তিন কারণে বিশ্বে শতকোটিপতির সংখ্যা প্রায় সাড়ে ৪০০ কমেছে

শতকোটিপতি বা পুরো বিশ্ব যাদের বিলিয়নেয়ার হিসেবে চেনে, তাদের অনেকের জন্যই গত বছরটি খুব ভালো যায়নি। বিলিয়নেয়ারের যে তালিকা প্রতিবছর হুরুন গ্লোবাল রিচ লিস্ট তৈরি করে, তাতে দেখা যাচ্ছে, চার শরও বেশি শতকোটিপতি ২০২২ সালে তাঁদের বিলিয়নেয়ারের মুকুট হারিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত বছর শতকোটিপতির সংখ্যা সবচেয়ে বেশি কমেছে চীনে। দেশটিতে ২২৯ জন তাঁদের বিলিয়নেয়ারের তকমা খুইয়েছেন।
শতকোটিপতির সংখ্যা কমে যাওয়ার পেছনে মোটাদাগে তিনটি কারণকে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো আর্থিক ব্যবস্থা আঁটসাঁট করা, কোভিড–১৯–এর কারণে তৈরি হওয়া অর্থনৈতিক গোলযোগ এবং বড় বড় প্রযুক্তি কোম্পানির ওপর বেইজিংয়ের কঠোর পদক্ষেপ, যা শেষ পর্যন্ত অতি ধনীদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়।

দুনিয়াজুড়ে ২০২২ সালে যে ৪৪৫ জন বিলিয়নেয়ার কমেছে, তার অর্ধেকের বেশি চীনের। হুরুনের শতকোটিপতিদের তালিকায় তাঁরাই স্থান পান, যাঁদের কমপক্ষে ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের সম্পদ রয়েছে।

গত বছরে চীনের অনেক শতকোটিপতি যেমন সম্পদ হারিয়ে তালিকা থেকে বেরিয়ে গেছেন, তেমনই অনেক নতুন বিলিয়নেয়ার আবার এই তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে এমন নতুন বিলিয়নেয়ারের সংখ্যা ৬৯ জন।

হুরুন প্রতিবেদনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুপার্ট হুগেওয়েরফ বলেন, ‘পৃথিবীজুড়েই বিলিয়নেয়ারের সংখ্যা ৮ শতাংশ কমে গেছে। অন্যদিকে তাদের মোট সম্পদ কমেছে ১০ শতাংশ।’ তিনি জানান, তালিকায় ৩ হাজার ১১২ জন শতকোটিপতি ছিলেন। এক বছর আগে এই সংখ্যা ছিল ৩ হাজার ৩৮১।

অতি ধনীদের সংখ্যা অবশ্য চীনেই সবচেয়ে বেশি। ২০২৩ সালের ১৬ জানুয়ারি দেশটিতে ৯৬৯ জন বিলিয়নেয়ার ছিলেন। ওই দিন মার্কিন যুক্তরাষ্ট্রে বিলিয়নেয়ারের সংখ্যা ছিল ৬৯১ জন।

বিলাসপণ্য তৈরি করে এমন কোম্পানির মালিকদের জন্য বছরটি বেশ ভালো গেছে। এমনই এক ফরাসি প্রতিষ্ঠান এলভিএমএইচের প্রধান বার্নার্ড আরনল্ট ধনীদের তালিকার শীর্ষে রয়েছেন। ফরাসি আরেক বিলাসপণ্য প্রস্তুতকারক হার্মের মালিক বার্ট্রান্ড পুয়েশ ও তাঁর পরিবার তৃতীয় স্থানে আছেন।

তালিকা থেকে বাদ পড়েছেন এমন পরিচিত নামের মধ্যে রয়েছেন স্যাম ব্যাঙ্কম্যান–ফ্রিড। ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জ এফটিএক্স ধসে পড়ার কারণে তিনি ২ হাজার ১০০ কোটি ডলার সম্পদ হারান।

চীনের জ্যাক মা আগের বছরের তালিকায় ৩৪ নম্বরে ছিলেন। নতুন তালিকায় তাঁর স্থান ৫২তম। জ্যাক মা চীনের সবচেয়ে বড় ই–কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা। দেশটির কর্তৃপক্ষ সম্প্রতি প্রযুক্তি খাতে যে কঠোর ব্যবস্থা নিচ্ছে, মূলত সে কারণেই তালিকায় জ্যাক মার এই অবনতি।

রুপার্ট হুগেওয়েরফ বলেন, ‘সুদের হার বৃদ্ধি, ডলারে অতিমূল্যায়ন, কোভিডের কারণে ফুলে–ফেপে ওঠা প্রযুক্তি খাতের চুপসে যাওয়া ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অব্যহত প্রভাব—এসবই শেয়ারবাজারকে ক্ষতিগ্রস্ত করেছে।’

জানুয়ারি পর্যন্ত গত এক বছরে এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ১৪ শতাংশের বেশি কমে গেছে। অন্যদিকে চীনের শেয়ারবাজারের মূলসূচক সাংহাই কম্পোজিট ইনডেক্স এ সময়ে কমেছে প্রায় ১১ শতাংশ।

আবার ২০২২ সালে চীনের মুদ্রা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ৮ শতাংশ মূল্যমান হারিয়েছে। ১৯৯৪ সালের পর এক বছরে এটিই ছিল ইউয়ানের সবচেয়ে বড় পতন। চীনের অর্থনীতির শ্লথগতি ও ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ার কারণেই মূলত এটা ঘটেছে।

রুপার্ট হুগেওয়েরফ বলেন, চলতি বছরের ব্যাপারে তিনি অবশ্য আশাবাদী। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, অর্থনীতির ব্যাপারে তৈরি হওয়া আত্মবিশ্বাস। চীনের অনেক সম্পদ মালিকদের মধ্যে স্বস্তির আভাসও দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে রুপার্ট হুগেওয়েরফ বলেন, ‘শুধু একটা ব্যাপারে আমি নিশ্চিত নই যে বিশ্বজুড়ে আর্থিক সংকট দেখা দেবে কি না। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংক–সংকট দেখেছি। এরপর এটা ঘটেছে সুইজারল্যান্ডে। আমি জানি না এটা সংক্রমিত হবে কি না। যদি না হয়, তাহলে সম্পদের পরিমাণ বিপুলভাবে বাড়বে।’