কাঁচা মরিচের কেজি রোববার ২০০ টাকায় নেমেছিল।গতকাল আবার ৪০০ টাকায় উঠেছে।

ঢাকার বাজারে কাঁচা মরিচের দাম আবার বেড়েছে। খুচরায় প্রতি আড়াই শ গ্রাম কাঁচা মরিচের দাম পড়ছে ১০০ থেকে ১১০ টাকা। এক কেজি নিলে বিক্রেতারা ৪০০ টাকা রাখার কথা বলছেন।
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কাঁচা মরিচের দর কেজিপ্রতি ৭০০ টাকা পর্যন্ত উঠেছিল। তা কমে রোববার ২০০ টাকায় নেমেছিল। গতকাল বুধবার বাজারে আবার ৪০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা যায়।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি কমে যাওয়া ও দেশে সরবরাহ না বাড়ায় নতুন করে দাম বেড়েছে। অবশ্য স্থলবন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বাজারে দাম বাড়ার পর ব্যবসায়ীরা গতকাল আবার আমদানি শুরু করেছেন।
ঢাকার খুচরা বাজারে কাঁচা মরিচের ভিন্ন ভিন্ন দাম দেখা যায়। কারওয়ান বাজারের আড়তে গতকাল বিকেলে কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ৩৬০ থেকে ৩৮০ টাকা দরে। আগের দিন একই বাজারে একই সময়ে দর ছিল ২৪০ থেকে ২৮০ টাকা।
কারওয়ান বাজারেই খুচরা দোকানে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা চাইছিলেন বিক্রেতারা। নিউমার্কেট বনলতা কাঁচাবাজার ও মালিবাগ কাঁচাবাজারে কাঁচা মরিচ ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি করেছেন বিক্রেতারা।
কারওয়ান বাজারের আড়তদার হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, এক দিন আগেই কাঁচা মরিচের দাম বেশ কম ছিল। সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে। তিনি বলেন, কাঁচামালের দাম চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। আমদানি এখনো কম।
সাধারণ দেশীয় চাষিদের উৎপাদিত কাঁচা মরিচেই চাহিদা মেটে। তবে বর্ষায় মরিচের খেত ক্ষতিগ্রস্ত হলে অথবা বৃষ্টি একেবারে কম হলে উৎপাদন ও সরবরাহ কমে যায়। তখন ভারত থেকে আমদানি করা হয়। এবার ঈদুল আজহার আগে গত ২৫ জুন সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। যদিও আমদানির প্রক্রিয়া করতে করতে ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু হয়ে যায়।
ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ফলে বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। ঈদের পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে অভিযানে নামে। ভারত থেকে আমদানি বাড়ে।
এতে কয়েক দিন দাম কম থাকে। দাম যখন কম ছিল, তখন আমদানি কমে যায়। গতকাল থেকে আবারও আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২৯ মেট্রিক টনের বেশি কাঁচা মরিচ নিয়ে এসেছে গতকাল। স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম ঢাকার চেয়ে অনেকটাই কম।
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বাজারের সবজি বিক্রেতা ইস্তামুল হক প্রথম আলোকে বলেন, কাঁচা মরিচ গতকাল ২০০ টাকা কেজিতে বিক্রি করেছেন তিনি।
যশোরের বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, ২ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত বন্দরটি দিয়ে ১৩২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
এদিকে দেশের অন্যতম মরিচ উৎপাদনের এলাকা পাবনার সাঁথিয়া উপজেলায় এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে। গতকাল পাইকারি বাজারে তা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪০০ থেকে ৪৮০ টাকা দরে। কৃষকেরা বলছেন, বিরূপ আবহাওয়া উৎপাদন কম হওয়ার কারণ।
সাঁথিয়া উপজেলার ছেঁচানিয়া গ্রামের মরিচচাষি ময়সার আলী গতকাল দুপুর ১২টার দিকে তাঁর মরিচখেতের পরিচর্যা করছিলেন। তিনি জানান, বৃষ্টি কম থাকায় এবার ফলন কম। তবে কয়েক দিনের বৃষ্টিতে গাছে প্রচুর ফুল এসেছে।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন যশোর অফিস, প্রতিনিধি, বেড়া, পাবনা ও বিরামপুর, দিনাজপুর]