ওয়ান এমডিবি কেলেঙ্কারি

মালয়েশিয়ার গোল্ডম্যান স্যাকসের সাবেক প্রধানের কারাদণ্ড

বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের মালয়েশিয়া শাখার সাবেক প্রধান রজার এনজিকে দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হচ্ছে। গত বছর তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর সম্প্রতি এক মার্কিন আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তহবিল ওয়ান এমডিবির তহবিল থেকে অর্থ লুট করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে রজার এনজিকে। খবর বিসিসি

এনজির বিরুদ্ধে মালয়েশিয়া সরকারকে প্রতারিত করার সঙ্গে জড়িত থাকা এবং গোল্ডম্যান স্যাকসের কর্মকর্তাদের আন্ডাররাইটিং ও ব্যবস্থাপনার মাধ্যমে ৬৫০ কোটি ডলার সমমূল্যের বন্ড ক্রয়ের অভিযোগ আনা হয়েছিল। এসব বন্ডের অনুমোদন পেতে সাহায্য করেছেন ওয়ান এমডিবির কয়েকটি অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তারা। ওয়ান এমডিবির এসব কর্মকর্তা কমিশনের বিনিময়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে কিংবা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে গোল্ডম্যান স্যাকসের অঙ্গপ্রতিষ্ঠানগুলোকে কয়েক কোটি ডলারের বন্ড পেতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ ওঠে।

রাজার এনজির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অর্থ পাচার ও সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। চুরি করা অর্থ তিনি নিজের সম্পত্তি বৃদ্ধিতে ব্যবহার করেছেন এবং জানা যায়, ‘উলফ অব ওয়াল স্ট্রিট’ নামের একটি সিনেমায়ও তিনি বিনিয়োগ করেছেন। তিনি ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছর গোল্ডম্যান স্যাকসে কাজ করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডম্যান স্যাকসের ব্যাংকাররা অর্থ পাচারের ঘটনায় সাহায্য করেছিলেন এবং সেই অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য মালয়েশিয়া ও আবুধারির সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। আর এসব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন রজার এনজি। এ ঘটনায় রজারের সঙ্গে যুক্ত ছিলেন তাঁর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা টিম লেইসনার। টিম লেইসনারকে বিনিয়োগকারী জো লোর সঙ্গে রজার এনজি পরিচয় করিয়ে দিয়েছিল।

পরে লেইসনার ২০১৮ সালে মানি লন্ডারিং ও ঘুষের অভিযোগ স্বীকার করে এবং এনজির বিরুদ্ধে সাক্ষ্য দেন। বিচারে লেইসনারের সাজা কমতে পারে বলে আশা করে হচ্ছে। এ ঘটনায় জো লোকেও অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

২০১২ ও ২০১৩ সালে মালয়েশিয়ার উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য গোল্ডম্যান এমডিবিকে ৬ দশমিক ৫ বিলিয়ন বা ৬৫০ কোটি ডলার সংগ্রহ করে দেয়। কর্তৃপক্ষ বলছে, তাঁর ৪৫০ কোটি ডলারের বেশি অর্থই চুরি হয়ে গেছে।

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল ব্রিয়ান পিস বলেছেন, এই জঘন্যতম কাজের মূলে ছিলেন রজার এনজি। তিনি শুধু মালয়েশিয়ার জনগণের ক্ষতি করেনি; বরং বিশ্বব্যাপী সরকার, বাজার, ব্যবসা ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন করেছেন।

মালয়েশিয়ায় অর্থনৈতিক উন্নয়নের গতি বৃদ্ধি করতে ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ান এমডিবি) গঠন করেন।

তহবিলের বড় একটি অংশ সংগ্রহে গোল্ডম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে খোদ নাজিবের বিরুদ্ধেই ওয়ান এমডিবি তহবিলের ৭০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ ওঠে এবং এ কেলেঙ্কারির জেরে তিনি ক্ষমতা হারিয়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করেন।