
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে পশ্চিমারা রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়। রাশিয়াও ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়। পরিণামে ইউরোপের দেশে দেশে গ্যাস-বিদ্যুতের মূল্য অনেক বেড়ে যায়।
এরপর বিশ্ববাজারে গ্যাসের দাম কমলেও ইউরোপের গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম এখনো অনেক বেশি—দুই বছর আগের তুলনায় এখনো তা ৬৯ ও ১৪৫ শতাংশ বেশি। দ্য ইকোনমিস্টের সংবাদে বলা হয়েছে, জ্বালানির উচ্চ মূল্যের কারণে অনেক মানুষের মৃত্যু হতে পারে।
প্রভাবশালী এই সাময়িকী বলছে, এমনকি কোভিডে যত মানুষ মারা গেছে, গত শীতে ইউরোপে তার চেয়ে বেশি মানুষের মৃত্যু হতে পারে জ্বালানির উচ্চ মূল্যের কারণে। বিষয়টি হলো, শীতের দেশে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়লে মানুষ ঘরে হিটার ব্যবহার কমিয়ে দেয়। এতে মানুষ হৃদ্রোগ ও শ্বাসতন্ত্রের সমস্যায় পড়তে পারেন।
গত নভেম্বরে ইকোনমিস্টের পূর্বাভাস ছিল, ইউরোপে মৃদু শীতের মধ্যেও বিদ্যুতের উচ্চ মূল্যের কারণে ২২ হাজার থেকে ১ লাখ ৩৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে তাদের সেই পূর্বাভাস ঠিক প্রমাণিত হয়েছে বলে মনে করছে তারা।
এই হিসাব করতে ইকোনমিস্ট গত শীতকালে অতিরিক্ত মৃত্যুর হিসাব করেছে। দেখা গেছে, ইউরোপের ২৮টি দেশে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার অতিরিক্ত মৃত্যু হয়েছে।
এর পেছনে নানা কারণ থাকতে পারে বলে মনে করে ইকোনমিস্ট। গত শীতকালে যত মৃত্যু হয়েছে, তার মধ্যে ৬০ হাজার কোভিড-১৯–এর কারণে হয়েছে। এ রোগের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৃত্যুর হার বেড়েছে। কিন্তু গত শীতকালে যত অতিরিক্ত মৃত্যু হয়েছে, তার সবই যে কোভিডের কারণে হয়েছে, সেই সম্ভাবনা কম।
২০২০ সালের মার্চ মাস থেকে ২০২২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ইউরোপের ২৮টি দেশে যত অতিরিক্ত মৃত্যু হয়েছে, তার ৭৯ শতাংশ হয়েছে কোভিডের কারণে, এটা সরকারি পরিসংখ্যান। গত শীতে সেটা ছিল ৪০ শতাংশ।
দ্য ইকোনমিস্ট বলছে, আবহাওয়ার কারণেও মৃত্যু বেড়েছে। গত ডিসেম্বর মাসে শীত বেড়ে গেলে মৃত্যুর হার বেড়ে যায়। তিন সপ্তাহের জন্য গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমে গেলে মৃত্যুর হার ২ দশমিক ২ শতাংশ বাড়তে পারে। তবে ২০১৫-১৯ সালের তুলনায় গত শীতকাল তুলনামূলকভাবে মৃদু ছিল, সে কারণে সব অতিরিক্ত মৃত্যুর কারণ হিসেবে শীতকে দায়ী করা যায় না।
ফলে ইকোনমিস্ট মনে করছে, এ ক্ষেত্রে জ্বালানির উচ্চ মূল্যের প্রভাব আছে। যেসব দেশে জ্বালানির দাম সবচেয়ে বেশি বেড়েছে, সেসব দেশে অতিরিক্ত মৃত্যুর হার বেশি।
দ্য ইকোনমিস্টের হিসাব, বিদ্যুতের দাম প্রতি কিলোওয়াট–ঘণ্টায় শূন্য দশমিক ১০ ইউরো বৃদ্ধির সঙ্গে ইউরোপের দেশগুলোর সাপ্তাহিক মৃত্যুর সম্পর্ক আছে—২ দশমিক ২ শতাংশ অতিরিক্ত মৃত্যুর ক্ষেত্রে এর ভূমিকা আছে। ইকোনমিস্টের মডেল অনুযায়ী, গত শীতে ইউরোপে বিদ্যুতের দাম ২০২০ সালের সমান থাকলে ৬৮ হাজার মৃত্যু এড়ানো যেত।
তবে ইউরোপের সরকারগুলো বিদ্যুতের বাজারে হস্তক্ষেপ না করলে মৃত্যু আরও বেশি হতে পারত বলে মনে করে দ্য ইকোনমিস্ট। তাদের মডেল অনুসারে, জ্বালানি ভর্তুকির কারণে ২৬ হাজার মানুষের জীবন সম্ভবত বেঁচে গেছে। জ্বালানির পাইকারি মূল্য কমে যাওয়া এবং তাপমাত্রার বৃদ্ধির কারণে মনে হতে পারে, তাৎক্ষণিক হুমকি দূর হয়েছে। তবে এটা পরিষ্কার, ভ্লাদিমির পুতিনের জ্বালানি অস্ত্র খুবই মারাত্মক ছিল।