যুক্তরাষ্ট্রে বাগ্‌দানের আংটি বিক্রিতে ভাটা পড়ল যে কারণে

ছবিঃ রয়টার্স

যুক্তরাষ্ট্রে যারা বাগ্‌দানের আংটিসহ বিয়ের নানা উপকরণ বিক্রি করে, সাম্প্রতিক সময়ে তাদের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না।

দেশটির বৃহত্তম বিয়ের পোশাকবিক্রেতা ডেভিড’স ব্রাইডাল গত সপ্তাহে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। এরপর দেশটির বৃহত্তম গয়না প্রস্তুতকারী কোম্পানি সিগনেট জুয়েলার্স বলেছে, মহামারির কারণে বাগ্‌দানের আংটি বিক্রি সেই যে কমেছিল, তা আর ঘুরে দাঁড়ায়নি। খবর সিএনএনের।

সিগনেট জুয়েলার্সের অধীন আরও কিছু ব্র্যান্ড আছে, যেমন জেইলস, জ্যারেড, কে জুয়েলার্স ও ডায়মন্ডস ডিরেক্টস। তাদের সবারই ভাষ্য হচ্ছে, ২০২০ সালের শীতকাল শেষ হতে না হতেই লকডাউন শুরু হওয়ার কারণে মানুষের সম্পর্ক ঠিক জমে ওঠার সময় পায়নি। লকডাউনের পর ডেটিং নাটকীয়ভাবে কমেছে। এসব কারণে বাগ্‌দানের ক্ষেত্রে একরকম শূন্যতা বিরাজ করছে।

সিগনেট জুয়েলার্সের প্রেসিডেন্ট ও প্রধান গ্রাহক কর্মকর্তা জেমি সিঙ্গলটন সিএনএনকে বলেন, ‘মহামারির জের এখনো চলছে।’ এর কারণ হিসেবে তিনি এক গবেষণার কথা উল্লেখ করে বলেন, প্রেম বা ডেটিং শুরু হওয়ার পর গড়ে সোয়া তিন বছর পর মানুষ বিয়ে করার সিদ্ধান্ত নেয় বা বাগ্‌দান করে।

‘তাই আমরা যা ধারণা করেছিলাম এবং যে পরিকল্পনা করেছিলাম, গত দুই বছরে সেটাই ঘটেছে। ২০২৩ অর্থবছরে বাগ্‌দানের গয়না বিক্রিতে তাই ভাটা চলছে। ২০২৪ অর্থবছরের বাকি সময় পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে,’ যোগ করেন তিনি।

মহামারির আগের পর্যায়ে ফিরে যেতে হলে ২০২৬ সাল পর্যন্ত বাগ্‌দানের আংটি বিক্রির প্রবৃদ্ধি হতে হবে ২৬ শতাংশ। তবে বাজার যে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে, তার কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন জেমি সিঙ্গলটন। সিগনেটের ব্যবসার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। কারণ, কোম্পানির বিক্রয়ের বড় অংশই আসে বিয়ের উপকরণ থেকে।

তিনি বলেন, ‘লকডাউন উঠে যাওয়ার পর আমরা দেখছি, ডেটিংয়ের হার বেড়েছে। বস্তুত, প্রাক্‌-কোভিড সময়ের তুলনায় এখন ডেটিং ৮ শতাংশ বেশি।’

সিগনেট জুয়েলার্সের প্রধান নির্বাহী ভার্জিনিয়া সি ড্রোসোস বিনিয়োগকারীদের বলেছেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে তাঁরা বার্ষিক রাজস্বের লক্ষ্যমাত্রা ৯ থেকে ১০ বিলিয়ন বা ৯০০ থেকে ১ হাজার কোটি ডলারে উন্নীত করতে চান। এ সময়ের মধ্যে বাগ্‌দানের হার স্বাভাবিক পর্যায়ে ফিরবে। বর্তমানে বিয়ের গয়নার বাজারে সিগনেটের হিস্যা ৩০ শতাংশ।

মহামারির কারণে বিয়ের সংখ্যাও অবশ্য কমে গেছে। এতে বিয়ের পোশাক বিক্রিতে ভাটা পড়ে। সামাজিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় মানুষের পোশাকের চাহিদা কমে যায়।

তবে মহামারির প্রভাব কাটিয়ে ওঠার এই সময়ে বর-কনেদের উচ্চ মূল্যস্ফীতির সঙ্গেও লড়াই করতে হচ্ছে। সেই সঙ্গে রয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা।

ডেভিডস ব্রাইডাল সিএনএনকে বলছে, সামষ্টিক অর্থনীতির এ প্রবণতাসহ নানা কারণ তাদের ব্যবসায় প্রভাব ফেলছে, যেমন অনলাইন থেকে সস্তায় ও পুরোনো পোশাক কেনার প্রবণতা।

দেউলিয়া ঘোষিত হওয়ার আবেদনে ডেভিডস ব্রাইডাল বলেছে, ‘অনেক নারী এখন বিয়ের পোশাকের ক্ষেত্রে প্রথা অতটা মানছেন না। সেই সঙ্গে আছে সস্তায় বিয়ের পোশাক কেনার প্রবণতা। ক্রেতাদের এ পছন্দ পরিবর্তনের প্রভাব পড়ছে কোম্পানির ব্যবসায়।’