২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর তেল ব্যবসায়ীরা পুরোনো ট্যাংকার কিনে তেল পরিবহন শুরু করেছিলেন। মূলত, নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়ার তেল পরিবহনে এসব ট্যাংকার ব্যবহৃত হয়েছে। কিন্তু এখন নিরাপত্তার কারণে এসব ট্যাংকার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বহরে আসছে কম বয়সী ট্যাংকার।
ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, পুরোনো এসব ট্যাংকার ভেনেজুয়েলা ও ইরানের তেল পরিবহনে এত দিন ব্যবহৃত হয়েছে। ফলে এই ডার্ক ফ্লিটে এখন তেলবাহী নয় শতাধিক ট্যাংকার আছে, যেগুলো নিজেদের নাম পরিচয় গোপন রেখে তেল পরিবহন করছে।
তবে ট্যাংকারের বহরে এখন নতুন বা কম বয়সী ট্যাংকার যুক্ত হচ্ছে। ভেসেলস ভ্যালু লিমিটেডের তথ্যানুসারে, এশিয়া মহাদেশজুড়ে নানা নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে এই পরিবর্তন আসতে শুরু করেছে। যেমন নিরাপত্তার কারণে অনেক ট্যাংকার বিভিন্ন বন্দরে আটকে রাখা হয়েছে।
চীন তেলবাহী ট্যাংকারের নিরাপত্তার বিষয়ে সতর্ক হয়ে উঠছে। নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে কিংডাও বন্দরে তারা সম্প্রতি একটি পুরোনো ট্যাংকার এক মাসের বেশি সময় অপেক্ষায় রেখেছে। গত মে মাসে মালয়েশিয়ার উপকূলের কাছাকাছি ২৬ বছর বয়সী একটি ট্যাংকার বিস্ফোরিত হলে নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা শুরু হয়।
এ ছাড়া সিঙ্গাপুর বন্দরে বেশ কিছু ট্যাংকার নিরাপত্তার পরীক্ষায় পাস করতে ব্যর্থ হওয়ায় সেগুলো বসিয়ে রাখা হয়েছে। ফলে তেলবাহী ট্যাংকারের বহরে নতুন ও রক্ষণাবেক্ষণের মধ্যে থাকা ট্যাংকার যুক্ত হলে আমদানিকারকদের শঙ্কা দূর হবে।
ভেসেলস ভ্যালু ডটকমের তথ্যানুসারে, নাম–পরিচয়হীন ক্রেতাদের কাছে বিক্রি হওয়া ট্যাংকারের গড় বয়স গত জুন মাসে ১৫ বছরে নেমে এসেছে। অথচ গত অক্টোবর মাসেই তা ছিল ১৯ বছর। অর্থাৎ নিরাপত্তাজনিত শঙ্কার প্রভাব অনুভূত হচ্ছে।
ডার্ক ফ্লিটের বৈশিষ্ট্য কী, তা এক কথায় বলা কঠিন। তবে সাধারণভাবে বলা যায়, যেসব জলযান জাহাজশিল্পের প্রমাণ মানদণ্ড বা পশ্চিমা মানদণ্ড অনুসারে তৈরি হয়নি এবং যেসব জলযানের মালিকের খোঁজ পাওয়া যায় না, সেগুলোই ডার্ক ফ্লিটের অংশ। যেসব জাহাজের বয়স ২০ বছর বা তার চেয়ে বেশি এবং যেগুলো ভাঙার সময় হয়ে গেছে, সে ধরনের জাহাজও ডার্ক ফ্লিট হিসেবে পরিচিত।
অনেক দেশই এসব পুরোনো জাহাজের বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছেন। যেমন ভারত গত বছর ২৫ বছরের বেশি বয়সী জাহাজ নিজেদের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করেছে।
জাহাজ চলাচলবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান অয়েল ব্রোকারেজ লিমিটেডের বৈশ্বিক গবেষণাপ্রধান অনুপ সিংহ বলেন, ‘অনেক জাহাজ ব্যবসায়ী নিষেধাজ্ঞাপ্রাপ্ত অপরিশোধিত তেল পরিবহনের বিষয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছেন, কারণ তাঁরা বুঝতে পারছেন এই ব্যবসা আরও অনেক দিন চলবে। তবে তাঁরা এখন দীর্ঘ মেয়াদের কথা ভেবে কম বয়সী জাহাজে বিনিয়োগের চিন্তা করছেন।’
যখন রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেল পরিবহনের বিষয়টি সামনে আসে, তখন পুরোনো বা ডার্ক ফ্লিটে এসব তেল পরিবহন করা প্রয়োজন হয়ে পড়েছিল। কারণ এসব জাহাজ ছিল সবচেয়ে সস্তা এবং সেগুলো পশ্চিমা সেবাদানকারী সংস্থাগুলোর অধীন চলত না। ফলে পশ্চিমাদের চোখ এড়িয়ে রাশিয়ার তেল পরিবহনে এগুলো জরুরি ছিল। রাশিয়ার অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারে বেঁধে দেয় পশ্চিমারা, তাই সেই নিষেধাজ্ঞা এড়াতেও এসব ডার্ক ফ্লিট জরুরি ছিল।
এ ছাড়া জাহাজের চাহিদা বেড়ে যাওয়ার কারণেও এসব ট্যাংকারের জীবনকাল বৃদ্ধি পায়। বিশ্বের জাহাজভাঙা শিল্প নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ক্লার্কসনের তথ্যানুসারে, গত সাত মাসে একটিও অপরিশোধিত তেলবাহী বড় ট্যাংকার ভাঙা হয়নি—১৯৭০ দশকের মধ্য সময়ের পর যেমনটা আর কখনো ঘটেনি।
তবে ট্রানজিটেও এসব জাহাজের এখন অনেক বেশি সময় লাগছে। যুদ্ধের পর রাশিয়ার তেলের ক্রেতা কমে গেছে। আগে রাশিয়া থেকে ইউরোপের দেশগুলোয় তেল পাঠাতে তেমন একটা সময় লাগত না, কিন্তু ভারত ও চীনে তেল পাঠাতে সময় অনেক বেশি লাগছে।
প্রকৃতির নিয়মেই পুরোনো জাহাজের জায়গায় নতুন জাহাজ আসবে। তবে ট্যাংকারের ব্রোকার ফার্নলেস শিপব্রোকার্স ইউকে লিমিটেডের হ্যাভলর ইলফসেন ইকোনমিক টাইমসকে বলেন, ‘পুরোনো জাহাজের এই কাটতি বাড়তে থাকলে বুঝতে হবে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলো থেকে তেল সরবরাহ আরও বাড়বে।’