
বছরের প্রথম প্রান্তিকে তেল ও গ্যাস খাতের বড় মার্কিন কোম্পানি এক্সনমবিল এবং শেভরন রেকর্ড মুনাফা করেছে। দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে এক্সনমবিল মুনাফা করেছে ১১ দশমিক ৩৪ বিলিয়ন বা ১ হাজার ১৩৪ কোটি ডলার এবং শেভরন করেছে ৬৫৭ কোটি ডলার।
গত বছরের একই সময়ে, অর্থাৎ জানুয়ারি–মার্চ সময়ে এক্সনমবিল মুনাফা করেছিল ৫৪৮ কোটি ডলার। সেই হিসাবে এবার তারা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ মুনাফা করেছে। এমনকি এর মধ্যে রাশিয়া ত্যাগের কারণে তাদের অভিহিত মূল্য ৩৪০ কোটি ডলার কমে যাওয়ার পরও তারা এতটা মুনাফা করেছে।
শেভরনও বাজারের প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা করেছে। তাদের মুনাফা বেড়েছে ৫ শতাংশ।
গত বছর রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানির দাম অনেকটা বেড়ে যায়। গত বছরের শেষ প্রান্তে দাম আবার কমতে শুরু করে। দাম কমলেও উৎপাদন ও চাহিদা বেড়েছে, সে কারণে এই দুটি জ্বালানি কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকে এতটা মুনাফা করতে পেরেছে বলে দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে
শেভরনের প্রসঙ্গে বলা হয়েছে, জ্বালানির দাম যুদ্ধের আগের পর্যায়ে ফিরে গেলেও তেল পরিশোধন ও বাজারে উচ্চ চাহিদার কারণে তাদের মুনাফা বেড়েছে।
এক্সনমবিলের প্রধান আর্থিক কর্মকর্তা ক্যাথরিন মিকেলস এক সাক্ষাৎকারে বলেছেন, ‘জ্বালানির দাম ও পরিশোধন থেকে আয়ের হার কমে গেলেও বছরের প্রথম প্রান্তিকে আমরা ভালো মুনাফা করেছি।’
ক্যাথরিন মিকেলসের মতে, মূলত উৎপাদন বৃদ্ধির কারণে বছরের প্রথম প্রান্তিকে এক্সনের মুনাফা এতটা বেড়েছে। কোম্পানির বেশ কয়েকটি অফশোর উৎপাদন ও পরিশোধন ক্ষেত্র চলতি প্রান্তিকে কাজ শুরু করেছে, আর তাতেই উৎপাদন ও মুনাফা বেড়েছে।
গত বছরও রেকর্ড মুনাফা করেছিল জ্বালানি কোম্পানিগুলো। পশ্চিমা বিশ্বের বড় ছয়টি জ্বালানি তেল কোম্পানি ২০২২ সালে সব মিলিয়ে মুনাফা করেছে ২১ হাজার ৫৪০ কোটি মার্কিন ডলার। এদের মধ্যে কেউ কেউ ইতিহাসের সর্বাধিক মুনাফা করেছে গত বছর। কিন্তু সেবার পুরো পৃথিবীর মানুষকে উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হয়েছে। তাতে যেমন মূল্যস্ফীতি বেড়েছে, তেমনি দেশে দেশে কমেছে বিদেশি মুদ্রার রিজার্ভ। সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনীতি চাপের মুখে পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের মতে,এ বিপুল মুনাফা এসেছে জ্বালানি তেলের উচ্চ মূল্য, আগের তুলনায় বেশি তেল বিক্রি এবং পরিশোধিত তেলে আরও বেশি লাভ করার কারণে।
ওই একই বছর সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো একাই ১৬ হাজার ১১০ কোটি মার্কিন ডলার মুনাফা করে। লাভের এ অঙ্ক ছিল তাদের ইতিহাসে সবচেয়ে বেশি। এক বছর আগে আরামকো যে পরিমাণ মুনাফা করেছিল, গত বছরের মুনাফা ছিল তার চেয়ে ৪৬ শতাংশ বেশি।
জ্বালানি বাজারের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, সব বড় জ্বালানি কোম্পানির লাভ হিসাব করলে তেল কোম্পানিগুলোর মুনাফার অঙ্ক আরও বেশি হবে।
আর এই বিপুল মুনাফার কারণে তেল কোম্পানিগুলো আবারও সমালোচনার মুখে পড়েছে। অনেক দেশে এই দাবি জোরদার হয়েছে যে এসব কোম্পানির অতিরিক্ত মুনাফার ওপর আরও বেশি কর, যা ‘উইন্ডফল ট্যাক্স’ হিসেবে পরিচিত, আরোপ করা হোক।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জ্বালানি কোম্পানিগুলোর উদ্দেশে বেশ জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন। ২০২৩ সালের অগ্রাধিকার সম্পর্কে এক বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের মূল পণ্য হলো আমাদের মূল সমস্যা। আমাদের প্রয়োজন নবায়নযোগ্য পণ্যের বিপ্লব, আত্মঘাতী জীবাশ্ম জ্বালানির পুনরুত্থান নয়।’
জীবাশ্ম জ্বালানি উৎপাদকদের মুনাফাকে ‘দানবীয়’ আখ্যা দিয়ে আন্তোনিও গুতেরেস বলেন, ‘আপনারা যদি কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার উদ্দেশ্যে ২০২৫ ও ২০৩০ সালের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে না পারেন, আপনাদের এই ব্যবসায় থাকা উচিত নয়।’