেছিল। তবে স্বাধীনতা পদকের চেয়ে এ ট্রফিতে সোনা-রুপার মান বেশি হওয়া উচিত নয়। ১৮ ক্যারেটের সিদ্ধান্তটি ওই বিবেচনা থেকেই এসেছে।

অন্যদিকে বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক বলেন, ‘ট্রফি পাওয়ার ক্ষেত্রে রপ্তানির পরিমাণ বৃদ্ধির শর্ত ঠিক আছে। আর ট্রফিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের পরিমাণটাও খুব একটা মুখ্য নয়। তারপরও ২২ ক্যারেটের বদলে ১৮ ক্যারেটে নামিয়ে আনা ও পরিমাণ কম দেওয়াটা আমার কাছে একটু দৃষ্টিকটু লাগছে।’

ট্রফি পাওয়ার ক্ষেত্রে রপ্তানির পরিমাণ বৃদ্ধির শর্ত ঠিক আছে। আর ট্রফিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের পরিমাণটাও খুব একটা মুখ্য নয়। তারপরও ২২ ক্যারেটের বদলে ১৮ ক্যারেটে নামিয়ে আনা ও পরিমাণ কম দেওয়াটা আমার কাছে একটু দৃষ্টিকটু লাগছে।
মো. ফজলুল হক, সাবেক সভাপতি, বিকেএমইএ

নীতিমালা অনুযায়ী আগের তুলনায় পণ্য রপ্তানির পরিমাণ দ্বিগুণ থেকে তিন গুণ হলেই কেবল জাতীয় রপ্তানি ট্রফি পাওয়া যাবে। পোশাকসহ সব ধরনের সুতা রপ্তানির জন্য নতুন এ নিয়ম করা হয়েছে। অন্যান্য পণ্যের ক্ষেত্রেও ট্রফি পাওয়ার জন্য রপ্তানির পরিমাণ বাড়ানোর শর্ত দেওয়া হয়েছে। 

এত দিন ৩২টি খাতে জাতীয় ট্রফি দেওয়া হতো। নতুন নীতিমালায় চারটি খাত বাড়ানো হয়েছে। এগুলো হচ্ছে ডেনিম ফেব্রিকস ও ডেনিম তৈরি পোশাক; আসবাবপত্র; ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং কম্পিউটার সেবা। রপ্তানি ট্রফি পেতে হলে ডেনিম ফেব্রিকস ও ডেনিম পোশাক খাতে ২ কোটি, আসবাবপত্রে ৩০ লাখ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে ৫০ লাখ এবং কম্পিউটার সেবা খাতে ২০ লাখ ডলারের রপ্তানি আয় থাকতে হবে। 

প্রশ্নটি আলোচনায় এসেছিল। তবে স্বাধীনতা পদকের চেয়ে এ ট্রফিতে সোনা-রুপার মান বেশি হওয়া উচিত নয়। ১৮ ক্যারেটের সিদ্ধান্তটি ওই বিবেচনা থেকেই এসেছে।
তপন কান্তি ঘোষ, বাণিজ্যসচিব 

রপ্তানির মাধ্যমে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারীকে দেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি। যিনি এ ট্রফি পাবেন তাঁকে আর সাধারণ খাত থেকে ট্রফি দেওয়া হবে না। ট্রফি দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমভাবে বিবেচনা করা হবে। ১৩ সদস্যের প্রাথমিক বাছাই কমিটি ও ১৪ সদস্যের চূড়ান্ত বাছাই কমিটি নির্বাচন করবে কোন কোন প্রতিষ্ঠান ট্রফি পাবে। 

কার রপ্তানি কত বাড়াতে হবে

রপ্তানি ট্রফি পেতে ওভেন পোশাক খাতের জন্য এত দিন ন্যূনতম আয় ধরা হয়েছিল ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। আর নিট পোশাকের জন্য আয় ধরা হয়েছিল ২ কোটি ৪০ লাখ ডলার। দুটির জন্যই এখন সাত কোটি ডলার আয়ের শর্ত দেওয়া হয়েছে। 

ট্রফি পেতে ডেনিম ছাড়া সব ধরনের সুতায় আগে ন্যূনতম আয়ের কথা বলা হয়েছিল এক কোটি ডলার। এখন আয় করতে হবে তিন কোটি ডলার। টেক্সটাইল ফেব্রিকসে আগে এক কোটি ডলার আয়ের কথা থাকলেও এখন ধরা হয়েছে দেড় কোটি ডলার। 

অন্য খাতগুলোর মধ্যে হোম ও স্পেশালাইজড টেক্সটাইলে আয় ২ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি ৫০ লাখে, কৃষিজাত পণ্যে (তামাক ছাড়া) ১০ লাখ থেকে ২০ লাখে, ফুল-ফলিয়েজে ১০ লাখ থেকে ১৫ লাখে, হস্তশিল্পজাত পণ্য আড়াই লাখ থেকে ৫ লাখে, প্লাস্টিক পণ্যে ২০ লাখ থেকে ৩০ লাখে, মেলামিন পণ্যে ২০ লাখ থেকে ৪০ লাখে, হালকা প্রকৌশল ১৫ লাখ থেকে ৫০ লাখে উন্নীত করা হয়েছে।

এ ছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্যে ১৫ লাখ থেকে ৮০ লাখ, জাহাজশিল্পে ১৫ লাখ থেকে ২ কোটি, অন্যান্য শিল্পজাত পণ্যে ২০ লাখ থেকে ৩০ লাখ, ওষুধ পণ্যে ২০ লাখ থেকে ৫০ লাখ, কম্পিউটার সামগ্রীতে ২০ লাখ থেকে ৫০ লাখ, কম্পিউটার সেবায় ২০ লাখ, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে ৪০ লাখ থেকে ৮০ লাখ, গার্মেন্টস অ্যাকসেসরিজে ৪০ লাখ থেকে ৮০ লাখ, অন্যান্য প্রাথমিক পণ্যে ৫ লাখ থেকে ১০ লাখ, অন্যান্য সেবা খাতে ২০ লাখ থেকে ৫০ লাখ এবং নারী উদ্যোক্তা খাতে ২ লাখ থেকে ১০ লাখ ডলারে উন্নীত করতে হবে রপ্তানি আয়। 

যাদের আয় না বাড়ালেও চলবে

রপ্তানি ট্রফি পেতে টেরিটাওয়েল খাতে ৫০ লাখ, হিমায়িত খাদ্যে ১ কোটি, কাঁচা পাটে ৫০ লাখ, পাটজাত দ্রব্যে ১ কোটি, চামড়ায় (ক্রাস্ট অ্যান্ড ফিনিশড) এক কোটি, চামড়াজাত পণ্যে ২০ লাখ, ফুটওয়্যারে ৪০ লাখ, কৃষিজ পণ্যে (তামাক ছাড়া) ১০ লাখ ডলারের সমান রপ্তানি করার বাধ্যবাধকতা ছিল আগে। তা অপরিবর্তিত রাখা হয়েছে। চা রপ্তানির পরিমাণ ২০ লাখ থেকে ১০ লাখ ডলার করা হয়েছে। 

রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা মানে ইপিজেডভুক্ত প্রতিষ্ঠানের জন্য আগে দুটি খাত ছিল। নতুন নিয়মে একটি খাত করা হয়েছে। আগে ইপিজেডভুক্ত ১০০ শতাংশ বাংলাদেশি মালিকানাধীন (সি ক্যাটাগরি) তৈরি পোশাক শিল্প (নিট ও ওভেন) খাতে কমপক্ষে তিন কোটি ডলার আয় করার শর্ত ছিল। আর ইপিজেডভুক্ত ১০০ শতাংশ বাংলাদেশি মালিকানাধীন (সি ক্যাটাগরি) অন্যান্য পণ্য ও সেবা খাতে ছিল এক কোটি ডলার আয়ের শর্ত। নতুন নীতিমালায় ইপিজেডের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল বা ইপিজেডভুক্ত অন্যান্য পণ্য ও সেবা খাতের রপ্তানি আয় নির্ধারণ করা হয়েছে এক কোটি ডলার। 

এবার কম্পিউটারসামগ্রী ও কম্পিউটার সেবা নামে দুটি খাত করা হয়েছে।