কৃত্রিম বুদ্ধিমত্তা ২৭ শতাংশ চাকরি হুমকিতে ফেলতে পারে: ওইসিডি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের কাজ কেড়ে নেবে কি না, এ নিয়ে চলছে তুমুল জল্পনাকল্পনা। এর মধ্যে ধনী ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ওইসিডি বলেছে, এই দেশগুলোর এক-চতুর্থাংশের বেশি চাকরিতে যেসব দক্ষতা প্রয়োজন, তা সহাজেই অটোমেশনের মাধ্যমে করানো সম্ভব। অর্থাৎ মানুষের বদলে প্রযুক্তি দিয়ে এসব কাজ করানো সম্ভব।
ওইসিডি বলেছে, চাকরি-বাকরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বড় ধরনের প্রভাব পড়েছে, এখনো তেমন নজির নেই, কারণ এই বিপ্লব এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তবে চ্যাটজিপিটির মতো চ্যাটবটের উদ্ভব, এআই ব্যবহারের দক্ষতাসম্পন্ন কর্মীদের সংখ্যাবৃদ্ধি ও আরও কিছু কারণে ওইসিডি মনে করছে, এই দেশগুলো এআই–বিপ্লবের দ্বারপ্রান্তে। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে এই তথ্য দেওয়া হয়েছে।

সংবাদে বলা হয়েছে, ওইসিডিভুক্ত দেশগুলোয় ২৭ শতাংশ কাজ অটোমেশনের আওতায় আসতে পারে, বিশেষ করে পূর্ব ইউরোপীয় দেশগুলো এ কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। ২০২৩ সালের কর্মসংস্থানবিষয়ক এক প্রতিবেদনে ওইসডি এসব তথ্য দিয়েছে। গত বছরের এক জরিপের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
তবে এআই নিয়ে শঙ্কার মধ্যেও শ্রমিকেরা কিছু ইতিবাচক কথাও বলেছেন। সেটা হলো, এআই আসার কারণে তাঁদের কাজ এখন আর অতটা বিপজ্জনক নয় এবং সেই সঙ্গে তাঁদের কাজে এখন আর অতটা একঘেয়েমি নেই।
আর্থিক ও উৎপাদনশীল খাতে কাজ করা ৬৩ শতাংশ কর্মী বলেছেন, এআইয়ের কারণে তাদের কাজ আগের চেয়ে বেশি উপভোগ্য হয়েছে।

তবে জরিপে অংশ নেওয়া প্রতি পাঁচজন কর্মীর মধ্যে তিনজন বলেছে, এআইয়ের কারণে আগামী ১০ বছরে তাঁরা চাকরি হারাতে পারেন। সাতটি ওইসিডিভুক্ত দেশের দুই হাজার ফার্মে কর্মরত ৫ হাজার ৩০০ কর্মীর ওপর এই জরিপ পরিচালনা করা হয়েছে।
ওইসিডির সাধারণ সম্পাদক ম্যাথিয়াস কোরম্যান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এআই শ্রমিকদের ওপর কী প্রভাব ফেলবে বা এর সুবিধা কি অসুবিধার চেয়ে বেশি না কম হবে, তা নির্ভর করবে সরকারের নীতির ওপর।’ অর্থাৎ সঠিক নীতি গৃহীত হলে এআই অসুবিধার চেয়ে সুবিধাই বেশি দেবে।
ম্যাথিয়াস আরও বলেন, এই বাস্তবতায় সরকারের উচিত হবে এআইয়ের সুযোগ নেওয়া এবং এর কারণে যেসব পরিবর্তন আসছে, শ্রমিকদের সেগুলোর জন্য প্রস্তুত করা।
ওইসিডির প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত দেশগুলোয় এআই নিয়ে আইন হচ্ছে। অর্থাৎ এআইয়ের ব্যবহার যেন নিরাপদ, স্বচ্ছ ও বৈষম্যমূলক না হয়, তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডায় ইতিমধ্যে আইন হয়েছে। অন্যান্য দেশেও এ ধরনের আইন হওয়া প্রয়োজন বলে তারা মনে করছে।

ওইসিডি আরও বলেছে, এআইয়ের কারণে শ্রমিকদের মজুরি কমতে পারে, সে জন্য দরকার হচ্ছে ন্যূনতম মজুরি নির্ধারণ এবং যৌথ দর-কষাকষি। শ্রমিকদের অধিকার যেন ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
তবে ওইসিডির এই জরিপ গত বছর করা হয়েছিল, তখন পর্যন্ত চ্যাটজিপিটি আসেনি। এই চ্যাটবট আসার পর এআইয়ের পরিস্থিতি বদলে গেছে।
কয়েক বছর ধরেই প্রযুক্তির অভাবনীয় উন্নতি ও শিল্পক্ষেত্রে অটোমেশনের প্রভাব নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। বিশেষ করে কোভিডের সময় প্রযুক্তির বিকাশ ও ব্যবহার আরও ত্বরান্বিত হয়েছে। বলা হচ্ছে, প্রযুক্তির এই অভাবনীয় বিকাশের যুগে নিম্ন দক্ষতার মানুষের কাজ চলে যাবে। টিকে থাকতে হলে মানুষকে দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে।

কিন্তু বিশ্লেষকেরা বলছেন, মানুষের পক্ষে বা কত মানুষের পক্ষে এভাবে দক্ষতার উন্নয়ন ঘটিয়ে টিকে থাকা সম্ভব, এটা একটা প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও তার নির্মাতারা এত চৌকস যে তা খুব সহজেই মানুষকে ছাড়িয়ে যাবে—এমন সম্ভাবনা প্রবল। মানুষ যতই দক্ষতার উন্নয়ন করুক না কেন, কৃত্রিম বুদ্ধিমত্তা তার চেয়ে এগিয়ে থাকবে।
বিশ্লেষকেরা বলছেন, ইতিমধ্যে সৃজনশীল জগতের অনেক কাজই কৃত্রিম বুদ্ধিমত্তা করে দিচ্ছে। সিনেমার এক্সট্রা শিল্পী, গীতিকার ও অডিও বইয়ের ভাষ্য তৈরি—এসব কাজের জন্য মানুষের প্রয়োজন পড়ছে না।

সে কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার জনকেরাই এখন রীতিমতো শঙ্কিত। তাঁরা এর ব্যবহার নিয়ে সতর্কবাণী দিচ্ছেন। অনেকেই মনে করছেন, এটি একসময় মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।