মেটা ও ডিজনিতে ১৮ হাজার কর্মী ছাঁটাই

আবারও কর্মী ছাঁটাই করছে মেটা। এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করবে তারা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম—সব কোম্পানি থেকেই ছাঁটাই হবে। আজ বুধবারই শুরু হচ্ছে এ প্রক্রিয়া। সেই সঙ্গে মিডিয়া কোম্পানি ওয়াল্ট ডিজনিও শিগগির ছাঁটাই শুরু করতে যাচ্ছে। খবর ইকোনমিক টাইমসের।

গত নভেম্বরে এক দফা কর্মী ছাঁটাই করেছিল মেটা। সেই সময় সিলিকন ভ্যালির অনেক কোম্পানি মন্দা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। মেটাও তাদের কর্মীদের ১৩ শতাংশ ছেঁটে ফেলেছিল। এতে ১১ হাজার কর্মীর চাকরি গিয়েছিল মেটায়। দ্বিতীয় দফায় মেটায় চাকরি যেতে চলেছে আরও অন্তত ১০ হাজার কর্মীর।

আন্তর্জাতিক অর্থনৈতিক পত্রিকা ব্লুমবার্গ নিউজের সূত্রে ইকোনমিক টাইমস জানিয়েছে, বুধবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেবে মেটা। সেই বিবৃতি তারা স্বচক্ষে দেখেছে বলেও দাবি করেছে পত্রিকাটি। মেটার প্রতিষ্ঠাতা জাকারবার্গ অবশ্য গত মার্চেই ব্যয় কমাতে আরও এক দফা কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। শুধু তা-ই নয়, এপ্রিলের পর মে মাসে আরও এক দফা কর্মী ছাঁটাই করতে পারে মেটা।

অন্যদিকে বিনোদন কোম্পানি ওয়াল্ট ডিজনি ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। বিশ্বের সবখানে সব বিভাগের কর্মী এ ছাঁটাইয়ের শিকার হবেন বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। ২৪ এপ্রিল থেকে কর্মীরা ছাঁটাইয়ের নোটিশ পেতে শুরু করবেন বলে জানিয়েছে তারা। অর্থাৎ সেদিনই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ছাঁটাই।

সারা বিশ্বে ডিজনির কর্মীর সংখ্যা ২ লাখ ২০ হাজার। ফেব্রুয়ারি মাসে ডিজনি ঘোষণা দিয়েছিল, বছরে ৫৫০ কোটি ডলার ব৵য় কমানোর অংশ হিসেবে তারা সাত হাজার কর্মী ছাঁটাই করবে।

তবে সামগ্রিকভাবে বিনোদন থেকে কিছুটা সরে আসবে ডিজনি। ফ্র্যাঞ্চাইজ সম্পদ ও সুপরিচিত ব্র্যান্ডে বেশি জোর দেবে তারা। সে জন্য বিনোদন বিভাগেই সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হবে। ভিডিও স্ট্রিমিং থেকে তেমন একটা ব্যবসা না হওয়া এ ছাঁটাইয়ের অন্যতম কারণ।

এদিকে ডিজনি ছাড়াও কমকাস্ট করপোরেশনের এনবিসি ইউনিভার্সাল, ওয়ার্নার ব্রস ডিসকভারি ইনকরপোরেশন ও প্যারামাউন্ট গ্লোবালের মতো মিডিয়া কোম্পানিতেও ছাঁটাই হবে।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের যে মচ্ছব শুরু হয়েছিল, এ বছরও তা চলছে। লে অফস ডট এফওয়াইআইয়ের তথ্যানুসারে, চলতি বছর ইতিমধ্যে ৫৯৪টি কোম্পানির ১ লাখ ৭১ হাজার ৩০৮ কর্মী ছাঁটাই হয়েছেন।

কেন এ ছাঁটাই

মহামারির সময় বিশ্বের বিপুলসংখ্যক মানুষ ঘরে থেকে কাজ করেছেন। এতে তখন প্রযুক্তির চাহিদা বেড়ে যায়। অতিরিক্ত চাহিদা মেটাতে ২০২০ সালের জুন থেকে ২০২২ সালের জুনের মধ্যে বিপুল কর্মী নিয়োগ দিয়েছে বড় বড় প্রযুক্তি কোম্পানি। কিন্তু এখন চাহিদা কমে যাওয়ায় কর্মীদের বিদায় করা হচ্ছে।

এ মুহূর্তে বিপুল ছাঁটাইয়ের আরেকটি বড় কারণ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। এআই খাতে বিনিয়োগের পরিমাণ ক্রমেই বাড়াচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো। এতেই তৈরি হয়েছে অর্থসংকট।

দ্য ইকোনমিস্ট বলছে, প্রযুক্তির যা গতি-প্রকৃতি, তাতে এ মুহূর্তে এআই খাতে কেউই বিনিয়োগ কমানোর ঝুঁকি নিতে চাইছে না। কিন্তু এখনই তা থেকে আয় বৃদ্ধির নতুন পথ বেরোচ্ছে না। এ ক্ষেত্রে সবচেয়ে সহজ পথ হচ্ছে কর্মী ছাঁটাই এবং তা করেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তারা।