‘মালিক যেটা দেন, সেটা নিয়েই খুশিমনে বাড়ি চলে যাব’

রাজধানীর বঙ্গবাজারের দোকান কর্মচারীদের অধিকাংশেরই বাড়ি ঢাকার বাইরে। ঐতিহ্যগতভাবে তাঁরা পুরো রমজান মাসে বেচাকেনা করে ‘চাঁদরাতে’; অর্থাৎ ঈদের আগের রাতে দলে দলে বাড়িতে ফেরেন। কিন্তু এবার সেই তাড়া নেই। কারণ, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বঙ্গবাজারের অধিকাংশ ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁদের অবস্থা এতটাই সঙিন যে ঈদের আগে কর্মচারীদের বেতন-বোনাস কিছুই দিতে পারছেন না।

শুক্রবার সরেজমিনে বঙ্গবাজারে গিয়ে সংশ্লিষ্ট বিভিন্নজনের সঙ্গে আলাপ করে জানা যায়, অধিকাংশ কর্মচারী এখনো বেতন-বোনাস পাননি। অনেকে চক্ষুলজ্জার ভয়ে মালিকের কাছে বেতনের টাকাটাও চাইতে পারছেন না। এদিকে বেঁচে থাকার বাস্তবতাও আছে। কর্মচারীদের পরিবারগুলো তো তাঁদের ওপর নির্ভরশীল। পরিবারগুলো নিশ্চয়ই অপেক্ষায় আছে, ঈদ উপলক্ষে আদৌ টাকা আসবে কি না বা এলে কখন বা কত টাকা আসবে।

সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড গরমের কারণে বঙ্গবাজারে ৫০ শতাংশের মতো চৌকিতে ব্যবসায়ীরা দোকান খুলে বসেননি। সেখানে অস্থায়ীভাবে চৌকি পেতে ব্যবসায়ীদের দোকান করার ব্যবস্থা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। যাঁরা দোকানে বসেছেন, তাঁদের বেচাকেনা একেবারেই কম। ঈদবাজারের যেন কোনো আমেজই নেই। ঈদের খরচ তুলতে অনেকে কেনা দামেই পণ্য ছেড়ে দিচ্ছেন। বহু ব্যবসায়ী শুক্রবার বিকেল পর্যন্ত কর্মচারীদের বেতন-বোনাস দিতে পারেননি বলে জানা গেছে।

মালিক যেটা দেন, সেটা নিয়েই খুশিমনে বাড়ি চলে যাব। এখন মালিককে বাড়তি চাপ দেওয়ার মতো পরিস্থিতি নেই। তবে আমার নিজেরও একটা পরিবার আছে। তারা আমার ওপর নির্ভরশীল। তাদের অবশ্য বলে রেখেছি, এবার বেশি কিছু আশা না করতে।
সালাউদ্দিন আহমেদ, কর্মচারী, বিসমিল্লাহ গার্মেন্টস, বঙ্গবাজার।  

বেশ কয়েকজন কর্মচারী আলাপকালে প্রথম আলোকে জানান, অস্থায়ী দোকানে বিক্রি আশানুরূপ না হওয়ায় তাঁদের অনেকেই বেতনের টাকাও দাবি করেননি। বোনাসের আশা এবার সবাই ছেড়েই দিয়েছেন। তাতে ঈদ উপলক্ষে তাঁদের বাড়ি যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিসমিল্লাহ গার্মেন্টসের কর্মচারী সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এখনো পর্যন্ত বেতন-বোনাস পাইনি। আসলে পরিস্থিতি দেখে আমি বেতন চাইনি। বোনাসের আশা এবার করছি না। তবে আজ (শুক্রবার) রাতে বেচাকেনা শেষ করে বাড়ি যাওয়ার পরিকল্পনা আছে। তখন মালিক যেটা দেন, সেটা নিয়েই খুশিমনে বাড়ি চলে যাব। এখন মালিককে বাড়তি চাপ দেওয়ার মতো পরিস্থিতি নেই। তবে আমার নিজেরও একটা পরিবার আছে। তারা আমার ওপর নির্ভরশীল। তাদের অবশ্য বলে রেখেছি, এবার বেশি কিছু আশা না করতে।’

অনিক গার্মেন্টসের বিক্রয়কর্মী মো. ইকবাল হোসেনের বক্তব্যও প্রায় একই। মালিক তাঁকে যে টাকা দেবেন, তা নিয়েই তিনি বাড়ি যেতে চান। তবে প্রতিষ্ঠানটির মালিক জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আজ (শুক্রবার) সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র দুটি টি-শার্ট বিক্রি করতে পেরেছি। তা-ও কেনা দামে (৫০০ টাকা) বিক্রি করতে হয়েছে। বাড়ি ফেরার টাকা নেই। দোকানে একজন কর্মচারী আছেন। তাঁর বেতন কীভাবে দেব, সেই ভাবনায় আছি। ঈদের আগে ব্যবসা ফেরানোর যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে বসতে দেওয়া হয়েছিল, তা কাজে আসেনি। এর মধ্যে গরমের সমস্যাও রয়েছে। যে কারণে বেচাকেনা অনেক কম হয়েছে।’  

বঙ্গ ইসলামিয়া মার্কেটের পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান আজাদ গার্মেন্টসের বিক্রয়কর্মী ফয়সল আহমেদ বলেন, ‘আগুনে মালিকের কয়েকটি দোকান পুড়েছে। যেটা ভালো আছে, সেটা দেখাশোনা করছি। তবে গতকাল আর আজ (শুক্রবার) দুপুর পর্যন্ত কোনো বেচাকেনাই করতে পারেনি। তাতে এবার ঈদে বেতন-বোনাস পাব কি না, তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।’ তবু রাতে বাড়ি ফেরার সময় মালিক একটা ব্যবস্থা করবেন বলে প্রত্যাশা এই বিক্রেতার।

জানতে চাইলে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ খান প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা ঈদের আগে ব্যবসা করতে না পারায় অনেকে কর্মচারীর বেতন দিতে পারছেন না। কর্মচারীরা এবার বোনাসের আশা করছেনও না। কিন্তু তাঁদের বেতনটার অন্তত ব্যবস্থা করা উচিত। ব্যবসায়ীরা তো বটেই, বঙ্গবাজারে কর্মরত কর্মচারীদের পরিবারগুলোতেও এবার ঈদের কোনো আমেজ নেই বলে জানান তিনি।

বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, যাঁরা চৌকিতে বসে পড়েছেন, তাঁদের অনেকেই বিক্রি ভালো না হওয়ায় ঈদের আগে বেশি মালামাল তোলেননি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চৌকি পেতে দিলেও রোদের তাপ থেকে রক্ষা পেতে ব্যবসায়ীদেরই ছাতা কিনতে হয়েছে। আবার কেউ কেউ ত্রিপল টাঙিয়েছেন। বিক্রি কম হওয়ায় এই বিনিয়োগও উঠে আসবে কি না এবং কর্মচারীদের বেতন দেওয়া যাবে কি না, সেই সংশয়ে অনেকে চৌকিতে দোকান নিয়ে বসেননি।

বঙ্গবাজারের ব্যবসায়ীদের চৌকিতে বসানোর সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে জানানো হয়েছিল, অস্থায়ী এসব দোকানে শামিয়ানা টাঙানো হবে। একই সঙ্গে বিদ্যুতের ব্যবস্থাও করা হবে। সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, শামিয়ানা তাঁরা নিজেরাই টাঙিয়েছেন। বিদ্যুৎ এলেও তাতে শুধু রাতে আলো জ্বালানোর ব্যবস্থা হয়েছে। প্রচণ্ড রোদের তাপের মধ্যেও সেখানে ফ্যান ব্যবহারের অনুমতি নেই।  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডে ভস্মীভূত বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি ইউনিটে (বঙ্গবাজার, গুলিস্তান, মহানগরী ও আদর্শ) মোট দোকান ছিল ২ হাজার ৯৬১টি। এখন এই দোকানগুলোর কোনো চিহ্নও নেই। এ ছাড়া মহানগর শপিং কমপ্লেক্সে ৭৯১টি, বঙ্গ ইসলামিয়া মার্কেটে ৫৯টি ও বঙ্গ হোমিও কমপ্লেক্সে ৩৪টি দোকান আগুনে পুড়েছে। সব মিলিয়ে ৩ হাজার ৮৪৫টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, বঙ্গবাজারে সব মিলিয়ে ৩০৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে মালপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে ২৮৮ কোটি টাকার বেশি। আর মার্কেটগুলোর কাঠামোগত ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৭০ লাখ টাকা। এ ছাড়া দোকানের মালিক-কর্মচারীদের মানবিক, মানসিক বিপর্যয়সহ ক্ষতির পরিমাণ, চাকরিহীনতার আর্থিক মাপকাঠি নিরূপণ করা দুরূহ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।