
১৯৯৯ সালের কথা। দেশে তখন ব্যবহৃত গাড়ির তেমন বিক্রয়কেন্দ্র ছিল না। ফলে ব্যবহৃত গাড়ি কেনার সময় অনেক ক্রেতাই প্রতারিত হতেন। কারণ, সব ক্রেতা কাগজপত্র ও গাড়ি যাচাই করে গাড়ি কিনতে পারতেন না। এই সমস্যার সমাধানে সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছয় বন্ধু প্রতিষ্ঠা করেন কারহাট নামের একটি গাড়ি বেচাকেনার প্ল্যাটফর্ম।
ঢাকায় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউ–সংলগ্ন রাজধানী উচ্চবিদ্যালয়ের মাঠে প্রতি শুক্রবার বসে এই হাট। এখানে ব্যবসায়ী ও ব্যক্তিপর্যায়ের গাড়ি বিক্রেতারা তাঁদের গাড়ি নিয়ে আসেন। উন্মুক্ত এই বাজারে এসে যেকোনো ক্রেতা পছন্দের মডেলের গাড়ির দরদাম সম্পর্কে একটি ভালো ধারণা পেতে পারেন।
কারহাটের অন্যতম উদ্যোক্তা ও পরিচালক গোলাম আরিফ মুনতাসির বলেন, গাড়ি বেচাকেনায় ক্রেতা-বিক্রেতারা যেন হয়রানির শিকার না হন, সে উদ্দেশ্যেই কারহাট প্রতিষ্ঠা করা হয়। মূলত ক্রেতা-বিক্রেতার মধ্যে আস্থার সম্পর্ক তৈরির কাজটি করে কারহাট।
প্রতি বুধবার বিক্রেতাদের কাছ থেকে গাড়ির তালিকা নেয় কারহাট। এরপর সেসব গাড়ির কাগজপত্র যাচাই করা হয়। সব ঠিক থাকলে সেই গাড়ি শুক্রবার হাটে তোলা হয়। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলে গাড়ি বেচাকেনা।
কারহাটে প্রতি সপ্তাহে প্রায় দেড় শ গাড়ি বিক্রি করার জন্য আনা হয়। এর মধ্যে গড়ে ২০টির মতো গাড়ি বিক্রি হয়। সাধারণত ৮ লাখ থেকে ২০ লাখ টাকা দামের গাড়িই এখানে বেশি বিক্রি হয়।
কারহাটে গাড়ির অতিরিক্ত দাম নির্ধারণ করতে দেওয়া হয় না বলে জানান গোলাম আরিফ মুনতাসির। তিনি বলেন, ‘মডেল ও সার্বিক অবস্থা অনুসারে গাড়ির সম্ভাব্য যে দাম হওয়া উচিত, সে রকম দামই নির্ধারণের জন্য চাপ থাকে আমাদের পক্ষ থেকে। আর গাড়ির কাগজপত্রের বিষয়ে আমরা সব দায়িত্ব নিই।’ তবে কেনার আগে ক্রেতাদের গাড়ির ইঞ্জিনসহ কাঠামোগত সার্বিক অবস্থা দেখে নেওয়ার পরামর্শ দেন তিনি।
গোলাম আরিফ মুনতাসির আরও বলেন, ‘আমরা শুরু থেকেই স্বচ্ছতার সঙ্গে এই গাড়ির বাজার পরিচালনা করে আসছি।’