এইচএসবিসির এশিয়ার ব্যবসা পৃথক করার দাবি তোলা হচ্ছে গত বছর থেকেই। কিন্তু এইচএসবিসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের প্রতি জোর সুপারিশ জানিয়েছে, তারা যেন বার্ষিক সভায় ব্যবসা বিভক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। তাদের যুক্তি, ব্যবসা পৃথক করা হলে শেয়ারহোল্ডারদের ‘বস্তুগত ক্ষতি’ হবে, লভ্যাংশ কমে যাবে। খবর দ্য গার্ডিয়ানের।
ব্যাংকটির পরিচালনা পর্ষদ বুধবার সতর্ক করে বলেছে, এইচএসবিসির সবচেয়ে লাভজনক এশিয়া ব্যবসা পৃথক করতে হলে অন্তত ২৫টি ভিন্ন ভিন্ন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাগবে। এতে ব্যাংকটি গ্রাহকসেবায় পরিবর্তন আনতে বাধ্য হবে।
লন্ডনভিত্তিক ব্যাংকটির পরিচালনা পর্ষদ আরও বলেছে, এশিয়ার ব্যবসা পৃথক করা হলে আগামী কয়েক বছর ধরে অনিশ্চয়তার মুখে থাকতে হবে। এতে কর্মী ও গ্রাহকেরা বিক্ষিপ্ত ও মারাত্মকভাবে প্রভাবিত হবেন।
কেন লুই নামের এক বিনিয়োগকারীর নেতৃত্বে এইচএসবিসি বিভক্ত করার প্রস্তাব দিয়েছে বিনিয়োগকারীদের একটি গোষ্ঠী। কেন লুই বড় বিনিয়োগকারী না হলেও বড়দের সমর্থন তিনি পেয়েছেন। ইংল্যান্ডের বার্মিংহামে আগামী ৫ মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা হবে।
মহামারির সময় ব্যাংকটি লভ্যাংশ দেয়নি। সেই সঙ্গে পরবর্তীকালে লভ্যাংশের হার নিয়েও বিনিয়োগকারীদের আপত্তি আছে। সেই ক্ষোভ থেকে এক বছরের বেশি সময় আগে ব্যাংকটি বিভক্ত করার দাবি ওঠে।
এখন এইচএসবিসির পরিচালনা পর্ষদ বলছে, বার্ষিক সভায় বিনিয়োগকারীরা এ বিতর্কের অবসান ঘটাতে পারেন। তারা বলছে, বিভক্ত করার এ প্রস্তাব প্রত্যাখ্যাত হলে ব্যাংকটি শক্তিশালী করার উদ্যোগ আরও গতি পাবে এবং বিনিয়োগকারীদের মুনাফাও বৃদ্ধি করা যাবে।
এইচএসবিসির সবচেয়ে ভালো ব্যবসা হংকংয়ে। সেখানকার শেয়ারহোল্ডাররা মনে করেন, অন্য অঞ্চলের কার্যক্রমের কারণে লন্ডনভিত্তিক এ ব্যাংকের সার্বিক ব্যবসায় প্রভাব পড়ছে এবং সব মিলিয়ে ব্যবসা ভালো যাচ্ছে না।
৩ এপ্রিল হংকংয়ে শেয়ারহোল্ডারদের এক অনানুষ্ঠানিক বৈঠক হয়। সিএনএনের সংবাদে জানা যায়, সেখানে এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা নোয়েল কুইন বলেন, ‘অন্য অঞ্চলে ব্যাংকের খারাপ ব্যবসার কারণে হংকং ও যুক্তরাজ্যে আমাদের মুনাফা কমে যাচ্ছে না। সব মিলিয়ে আমাদের ব্যাংকিং গ্রুপ ভালো করছে।’
তবে একজন শেয়ারহোল্ডার প্রসঙ্গটি পরে আবারও তুললে নোয়েল কুইন বলেন, এইচএসবিসি বিভক্ত করলে ‘বড় রকমের রাজস্ব ক্ষতি’ হবে। কারণ, ব্যাংকটির ব্যবসার একটি বড় অংশই আন্তসীমান্ত লেনদেনের ওপর নির্ভরশীল।
ব্রিটিশ নিয়ন্ত্রকদের অনুরোধে এইচএসবিসি ২০২০ সালে লভ্যাংশ বাতিল করেছিল। বিনিয়োগকারীরা তা নিয়েও অসন্তুষ্ট। তাই তাঁরা যুক্তি দেন, এশিয়ার ব্যবসা যদি এশিয়ার মধ্যেই সীমিত রাখা যায়, তবে হংকংয়ের শেয়ারহোল্ডাররা অন্য কোনো দেশের অনুরোধ-উপরোধের কারণে ক্ষতির শিকার হবেন না।
হংকংয়ের জেলা পরিষদের এক সদস্য ক্রিস্টিন ফং সেই বৈঠকে বলেন, তিনি এমন ৫০০ ক্ষুদ্র শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব করছেন, যাঁরা ২০২০ সালে লভ্যাংশ বাতিল হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিএনএনকে তিনি বলেন, ফুটপাতের হকার, ট্যাক্সিচালক কিংবা শিক্ষক—সবাই বাড়ির ঋণ পরিশোধ, বিমার কিস্তি ও স্কুলের বেতন দিতে লভ্যাংশের ওপর নির্ভরশীল।
ক্রিস্টিন ফং আরও বলেন, ঠিক সে কারণেই তিন বছর আগে এইচএসবিসি যা করেছে, তার কারণে ক্ষুদ্র শেয়ারহোল্ডাররা বিপর্যস্ত হয়েছেন। এইচএসবিসি ২০২১ সালে অবশ্য লভ্যাংশ দিয়েছে, যদিও তা আগের তুলনায় কম। তবে ক্রিস্টিন ফং এখন সেই শেয়ারহোল্ডারদের সঙ্গে যোগ দিয়েছেন, যাঁরা চান ব্যাংকটির এশিয়ার ব্যবসা আলাদা করা হোক।
মে মাসের বৈঠকে ব্যাংকটি বিভক্ত করার প্রস্তাব পাস হতে ৭৫ শতাংশ ভোটের প্রয়োজন হবে। এদিকে যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের পর ব্যাংকটির যুক্তরাজ্য শাখা মাত্র ১ পাউন্ডের বিনিময়ে কিনে নেয় এইচএসবিসি। ৩ এপ্রিলের বৈঠকে এ নিয়েও প্রশ্ন ওঠে। যে দ্রুততার সঙ্গে চুক্তিটি করা হয়েছে, তাতে প্রশ্ন উঠেছে, সিলিকন ভ্যালি ব্যাংকের গ্রাহকদের বিষয়গুলো এইচএসবিসি কতটা ভালোভাবে খতিয়ে দেখতে পারবে।