জ্বালানি তেল
জ্বালানি তেল

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি

শ্রীলঙ্কায় দ্বিতীয় দফায় তেলের দাম ২৫% বাড়ানো হলো

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। যা এখন চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। এএফপির খবর

মধ্যপ্রাচ্যে এই যুদ্ধে জ্বালানি খাতে প্রভাবের প্রস্তুতি হিসেবে আজ রোববার শ্রীলঙ্কা তাদের দেশে জ্বালানির দাম ২৫ শতাংশ বাড়িয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা বৃদ্ধির ঘোষণা।

ফলে শ্রীলঙ্কায় প্রতি লিটার সাধারণ পেট্রলের দাম ৩১৭ রুপি থেকে বৃদ্ধি করে ৩৯৮ রুপি (১ দশমিক ৩০ ডলার) করা হয়েছে। আর গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ৭৯ রুপি বাড়িয়ে ৩৮২ রুপি নির্ধারণ করা হয়েছে।

গত সপ্তাহে শ্রীলঙ্কার সরকার খুচরা পর্যায়ে জ্বালানির দাম ৮ শতাংশ বাড়ানোর নির্দেশ দেয়। এ ছাড়া ব্যবহার সীমিত করতে জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দেয় দেশটি।

সিলন পেট্রোলিয়াম করপোরেশনের এক কর্মকর্তা এএফপিকে জানান, ‘সর্বশেষ মূল্যবৃদ্ধির মাধ্যমে আমরা জ্বালানি ব্যবহারে ১৫ থেকে ২০ শতাংশ কমবে বলে আশা করছি।’

সেই কর্মকর্তা আরও বলেন, দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে গত সপ্তাহে তাঁদের জানান মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য দেশকে প্রস্তুত থাকতে হবে। ফলে দেশটিতে জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বুধবার থেকে চার কর্মদিবস চালুর নির্দেশ দেন। এ ছাড়া যেখানে সম্ভব ওয়ার্ক ফ্রম হোম বা বাসায় থেকে কাজ করা ব্যবস্থা চালুর আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে ইরানের পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল রপ্তানি এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন হয়। শ্রীলঙ্কা তার সব তেল আমদানি করে। তা ছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাও কিনে থাকে।

দেশটি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য কেনে। আর ইরানের সহায়তায় নির্মিত তাদের শোধনাগারের জন্য অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করা হয়।

সরকার সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এবং দীর্ঘস্থায়ী সংঘাত ২০২২ সালের অর্থনৈতিক ধস থেকে ঘুরে দাঁড়ানোর তাদের প্রচেষ্টাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বৈদেশিক মুদ্রা শেষ হয়ে যাওয়ার পর ২০২২ সালে ৪৬ বিলিয়ন ডলার সমান বৈদেশিক ঋণখেলাপি হয় শ্রীলঙ্কা। এরপর শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের সহায়তা পায়।