
ঘানা তার অর্থনীতি পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ নেবে কি না, গত বছর সে বিষয়টি এড়িয়ে যান দেশটির অর্থমন্ত্রী কেন ওফোরি-আতা। যদিও ১৯৫৭ সালে স্বাধীনতা লাভের পর ঘানা এ পর্যন্ত ১৬ বার আইএমএফের ঋণ নিয়েছে।
আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়া কতটা কঠিন, সেই বিষয়টি সম্ভবত ভুলেই গিয়েছিলেন কেন ওফোরি-আতা। খবর দ্য ইকোনমিস্টের
কিন্তু সেই ঢাক ঢাক গুড় গুড়ের অবসান হয়েছে। ঘানা আবারও আইএমএফের ঋণ নিচ্ছে, এবার ৩০০ কোটি ডলারের। গতকাল এই ঋণ অনুমোদন হয়েছো। তবে সে জন্য ঘানা যেসব দেশের কাছ থেকে দ্বিপক্ষীয় সহযোগিতা বা ঋণ নিয়েছিল, তাদের কথা দিতে হয়েছে, সেই ঋণ পুনর্গঠন করা হবে।
স্বাভাবিকভাবেই এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় ঋণদাতা হিসেবে চীনের নামই উঠে এসেছে; কারণ, আফ্রিকার দেশগুলোকে তারা এখন বিপুল পরিমাণে ঋণ দিচ্ছে।
ঋণের প্রথম কিস্তির ৬০ কোটি ডলার শিগগিরই পাওয়া যাবে বলে আশা করছে ঘানা।
ঘানার মতো জাম্বিয়াও বিপদে পড়েছে। তারা সার্বভৌম বন্ডের ঋণ পরিশোধ করতে পারছে না। তবে তারা ঋণ পুনর্গঠনের বিষয়ে ঋণদাতাদের সঙ্গে ঐকমত্যে আসতে পারেনি, যদিও তাদের আশা, আগামী মাসের মধ্যে তারা চুক্তিতে পৌঁছাতে পারবে।
ঘানা ও জাম্বিয়ার এই ঘটনা থেকে বোঝা যায়, আফ্রিকার দেশগুলোর শত শত কোটি ডলার ঋণ পুনর্গঠনে চীনের ভূমিকা কতটা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এসব দেশের ঋণ পুনর্গঠনে চীনকে এখন পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।
সেই সঙ্গে দেশ দুটির দুর্দশা দেখে বোঝা যায়, আফ্রিকার দেশগুলোর বিদেশি ঋণ গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে চলে যাওয়ার কারণে সেখানে নতুন করে কৃচ্ছ্রসাধান করতে হবে।
আফ্রিকার অর্থনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে এর বড় প্রভাব পড়বে। বিষয়টি হতে পারে, আফ্রিকার মানুষ এখন দেখবে, বিদেশিরা অর্থাৎ পশ্চিমা ও চীনারা কি তাদের উন্নয়নের সহায়ক, নাকি প্রতিবন্ধক।
১৯৫০ ও ৬০-এর দশকে স্বাধীনতা লাভকারী আফ্রিকার দেশগুলো আগেও ঋণসংকট মোকাবিলা করেছে। প্রথম সংকট হয় ১৯৮০ ও ১৯৯০-এর দশকে, তখন সংকট এত ঘনীভূত হয় যে ধনী দেশগুলো আফ্রিকার দেশগুলোর ঋণ মওকুফ করে দিতে বাধ্য হয়। এরপর আবার আফ্রিকার বাজারে পণ্যমূল্য কমে যায় এবং অর্থনীতি গতি হারিয়ে ফেলে, ১৯৮০-এর দশক থেকে আফ্রিকায় মাথাপিছু প্রকৃত জিডিপি কমতে শুরু করে, যা প্রায় দুই দশক ধরে কমে।
এরপর ২০০০ ও ২০১০-এর দশকেও আরেকবার সংকটে পড়ে আফ্রিকা। তখন তারা বিদেশি সহায়তা ও বহুজাতিক সংস্থাগুলোর স্বল্প সুদের ঋণ না নিয়ে বৈশ্বিক পুঁজিবাজার থেকে ঋণ নেওয়া শুরু করে। সেবারই প্রথম তারা পুঁজিবাজার থেকে ঋণ নেওয়া শুরু করে।
এ ছাড়া ২০০০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের ঋণদাতাদের কাছ থেকে আফ্রিকার দেশগুলো ১৬০ বিলিয়ন বা ১৬ হাজার কোটি ডলার ঋণ নেয়। দেশীয় পুঁজিবাজার থেকেও তারা ঋণ নিতে শুরু করে। এরপর দেখা গেল, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত আফ্রিকার অভ্যন্তরীণ ঋণ জিডিপির ১৫ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশে উঠল।
আফ্রিকার রাজনীতিকেরা তখন বলেছেন, বিদ্যালয়, হাসপাতাল ও সড়ক উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন। কিন্তু অনেক দেশ বেশি পরিমাণে ঋণ নিয়ে ফেলে। অনেকে আবার সেই অর্থের অপব্যয় করে।
জাম্বিয়ার এক সূত্র ইকোনমিস্টকে জানিয়েছে, ২০১৪ সালে দেশটির সরকার ৫০ কোটি ডলারের বন্ড বিক্রি করতে চেয়েছিল, কিন্তু সুদলোভী বিনিয়োগকারীরা তাদের ভুলিয়ে-ভালিয়ে তা ১০০ কোটি ডলারে উন্নীত করেন।
এই পরিস্থিতিতে আফ্রিকার দেশগুলোর পক্ষে কৃচ্ছ্রসাধন ছাড়া উপায়ন্তর নেই। ২০২২ সালে সাব-সাহারা অঞ্চলের দেশগুলোর সরকারি ঋণ জিডিপির অনুপাতে ৫৬ শতাংশে উঠেছে। সেই ২০০০-এর শুরুর দিকের পর এটাই সর্বোচ্চ। কোভিড-১৯ ও ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
সবচেয়ে বড় বিষয় হলো, আফ্রিকার ঋণের ৪০ শতাংশই বিদেশি, অর্থাৎ মুদ্রার বিনিময় মূল্য ওঠানামার কারণে তাদের ঋণ পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। ২০২৩ সালে সাব-সাহারা অঞ্চলের দেশগুলোর ঋণের কিস্তি বাবদ ব্যয় সেসব দেশের রাজস্ব আয়ের ১৭ শতাংশে উঠবে। ১৯৯৯ সালের পর যা সর্বোচ্চ, ডেট জাস্টিস নামের এক এনজিওর সূত্রে ইকোনমিস্ট এই তথ্য পেয়েছে।
ঋণ বৃদ্ধির কারণে যা হয়েছে, তা হলো, আফ্রিকার দেশগুলোর স্বাস্থ্য খাতে ব্যয় কমে যাওয়া। ২০১০ সালে সাব-সাহারা আফ্রিকার দেশগুলো স্বাস্থ্য খাতে এখনকার তুলনায় ব্যক্তিপ্রতি ৭০ শতাংশ বেশি ব্যয় করত। কিন্তু ২০২০ সালে এসে তাদের ঋণের সুদবাবদ ব্যয় বেড়েছে ৩০ শতাংশ।
এই পরিস্থিতিতে আফ্রিকার দেশগুলোর কৃচ্ছ্রসাধন ও সুশাসন নিশ্চিত করা ছাড়া উপায় নেই।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি আফ্রিকার বিভিন্ন দেশের দুই হাজার কোটি ডলারের বেশি ঋণ মওকুফ করে দিয়েছেন। সেই সঙ্গে আফ্রিকার সঙ্গে রাশিয়ার বাণিজ্য বাড়ছে বলেও জানান তিনি।
আফ্রিকায় বিশ্বের পরাশক্তিগুলো বিভিন্নভাবে জড়িয়ে পড়ছে। চীন বিপুল পরিমাণে ঋণ দিয়েছে। রাশিয়ার ঋণ মওকুফ করে দেওয়াও একটি বড় ধরনের ইঙ্গিত–তারাও আফ্রিকার সঙ্গে সম্পর্কোন্নয়ন করতে চায়। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আফ্রিকা সফর করেছেন।
দ্য ইকোনমিস্ট বলছে, আজকের আফ্রিকা আর আগের সেই আফ্রিকা নেই। ১৯৮০-এর দশকের তুলনায় তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতি হয়েছে। তা সত্ত্বেও বৈশ্বিক পরাশক্তিগুলো নতুন চাপ থেকে আফ্রিকার বেরেনোর পথ কঠিন করে তুলছে। সময় বদলে গেছে, তবু আফ্রিকার জন্য বিষয়টি খুব যন্ত্রণাদায়ক হতে পারে।