পাকিস্তান: ভালো খাবার আজ যেখানে অনেকের কাছে ‘স্বপ্নের মতো’

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারিভাবে বিতরণ করা এক ব্যাগ ময়দার জন্য প্রতিদিন শত শত মানুষ লাইনে দাঁড়ান। এ দৃশ্য দেখা গেছে চলতি রমজান মাসে, যা এ সপ্তাহেই শেষ হচ্ছে। এক ব্যাগ করে ময়দা বিতরণ করা হয়েছে বিনা পয়সায়।

ইসলামাবাদ থেকে সিএনএন জানায়, দেশটির রেকর্ড মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান দারিদ্র্যের মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্চের শুরুতে ‘সবচেয়ে গরিব মানুষদের জন্য’ এ ত্রাণ দেওয়ার কথা ঘোষণা করেন।

বসন্তের কড়া রোদের মধ্যে লাইনে যারা দাঁড়িয়েছিলেন, তাঁদের একজন ২০ বছর বয়সী ওয়াকাস চৌধুরী। তিনি প্রযুক্তি খাতে চাকির করেন। জীবনে এর আগে কখনো তাঁকে এভাবে লাইনে দাঁড়াতে হয়নি। সেখানেই তিনি সিএনএনকে বলেন, ‘প্রতিটি জিনিসের দামই এত বেড়ে গেছে, বেঁচে থাকাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।’

গত এক মাসে খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষার সময় প্রায় ২৪ জন মানুষ মারা গেছেন। পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে মার্চে বিনা মূল্যে দেওয়া খাদ্যসামগ্রী সংগ্রহের সময় মানুষের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৩ নারী ও শিশু মারা যান।

মার্চ মাসের শেষ দিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকারি ময়দা বিতরণকেন্দ্রে মারা গিয়েছিলেন ৯ জন। পাকিস্তানের মানবাধিকার কমিশন পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল। তাদের ভাষায় এ ঘটনা ঘটেছিল ‘অব্যবস্থাপনার কারণে’।

পাকিস্তানে এখন এক অর্থনৈতিক সংকট চলছে এবং দেশটির ২০ কোটি মানুষের মধ্যে খুব অল্পসংখ্যকই এ সংকট এড়িয়ে যেতে পারছে। উচ্চ মূল্যস্ফীতি, ক্রমান্বয়ে মুদ্রার মান পড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার খুব কম মজুত—এসব কারণে খাদ্য ও জ্বালানির মতো পণ্য আমদানি করা যাচ্ছে না। এ কারণে গত বছর থেকে অর্থনৈতিক সংকট শুরু হয়।

গত গ্রীষ্মে প্রলয়ংকরী বন্যায় দেশটির আবাদযোগ্য জমির এক-তৃতীয়াংশ পানিতে তলিয়ে গিয়েছিল। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির হিসাবে, ৩ কোটি ৩০ লাখ পাকিস্তানি ওই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং অর্থনীতির ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে ৬৫০ কোটি ডলারের একটি ঋণ দিয়েছিল। কিন্তু গত নভেম্বরে থেকে ওই ঋণের কিস্তি ছাড় স্থগিত হয়ে রয়েছে। অর্থনীতিকে কোনোভাবে বাঁচিয়ে রাখতে সরকার এখন আইএমএফের সঙ্গে একটি সমঝোতায় পোঁছাতে চাইছে।

কিস্তির ১১০ কোটি ডলার ছাড় করতে আইএমএফ অবশ্য বেশ কিছু শর্ত দিয়েছে। এসবের মধ্যে রয়েছে দেশটির মুদ্রা রুপির বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়া এবং কর আদায় বাড়ানো।

টেকসই নয় ময়দা বিতরণ কর্মসূচি

সরকারি তথ্যে দেখা গেছে, এক বছর আগের তুলনায় এ বছরের মার্চে পাকিস্তানে মূল্যস্ফীতি রেকর্ড ৩৫ শতাংশে ওঠে। ফেব্রুয়ারি মাসে এ হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ। এর কারণ হলো, খাদ্য, পানীয় ও পরিবহনের খরচ এক বছর আগের তুলনায় ৫০ শতাংশ বেড়ে গেছে।

পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেখা গেছে, পাকিস্তানি জনগণের প্রধান খাদ্য ময়দার দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। বিরোধী নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সরকারের ময়দা বিতরণ কর্মসূচি ‘টেকসই নয়’ এবং এ কর্মসূচি ‘মানুষকে অপমান করছে’।

পাকিস্তান দীর্ঘ সময় ধরেই নানা রকম সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি বিশেষভাবে সংকটপূর্ণ। মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা রয়েছে।
গ্যালাপ ও জিলানি পাকিস্তান দুই হাজার মানুষের ওপর একটি জরিপ চালিয়েছিল। তাতে দেখা গেছে, ৭৫ শতাংশের সামান্য কমসংখ্যক মানুষ মনে করেন, গত ছয় মাসে দেশটির অর্থনীতির পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের অনিবাসী জ্যেষ্ঠ ফেলো আম্মার খান বলেন, বেশ কিছু কারণে খাদ্যের মূল্যস্ফীতি মারাত্মক হয়েছে। এসবের মধ্যে রয়েছে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের ফলে পৃথিবীজুড়ে শস্যের মূল্যবৃদ্ধি এবং মার্কিন ডলারের বিপরীতে রুপির রেকর্ড মূল্য পতন।

আম্মার খান বলেন, খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজন, এমন পশুখাদ্য ও অন্যান্য কাঁচামালের আমদানি করা যায়নি ডলার–সংকটের কারণে। ফলে খাদ্যসংকট কেবল চরমই হয়েছে, বেড়েছে ক্ষুধা। তাঁর মতে, একটা সম্ভাব্য সমাধান হতে পারে আইএমএফের সঙ্গে সমঝোতা, যেটা হলে ডলারে তহবিল বাড়বে এবং প্রয়োজনীয় আমদানি করা যাবে।

ব্যাপক চোরাচালান

খাদ্যসংকটের আরেকটি কারণ হলো খাদ্যের চোরাচালান। করাচিভিত্তিক খাদ্যনিরাপত্তা বিশ্লেষক আদিল মনসুর বলেন, ময়দার মতো খাদ্যপণ্য পাকিস্তানে প্রথমে মজুত করা হচ্ছে এবং এরপর তা কঠোরভাবে নিয়ন্ত্রিত আফগান সীমান্ত পার করে পাঠানো হচ্ছে মধ্য এশিয়ার দেশগুলোতে, যেখানে এসব পণ্যের খুব ভালো দাম মেলে।

বুধবারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ আবার হুঁশিয়ারি দিয়েছেন, চোরাচালানে জড়িত সবার বিরুদ্ধে সরকার ‘কঠোর ব্যবস্থা’ নেবে। রমজান মাস সবাইকে ধন্যবাদ জানানো এবং খাবার ভাগ করে খাওয়ার সময়। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে পরিবারগুলোতে উৎসবের পরিবেশ নেই। এই পবিত্র মাসে দান-খয়রাতের কাজটি গুরুত্বের সঙ্গে করা হয়। প্রতিবছর অনেক রেস্তোরাঁ বিনা পয়সায় ইফতারি বিতরণ করে।

তবে এ বছর এমন বিনা পয়সায় খাদ্যগ্রহীতার সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানাচ্ছে সায়লানি ওয়েলফেয়ার ইন্টারন্যাশনাল ট্রাস্ট। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান, যারা বিনা পয়সায় খাবার বিতরণ করে। বলা হচ্ছে, বেশির ভাগ মানুষের কাছে উদ্‌যাপন করার মতো খুব কম জিনিসই অবশিষ্ট রয়েছে।

একটি রেস্তোরাঁর সামনে খাবারের জন্য অপেক্ষা করছিলেন সৈয়দ নাসির। তিনি বলেন, ‘আমরা আমাদের বাচ্চাদের স্কুলের ফি দিতে পারছি না। আমরা ইফতার করছি মাত্র একটি খেজুর আর পানি দিয়ে। অন্য যেকোনো ভালো খাবার আজ আমাদের কাছে স্বপ্নের মতো।’

পাকিস্তানের অর্থনৈতিক নিরাশা কেবল এক ব্যাগ ময়দা দিয়ে কাটানো যাবে না। কারণ, এ রমজানে দেশটির বিপুলসংখ্যক মানুষ পেটে ক্ষুধা নিয়ে প্রতিদিন ঘুমাতে যাচ্ছেন।