রাশিয়া থেকে কম দামে তেল কিনতে শুরু করেছে পাকিস্তান। এক কার্গো তেলের কার্যাদেশ দিয়েছে তারা, তবে তারা দীর্ঘ মেয়াদে চীনা মুদ্রা ইউয়ানে রাশিয়া থেকে তেল কিনতে চায়। প্রথম কার্গোর তেল তারা ডলারে কিনছে।
এ–বিষয়ক ব্লুমবার্গের সংবাদ ইকোনমিক টাইমস প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, চীনের সঙ্গে পাকিস্তানের মুদ্রা বিনিময় চুক্তি থাকায় পরবর্তী সময়ে রাশিয়ার তেল ইউয়ানে কিনতে চায় তারা। দেশটির মন্ত্রী খুররম দস্তগীর গত সপ্তাহে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
খুররম দস্তগীর বলেন, ‘আমরা আশা করছি, রাশিয়ার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তি হবে। মুদ্রা বিনিময় চুক্তি আরও বড় পরিসরে হতে হবে। কারণ, এই প্রক্রিয়ায় অন্যান্য যে সুযোগ সৃষ্টি হবে, তা আমাদের নিতে হবে।’
এই বন্দোবস্তে সবারই লাভ। রাশিয়া ডলার বা ইউরোর বিপরীতে নিজ মুদ্রা রুবল ও ইউয়ানে তেল রপ্তানি করতে চায়; চীনও চায় ডলারের আধিপত্য খর্ব করে নিজ মুদ্রা ইউয়ানকে বিশ্ব দরবারে আরও প্রচলিত করতে। পাকিস্তানও তাতে স্বস্তি পাবে। কারণ, তাদের বিদেশি মুদ্রার রিজার্ভ ৪৫০ কোটি ডলারে নেমে এসেছে। এ দিয়ে বড়জোর এক মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে তারা আইএমএফের কাছ থেকে ৬৫০ কোটি ডলারের ঋণ পেলেও এর একটি কিস্তি এখন আটকে আছে।
পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব্লুমবার্গকে জানিয়েছেন, রাশিয়ার তেলবাহী কার্গো আর এক মাসের মধ্যে পাকিস্তানের বন্দরে ভিড়বে।
ইউক্রেনে হামলা শুরু করার পর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। এরপর তারা ছাড় দিয়ে চীন ও ভারতের কাছে তেল বিক্রি শুরু করে। এরাও ইউয়ান, রুবল ও আরব আমিরাতের দিরহামে রাশিয়ার তেল কিনছে। তবে ভারতের তেল পরিশোধনকারী কোম্পানিগুলো রুপিতে রাশিয়ার তেল কিনছে কি না, তা নিশ্চিত নয়। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়ার হাতে এত বেশি পরিমাণ ভারতীয় মুদ্রা আছে যে সেই মুদ্রা ব্যবহার করা যাচ্ছে না।
বিশ্ব বাণিজ্যে চীনা মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়ছে, যদিও ডলারের তুলনায় তা এখনো নগণ্য। ব্রাজিলের হার্ডউড পাল্প উৎপাদনকারী সুজানো এস এ এখন চীনা মুদ্রা ইউয়ানে পণ্য বিক্রির চিন্তা করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া বাংলাদেশকে যে ঋণ দিচ্ছে, তা চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ঢাকা ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানা গেছে।
সম্প্রতি ইয়াহু ফাইন্যান্সের এক সংবাদে বলা হয়েছে, গত বছরে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ডলারের বাড়তি দরের কারণে বৈশ্বিক রিজার্ভ মুদ্রার ভান্ডারে ডলারের হিস্যা ৪৭ শতাংশে নেমে এসেছে; আগের বছর অর্থাৎ ২০২১ সালে যা ছিল ৫৫ শতাংশ। ২০০০ সালে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভে ডলারের হিস্যা ছিল ৭১ শতাংশ। রিজার্ভে ডলারের হিস্যা কমে যাওয়ার অন্যতম কারণ চীনা মুদ্রা ইউয়ানের হিস্যা বৃদ্ধি।
এদিকে পাকিস্তান আইএমএফের ঋণের কিস্তি পাওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদে বলা হয়েছে, পাকিস্তান সরকার দেশের উচ্চবিত্তদের জন্য জ্বালানির দাম বাড়াতে চাইছে, যে বাড়তি অর্থ আবার নিম্ন আয়ের মানুষকে ভর্তুকি হিসেবে দিতে চায় তারা। কিন্তু আইএমএফ তাতে বাদ সেধেছে। দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী মুসাদিক মালিক ব্লুমবার্গ টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে গত মঙ্গলবার এ কথা বলেছেন।
তবে গত বছরের মতো এবার পাকিস্তানে বিদ্যুৎ ও জ্বালানিসংকট এতটা প্রকট হয়নি। কারণ হিসেবে বলা হয়েছে, এবার গরম অতটা পড়েনি। সেই সঙ্গে বিদ্যুতের উচ্চ মূল্যের কারণে চাহিদাও কমেছে। তেলের মজুত যা আছে দেশটিতে, তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পেরেছে তারা। নতুন কয়লাও আসছে দেশটিতে।
এ ছাড়া শিগগিরই সৌদি আরব পাকিস্তানে তেল পরিশোধনাগার তৈরির অনুমতি পাচ্ছে, যদিও এ বিষয়ে ঐকমত্য হয়েছে সেই ২০১৮ সালে।