সমুদ্রের নিচ দিয়ে ফাইবার অপটিক ইন্টারনেট লাইন নির্মাণ করবে চীন। ৫০ কোটি ডলারের এই প্রকল্প বাস্তবায়ন করবে চীনের তিনটি রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান।
রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এই লাইন নির্মাণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রযুক্তি–যুদ্ধ আরও তীব্র হবে। এমনকি এতে বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে।
জানা গেছে, এই ইন্টারনেট লাইনের মধ্য দিয়ে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংযোগ স্থাপিত হবে। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান চায়না টেলিকমিউনিকেশনস করপোরেশন, চায়না মোবাইল লিমিটেড ও চায়না ইউনাইটেড নেটওয়ার্ক, কমিউনিকেশনস গ্রুপ কোম্পানি লিমিটেড বিশ্বের এই অন্যতম আধুনিক ও সুদূরপ্রসারী ইন্টারনেট সংযোগ লাইন স্থাপনের পরিকল্পনা করছে।
এই প্রকল্প সম্পর্কে অবগত চার ব্যক্তির সঙ্গে কথা বলেছে রয়টার্স। তাঁরা জানিয়েছেন, ইএমএ (ইউরোপ-মধ্যপ্রাচ্য-এশিয়া) হিসেবে পরিচিত এই লাইন হংকংকে চীনের মূল ভূমির হাইনান প্রদেশের সঙ্গে যুক্ত করবে। এরপর সেই সংযোগ সাপের মতো বেঁকে গিয়ে সিঙ্গাপুর হয়ে পাকিস্তান, সৌদি আরব, মিসর ও ফ্রান্সে চলে যাবে।
এই ইন্টারনেট সংযোগ লাইন স্থাপনে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় হবে। কেব্ল উৎপাদন ও স্থাপন করবে চীনের এএইচএমএন টেকনোলজিস কোম্পানি লিমিটেড। রয়টার্স জানিয়েছে, এর মূল প্রতিষ্ঠান হেংটং অপটিক ইলেকট্রিক কোম্পানির সিংহভাগ মালিকানা ছিল হুয়াওয়ে টেকনোলজিসের।
এ কাজ করতে গিয়ে এএইচএমএন চীন সরকারের ভর্তুকি পাবে।
এদিকে রয়টার্স আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র নানাভাবে চীনের সাবমেরিন কেব্ল লাইন ঠেকানোর চেষ্টা করছে। গত কয়েক মাসে বেসরকারি কিছু প্রকল্প বাতিল করেছে তারা। যেগুলো বাস্তবায়িত হলে হংকংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংযোগ স্থাপিত হতো। এর মধ্যে ছিল গুগল, মেটা ও অ্যামাজনের মতো কোম্পানির কিছু প্রকল্প।
প্রযুক্তি–যুদ্ধ
চীন আন্তর্জাতিক বাণিজ্যে অন্যায় সুবিধা পাচ্ছে—এই অভিযোগ তুলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য–যুদ্ধ শুরু করেন। চীনের পণ্যে বিপুল হারে করারোপ করেন তিনি। এ ছাড়া তাঁর অভিযোগ ছিল, চীন মার্কিন কোম্পানির প্রযুক্তি চুরি করে।
শুধু চীন নয়, ১৯৮০–এর দশকে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিরুদ্ধেও প্রযুক্তি চুরির অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই দেশ দুটি দ্রুতই নিজেদের পায়ে দাঁড়িয়ে যায়। তাদের মাথাপিছু আয় ২৫ হাজার ডলারে উঠে গেলে যুক্তরাষ্ট্র ক্ষান্ত দেয়। বর্তমানে চীনের যে প্রবৃদ্ধির হার, তা চলতে থাকলে তাদের মাথাপিছু আয় ২৫ হাজারে ডলারে উঠতে এক দশকের মতো সময় লাগবে।
খোদ যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংগঠন অ্যামচেমের ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী, চীন বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষায় গত এক দশকে যথেষ্ট উন্নতি করেছে। চীনের কোম্পানিগুলো রেনল্ট-নিসান ও ফোর্ডের সহায়তায় বৈদ্যুতিক যানবাহন তৈরি করছে। আজামন ও মাইক্রোসফটকে চীনে ক্লাউড-কম্পিউটিং সেবা বিক্রি করার আগে চীনা কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারি ও প্রযুক্তি ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ডুপন্ট ও জেনারেল মোটরস তাদের চীনা অংশীদারদের বিরুদ্ধে বাণিজ্য গোপনীয়তার অপব্যবহারের অভিযোগে মামলা করেছিল। বিশ্লেষকেরা বলেন, কখনো কখনো প্রতিরক্ষা খাতসহ বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র সিস্টেম–সম্পর্কিত তথ্য চুরির নজির হয়তো আছে। কিন্তু অনেক ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর হয়েছে দুই পক্ষের সম্মতিতে এবং দুই পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তির আলোকে।
বিশ্ববাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে, উন্নত দেশগুলো প্রযুক্তি হস্তান্তরে তাদের কোম্পানিগুলোকে প্রণোদনা দিতে বাধ্য, যাতে অনুন্নত দেশগুলো টেকসই উন্নয়ন করতে পারে। কিন্তু উন্নত দেশগুলো সাধারণত তা করে না। কিন্তু যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ তোলে। আবার যুক্তরাজ্যে যখন উন্নয়নশীল দেশ ছিল, তখন তাদের বিরুদ্ধেও প্রযুক্তি চুরির অভিযোগ উঠেছে। এসব বিষয় মোকাবিলা করতেই বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মাবলিতে প্রযুক্তি হস্তান্তরের ধারা আছে।
কিন্তু উন্নত দেশগুলো তা মানে না। এ ছাড়া ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহৃত চিপ বানানো নিয়েও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বন্দ্ব তীব্র হচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলো এখন তাদের সরকারি ডিভাইসে চীনের কোম্পানির তৈরি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে। সম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছে টিকটক।