খোলা জায়গায় বেশি মলত্যাগ করেন রংপুরের মানুষ

প্রতীকী ছবি

এখনো খোলা জায়গায় মলত্যাগ করার প্রবণতা আছে। দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ খোলা জায়গা বা উন্মুক্ত স্থানে মলত্যাগ করেন। বর্তমানে দেশব্যাপী এই সংখ্যা ২০ লাখের বেশি। সম্প্রতি প্রকাশিত জনমশুমারির তথ্য অনুযায়ী, দেশের ১ দশমিক ২৩ শতাংশ পরিবার বা খানার সদস্যরা খোলা জায়গায় মলত্যাগ করেন। তাদের সুনির্দিষ্ট কোনো টয়লেট সুবিধা নেই। খোলা জায়গাই তাদের ভরসা। এ রকম মলত্যাগ সবচেয়ে বেশি হয় রংপুর বিভাগে।

সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, সারা দেশে মোট খানা আছে ৪ কোটি ১০ লাখ ১০ হাজার ৫১টি। এর মধ্যে ১ দশমিক ২৩ শতাংশ বা ৫ লাখের বেশি পরিবার বা খানার সদস্য উন্মুক্ত স্থানে মলত্যাগ করেন। জনশুমারির ফলাফল অনুযায়ী, প্রতিটি খানার আকার বা গড় সদস্যসংখ্যা ৪। এই হিসাব বিবেচনায় আনলে দেশে উন্মুক্ত স্থানে মলত্যাগ করা মানুষের সংখ্যা দাঁড়ায় ২০ লাখের বেশি।

খোলা জায়গায় মলত্যাগ করেন, এমন মানুষের মধ্যে সাধারণত ছিন্নমূল, ভবঘুরে, প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষই বেশি। অতি দারিদ্র্যের কারণে টয়লেটের সুবিধা নিশ্চিত করতে পারেন না এসব মানুষ।

জনশুমারিতে দেখা গেছে, ৮টি বিভাগের মধ্যে রংপুরে সর্বোচ্চ ৪ দশমিক ৩১ শতাংশ পরিবার বা খানার মানুষের টয়লেট সুবিধা নেই। খানার সংখ্যা ও খানার আকার—জনশুমারির এসব তথ্য হিসাব করে দেখা গেছে, রংপুর বিভাগের প্রায় আট লাখ মানুষ খোলা জায়গায় মলত্যাগ করেন। খোলা জায়গায় মলত্যাগ করেন সবচেয়ে কম ঢাকা বিভাগের মানুষ। এই বিভাগের শূন্য দশমিক ২৮ শতাংশ পরিবারের সদস্য খোলা জায়গায় মলত্যাগ করেন। ঢাকার খানার সংখ্যা ও আকার হিসাব করে দেখা গেছে, এই বিভাগের প্রায় দেড় লাখ মানুষ এমন কাজ করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৯ সালের মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে নামের জরিপ অনুযায়ী, তখন দেশের দেড় শতাংশ পরিবারের সদস্য খোলা জায়গা মলত্যাগ করতেন। তিন বছরের ব্যবধানে এই হার কিছুটা কমেছে।  

এ বিষয়ে বিবিএসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উন্মুক্ত স্থানে মলত্যাগ করা মানুষের সংখ্যা কমে আসছে। সরকারের নানা কর্মসূচির ফলে মানুষ স্বাস্থ্যসচেতন হচ্ছেন। এ ছাড়া কোভিডের কারণে প্রায় সব মানুষের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার ঝোঁক বেড়েছে। উন্মুক্ত স্থানে মলত্যাগ করলে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি পরিবেশ নষ্ট হয়, তা তাঁরা বুঝতে পারছেন।

জনশুমারিতে কত পরিবার কী ধরনের টয়লেট সুবিধা পায়, সেই হিসাবও উঠে এসেছে। তাতে দেখা গেছে, ফ্ল্যাশ করে বা পানি ঢেলে নিরাপদ পানিনিষ্কাশন হয়, এমন টয়লেট সুবিধা আছে ৫ শতাংশ পরিবারের। ফ্ল্যাশ করে বা পানি ঢেলে অনিরাপদ পানিনিষ্কাশন হয়, এমন টয়লেট সুবিধা আছে প্রায় ১৩ শতাংশ পরিবারে। স্ল্যাবসহ পিট ল্যাট্রিন আছে প্রায় পৌনে ২২ শতাংশ পরিবারে। স্ল্যাব ছাড়া পিট ল্যাট্রিন আছে ৮ শতাংশ পরিবারের। কাঁচা, খোলা ও ঝুলন্ত ল্যাট্রিন ব্যবহার করে ৪ শতাংশ পরিবার। বাকিরা খোলা জায়গায় কাজ সারে।