ঈদযাত্রায় অনিয়ম হলে এবার ব্যবস্থা নেবে ভোক্তা অধিদপ্তরও

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দূরপাল্লার যাত্রাসহ পরিবহন কার্যক্রম বেড়ে যায়, দেখা দেয় নানা অনিয়ম-অসংগতি। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে এবারের ঈদে যাত্রী হয়রানি কমাতে মাঠে থাকবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকারি সংস্থাটি।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের অংশগ্রহণে মতবিনিময় সভা শেষে সংস্থাটির উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে বিশেষ কিছু খাতে (কসমেটিকস, পোশাক ও পরিবহন) সেবাপ্রাপ্তির চাহিদা বাড়ে। এ জন্য এসব খাত যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এবার পরিবহন খাতে কোনো অভিযোগ এলে তা প্রথমে সমাধানের জন্য সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠানকে জানানো হবে। প্রতিকার পাওয়া না গেলে অধিদপ্তর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় বলা হয়, নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে টিকিট বিক্রি করা, বেশি লাভের আশায় টিকিট মজুত করে রাখা, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার পূর্বে গাড়ি থেকে মাঝপথে যাত্রীকে নামিয়ে দেওয়া ও শীতাতপনিয়ন্ত্রিত গাড়ির ভাড়া নেওয়ার শর্তে সার্বক্ষণিক সেবা সরবরাহ না করা হলে তা অনিয়ম বলে বিবেচনা করা হবে।

এ ছাড়া যাত্রীদের মালামাল নিয়ে টানাহেঁচড়া করা, নির্দিষ্ট কাউন্টার ছাড়া যাত্রী ওঠানামা করা, যাত্রার পথে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় যাত্রাবিরতি দেওয়া, নির্ধারিত আসন ব্যতীত অতিরিক্ত যাত্রী বহন করা, নির্ধারিত সময়ে গাড়ি না ছাড়া এবং গাড়িতে ওঠানোর সময় সিটিং সার্ভিস হিসেবে যাত্রী তুলে পরে যাত্রীদের বসানোর ব্যবস্থা না করার মতো বিষয় যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক করেছে ভোক্তা অধিদপ্তর।
একই সঙ্গে সভা থেকে যাত্রীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ না করা ও লাইসেন্সবিহীন অদক্ষ-অননুমোদিত চালক দিয়ে গাড়ি চালানো থেকে বিরত থাকতে মালিক-শ্রমিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় পরিবহন খাতের নেতারা পরিবহনের ভাড়া বেশি নেওয়ার কারণ হিসেবে যাওয়ার সময় গাড়ি যাত্রীপূর্ণ থাকলেও ফিরতি যাত্রায় গাড়ি যাত্রীশূন্য থাকাকে দায়ী করেন। আর ঢাকার ভেতর যাত্রী ভোগান্তির অন্যতম কারণ হিসেবে ঈদে গাজীপুরের প্রায় ২৫ লাখ পোশাকশ্রমিকের একসঙ্গে ছুটি দেওয়াকে দায়ী করেন পরিবহন নেতারা।

অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ঈদের সময় পরিবহনসংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে যাঁদের রাস্তায় ঈদ কাটে, তাঁদের সুযোগ-সুবিধার প্রতি খেয়াল রাখা জরুরি। পরস্পর পরিপূরক হয়ে কাজ করলে এবারের ঈদের যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন ও নিরাপদ সড়ক চাইয়ের প্রতিনিধিরা যোগ দেন। এ ছাড়া সোহাগ পরিবহন, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলসহ বিভিন্ন পরিবহন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।